মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৪৫
প্রতিবেশীদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন হামলার বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি

প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড, আকাশসীমা ও বিভিন্ন স্থাপনা ব্যবহার করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ও খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করা হলে সংশ্লিষ্ট স্থানও ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক কয়েকটি দেশ ইরানের কাছে তাদের ভূখণ্ড ব্যবহার না করার বিষয়ে নিশ্চয়তা দিলেও যুক্তরাষ্ট্র আগের সতর্কতাগুলো উপেক্ষা করে সেসব দেশের ভূখণ্ড, আকাশসীমা ও স্থাপনা ব্যবহার করে ইরানে হামলা অব্যাহত রেখেছে। ইরানের সামরিক কর্তৃপক্ষ এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে।

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে এবং এসব দেশের সঙ্গে সংঘাত চায় না। তবে কোনো দেশের ভূখণ্ড বা আকাশসীমা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের পরিস্থিতিতে হামলার উৎসের বিরুদ্ধে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন মার্কিন হামলার ক্ষেত্রে আগের তুলনায় “অনেক বেশি কঠোর” প্রতিক্রিয়া জানানো হবে। ইরানের সামরিক নেতৃত্বের ভাষ্য অনুযায়ী, গত রাতের পাল্টা সামরিক অভিযানে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও সেনাবাহিনী তাদের প্রতিক্রিয়ার সক্ষমতা ইতোমধ্যে দেখিয়েছে।

ইরানের সামরিক কর্তৃপক্ষ আরও বলেছে, যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত এ অঞ্চল থেকে সরে যেতে হবে। একই সঙ্গে যেসব দেশ বা স্থাপনা থেকে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালিত হবে, সেগুলোর ব্যাপারেও সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করা হয়েছে।

ওয়াশিংটনকে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের সংকল্পকে বারবার পরীক্ষা না করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, নতুন কোনো হামলা হলে তার জবাব আরও কঠোর হবে।

সূত্র: প্রেস টিভি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha