হাওজা নিউজ এজেন্সি: সিরিক দ্বীপের কোহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার কথা উল্লেখ করে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি বলেন, নিরপরাধ ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত এই নৃশংস হামলার হোতাদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও তাদের অপরাধের জন্য চড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, ভীতির পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শত্রুর কাপুরুষোচিত ষড়যন্ত্রগুলো ইরানিদের ইস্পাতকঠিন সংকল্পের সামনে তাদের অসহায়ত্বেরই প্রমাণ।
তিনি আরও বলেন, “আইআরজিসি শহীদদের মর্যাদা রক্ষার অঙ্গীকার করছে এবং সারা দেশে সব ইরানির জন্য অবিচল নিরাপত্তা প্রতিষ্ঠায় দৃঢ়সংকল্পবদ্ধ।”
মেজর জেনারেল ভাহিদি তার বার্তায় বলেন, “নিরপরাধ বেসামরিক নাগরিকদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি এবং মহান ইরানি জাতির জীবন থেকে আনন্দ ও স্বস্তি কেড়ে নেওয়ার লক্ষ্যে পরিচালিত এই সন্ত্রাসী ও অমানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবারও আমেরিকার অশুভ ও দানবীয় চেহারা বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে।”
তিনি বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমির নিরাপদ আশ্রয়ে একটি বিয়ের অনুষ্ঠানে নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের ওপর সংঘটিত এই ভয়াবহ অপরাধ বিপ্লব ও ইসলামি ব্যবস্থার শত্রুদের দীর্ঘদিনের শত্রুতা ও বিদ্বেষের গভীরতা এবং এই ভূখণ্ডের মানুষের প্রতিরোধ ও ইস্পাতকঠিন সংকল্পের সামনে তাদের অসহায়ত্ব ও হতাশা স্পষ্ট করে।”
মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন করে মার্কিন বাহিনী সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানকে মর্মান্তিক ঘটনায় পরিণত করেছে। তারা একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করে। এই নৃশংস হামলায় প্রায় ৭০ জন নিরপরাধ মানুষ আহত হন। তাঁদের মধ্যে একটি শিশুসহ চারজন নিহত হয়ে শহীদ হন।
আপনার কমেন্ট