হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মানুষের জীবনের সর্বোচ্চ মর্যাদা তখনই অর্জিত হয়, যখন তার হৃদয় আল্লাহর ভয়ে কাঁপে এবং তার চোখে অশ্রু ঝরে। এই অশ্রু কোনো দুর্বলতার প্রকাশ নয়; বরং এটি ঈমানের গভীরতা, আত্মার জাগরণ ও আল্লাহর মহত্ত্বের উপলব্ধির প্রতিফলন। কুরআন ও হাদীস উভয়েই আল্লাহভীতির এই কান্নার মর্যাদা অসীমভাবে বর্ণিত হয়েছে।
জালেমের দুই ভয়ঙ্কর মুহূর্ত
একজন জালেম-যে মানুষকে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, আল্লাহর নির্দেশ অমান্য করেছে-তার জন্য আখিরাতে দুইটি ভয়াবহ মুহূর্ত অপেক্ষা করছে।
প্রথম মুহূর্ত হলো-যখন তার হিসাব-নিকাশ শেষ হয়ে যাবে এবং সে প্রথমবারের মতো জাহান্নামকে দেখবে। সেই দৃশ্য এমন এক ভয়াবহতা বহন করবে, যা মানব মস্তিষ্কে কল্পনাও করা সম্ভব নয়।
দ্বিতীয় মুহূর্ত হলো-যখন তার চোখ পড়বে তার আমলনামায়। সেখানে থাকবে তার জীবনের প্রতিটি কাজের বিবরণ-কথায়, কাজে, ও মনের ইচ্ছায় যা কিছু করেছে, সবই সেখানে প্রকাশ পাবে বাস্তব চিত্রের আকারে। আল্লাহ তাআলা বলেন:
“وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ”
অর্থ: “আর যখন আমলনামা সামনে রাখা হবে, তখন তুমি দেখবে অপরাধীরা তাতে যা আছে তা দেখে ভয়ে কাঁপছে।”-(সূরা কাহফ: ৪৯)
যদি মানুষ দুনিয়াতেই সামান্য পরিমাণে এই ভয় অনুভব করত, তবে আখিরাতে তার অবস্থা এত ভয়াবহ হতো না।
আল্লাহভীতির অশ্রুর মূল্য
জাহান্নামের অধিবাসীরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে, তখন তারা আল্লাহর কাছে আকুতি করবে-“হে আল্লাহ, আমাদের অনুমতি দিন যেন আমরা কাঁদতে পারি।” কিন্তু তখন তাদের সেই কান্না কোনো উপকারে আসবে না। দুনিয়ার জীবনেই যদি তারা সেই কান্না করত, যদি এক মুহূর্তও হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে উঠত, তবে আজকের এই পরিণতি তাদের জন্য নির্ধারিত হতো না।
আল্লাহ তাআলা সেই চোখকে ভালোবাসেন, যে চোখ তাঁর ভয়ে অশ্রুসিক্ত হয়। এমনকি একটি অশ্রুবিন্দুও আল্লাহর কাছে এত মূল্যবান যে, তিনি সেই অশ্রুর বিনিময়ে বান্দার সকল গুনাহ মাফ করে দিতে পারেন।
একটি অশ্রু, একটি মুক্তি
হাদীসে বর্ণিত হয়েছে-যখন জাহান্নামে যাওয়ার আদেশ দেওয়া হবে, তখন সেই ব্যক্তির চোখের পাপড়ি থেকে একটি লোম বলবে: হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি-একসময় এই চোখ সামান্য হলেও তোমার ভয়ে ভিজেছিল, এবং আমি (লোম) তার স্পর্শে ভিজেছিলাম।
তখন আল্লাহ তাআলা বলবেন: এই লোমের সাক্ষ্যের কারণে, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনো।
সেই ব্যক্তিকে বলা হবে “আতীকু শাহরা”-অর্থাৎ, মুক্তপ্রাপ্ত বান্দা।
একটি অশ্রু, একটি লোমের সাক্ষ্য-আর তার বিনিময়ে মুক্তি!
আল্লাহর দয়া ও বান্দার আশা
আল্লাহ তাআলা এমন এক রব, যিনি বান্দাদের শাস্তি দিতে চান না; বরং তিনি খোঁজেন ক্ষুদ্রতম অজুহাত, যেন তাঁর বান্দাকে ক্ষমা করতে পারেন। সেই সামান্য অশ্রুবিন্দু, যা আল্লাহভীতির অনুভব থেকে ঝরে পড়ে, হতে পারে জাহান্নাম থেকে মুক্তির কারণ।
আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত চোখ শুধু এক টুকরো অনুভূতি নয়; এটি এক নিঃশব্দ প্রার্থনা, যা আকাশের দরজা খুলে দেয়।
একটি অশ্রু হতে পারে মুক্তির পথ, একটি নিঃশব্দ কান্না হতে পারে জাহান্নাম থেকে মুক্তির সনদ।
তাই আমাদের উচিত, মাঝে মাঝে অন্তরের পর্দা সরিয়ে হৃদয়কে জাগিয়ে তোলা-যেন অন্তত একবার হলেও সেই চোখ আল্লাহর ভয়ে ভিজে ওঠে।
রিপোর্ট: হাসান রেজা
আপনার কমেন্ট