রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:১৭
ইয়েমেনের দুই প্রদেশে সৌদি হামলা অব্যাহত; বাণিজ্যিক কেন্দ্রে হামলা

ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে, সা‘দা প্রদেশের ‘মারান’ এবং তায়িজ প্রদেশের ‘আত-তা‘যিয়্যাহ’ জেলায় সৌদি আরব ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনি গণমাধ্যম আজ রোববার সা‘দা প্রদেশের ‘মারান’ এবং তায়িজ প্রদেশের ‘আত-তা‘যিয়্যাহ’ জেলায় সৌদি আরবের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে।

ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ইয়েমেনের বিভিন্ন শহরে সৌদি আরবের হামলা অব্যাহত থাকার অংশ হিসেবে সৌদি বাহিনী সা‘দা প্রদেশের ‘মারান’ জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সময়ে সৌদি যুদ্ধবিমান তায়িজ প্রদেশের ‘আত-তা‘যিয়্যাহ’ জেলায় চার দফায় বোমাবর্ষণ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুদ্ধবিমান সা‘দা প্রদেশের ‘বাকিম’ জেলায় দুই দফায় বিমান হামলা চালিয়েছে। একই সময়ে এসব যুদ্ধবিমান ‘মারান’ ও ‘সাকিন’ জেলায়ও কয়েক দফায় বোমাবর্ষণ করেছে বলে জানা গেছে।

তায়িজে বাণিজ্যিক বাজারে সৌদি যুদ্ধবিমানের হামলা; নিহত ও আহত

ইয়েমেনের আল-মাসিরাহ নেটওয়ার্ক আরও জানিয়েছে, সৌদি আরবের যুদ্ধবিমান তায়িজ প্রদেশের আত-তা‘যিয়্যাহ জেলার মাওয়িয়াহ মোড়ে অবস্থিত একটি বাজারের বাণিজ্যিক দোকানগুলোতে বিমান হামলা চালিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিক নিহত ও আহত হয়েছেন। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত নিহত ও আহতদের সঠিক সংখ্যা জানানো হয়নি।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি এর আগে জানিয়েছিলেন, সৌদি আরবের ‘এফ-১৫’ ও ‘টাইফুন’ যুদ্ধবিমান ‘খামিস মুশাইত’ ও ‘তায়িফ’ ঘাঁটি থেকে উড্ডয়ন করে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। পাশাপাশি নাজরান ও জিজান থেকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের ওপর সৌদি আরবের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের তথ্য অনুযায়ী, নতুন করে উত্তেজনা শুরুর পর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ সৌদি হামলার মোট সংখ্যা ১,০৫৯টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় পৌঁছেছে।

সা‘দা প্রদেশ ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ২০১৫ সাল থেকে এই প্রদেশ বারবার বিমান, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের লক্ষ্যবস্তু হয়েছে। এ প্রদেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে কাতাবের, রাজেহ, গামর ও আজ-জাহির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তায়িজ প্রদেশও ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি উত্তেজনাপূর্ণ এলাকা। আল-মাসিরাহ নেটওয়ার্ক জানিয়েছে, তায়িজের ‘যুবাব’ এলাকায় একটি স্থানীয় বাজারও সৌদি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha