সোমবার ১৭ আগস্ট ২০২৬ - ১৪:৫৯
আয়াতুল্লাহ আলী রেজা আরাফি রোমানিয়ার গ্র্যান্ড মুফতিকে লেখা চিঠিতে ইসলামী ঐক্যের ওপর জোর দিয়েছেন

ইরানের হাওজা ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ আলী রেজা আরাফি রোমানিয়ার গ্র্যান্ড মুফতিকে লেখা এক চিঠিতে ইসলামী ঐক্য ও বিভেদ পরিহারের ওপর জোর দিয়ে বলেছেন, ইরানের হাওজা ইলমিয়া ও রোমানিয়ার মুসলিম সমাজের মধ্যে বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও নৈতিক সহযোগিতা চরমপন্থা এবং সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ হতে পারে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের হাওজা ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ আলী রেজা আরাফি রোমানিয়ার গ্র্যান্ড মুফতি ও মুসলিমদের ধর্মীয় নেতা শায়খ ইউসুফ মুরাদকে উদ্দেশ করে লেখা এক চিঠিতে মুসলিম বিশ্বে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও যেকোনো ধরনের বিভেদ পরিহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

হাওজা ইলমিয়ার ধর্ম ও মাজহাববিষয়ক কার্যালয়ের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমিন মুহাম্মাদ সাদেক আমিনুদ্দিন রোমানিয়ার কনস্টানৎসা শহর সফরের সময় চিঠিটি মুফতির কাছে হস্তান্তর করেন। এটিকে ইরানের হাওজা ইলমিয়া ও রোমানিয়ার মুসলিম সমাজের মধ্যে ব্যাপক বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতার সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পবিত্র কোরআনের আয়াত ও মহানবী (সা.)-এর জীবনাদর্শের আলোকে রচিত এই চিঠিতে মুসলিম উম্মাহর ঐক্যের কৌশলগত গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামী মাজহাবগুলোর মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার অর্থ ফিকহি ও আকিদাগত পার্থক্যগুলো উপেক্ষা করা নয়; বরং অভিন্ন বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া এবং মুসলিম বিশ্বের সামনে থাকা বড় চ্যালেঞ্জ-যেমন সাংস্কৃতিক আগ্রাসন, পরিবারব্যবস্থার দুর্বলতা ও চরমপন্থা-মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা করা। ইসলামী সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রচারে রোমানিয়ার মুফতির মূল্যবান ভূমিকার কথাও উল্লেখ করে তাঁর কর্মকাণ্ডের প্রশংসা করা হয়েছে।

চিঠির আরেক অংশে হাওজা ইলমিয়ার পরিচালক রোমানিয়ার দারুল ইফতার সঙ্গে তিনটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ সহযোগিতার জন্য ইরানের হাওজা ইলমিয়ার প্রস্তুতির কথা জানান। ক্ষেত্রগুলো হলো-শিক্ষা ও গবেষণা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম এবং আধ্যাত্মিক ও নৈতিক বিষয়। তুলনামূলক ফিকহ, ইসলামী কালাম ও ইসলামের ইতিহাসে শিক্ষক ও গবেষক বিনিময়, ইসলামী ঐক্য, তরুণ সমাজ ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং অভিন্ন সুফি ও নৈতিক ঐতিহ্যের প্রতি গুরুত্ব দেওয়াকে সহযোগিতার প্রস্তাবিত ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সব মুসলমানের অভিন্ন ভিত্তি হিসেবে কোরআনবিষয়ক অধ্যয়ন ও তুলনামূলক তাফসির পুনরুজ্জীবনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

চিঠির শেষে শিয়া মাজহাবের শীর্ষস্থানীয় আলেমদের আহলে সুন্নাতের পবিত্র ব্যক্তিত্ব ও ধর্মীয় নিদর্শনের প্রতি অবমাননা নিষিদ্ধ-সংক্রান্ত ফতোয়ার উল্লেখ করে একে অপরের পবিত্র বিষয় ও ধর্মীয় ব্যক্তিত্বকে গালি বা অবমাননা করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হিসেবে তাকওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

হাওজা ইলমিয়ার পরিচালক তাঁর চিঠিতে রোমানিয়ার মুসলিম সমাজের সঙ্গে ব্যাপক সহযোগিতাকে ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রকৃত ইসলামী ঐতিহ্য সংরক্ষণ এবং চরমপন্থা ও বিদআত মোকাবিলায় একটি কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি রোমানিয়ার গ্র্যান্ড মুফতি এবং দেশটির সব মুসলিম ভাইয়ের জন্য মহান আল্লাহর কাছে সাফল্য ও সম্মান কামনা করেছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha