শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:৩০
ইরানের তেল বাণিজ্যে যুক্ত চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বেইজিং

ইরানের তেল বাণিজ্যে যুক্ত চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বেইজিং

পাঁচ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে ‘ব্লকিং অর্ডার’ জারি

ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত পাঁচটি চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা মানবে না বেইজিং। মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর ও মেনে চলা ঠেকাতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি ‘ব্লকিং অর্ডার’ জারি করেছে।

হাওজা নিউজ এজেন্সি: ২ সেপ্টেম্বর চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ইরানের তেল লেনদেনে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র পাঁচটি চীনা কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পদ জব্দ এবং লেনদেন নিষিদ্ধসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো হেংলি পেট্রোকেমিক্যাল (দালিয়ান) রিফাইনিং, শানডং শৌগুয়াং লুচিং পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই শিনহাই কেমিক্যাল গ্রুপ এবং শানডং শেংশিং কেমিক্যাল।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, মার্কিন নিষেধাজ্ঞা চীনা প্রতিষ্ঠানগুলোর তৃতীয় দেশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমকে অন্যায্যভাবে সীমিত করছে। বেইজিংয়ের মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী।

চীন জানিয়েছে, সংশ্লিষ্ট পাঁচ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা স্বীকৃতি দেওয়া, কার্যকর করা বা মেনে চলা যাবে না। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন-স্বার্থ এবং চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের বৈধ অধিকার রক্ষায় বিদ্যমান চীনা আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চীনের এই পদক্ষেপের গুরুত্ব আরও বেশি, কারণ দেশটির বেসরকারি ‘টিপট’ শোধনাগারগুলো ইরানি অপরিশোধিত তেলের বড় ক্রেতা। ইরানের তেল রপ্তানি থেকে আয় কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে ইরানি তেল কেনাবেচার সঙ্গে যুক্ত চীনা শোধনাগার ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ নির্দিষ্ট চীনা কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ‘ব্লকিং অর্ডার’ প্রয়োগ করল বেইজিং।

চীন দীর্ঘদিন ধরেই জাতিসংঘের অনুমোদন ও আন্তর্জাতিক আইনের ভিত্তি ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। নতুন এই পদক্ষেপের মাধ্যমে বেইজিং শুধু কূটনৈতিক আপত্তি নয়, বরং নিজস্ব আইনি কাঠামোর মাধ্যমেও মার্কিন ‘অতিরাষ্ট্রীয়’ বা ‘এক্সট্রাটেরিটোরিয়াল’ নিষেধাজ্ঞা মোকাবিলার অবস্থান স্পষ্ট করল।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইরানের তেল বাণিজ্যকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধকে আরও তীব্র করতে পারে। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা বিশ্বের তৃতীয় দেশের কোম্পানির ওপর কতটা কার্যকরভাবে প্রয়োগ করা যাবে, তা নিয়েও বেইজিং-ওয়াশিংটনের মধ্যে নতুন আইনি ও কূটনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha