হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ৩য় শাবান মহানবীর (সা) দ্বিতীয় দৌহিত্র ( নাতি ) বেহেশত বাসী যুবকদের নেতা , মানবজাতির নাজাতের ( মুক্তি) তরী ( سفینة النجاة সফীনাতুন নাজাত ) , হিদায়তের প্রদীপ ( মিসবাহুল হিদায়াহ্ مصباح الهدایة ) হযরত মুহাম্মদের ( সা ) পবিত্র আহলুল বাইতের ( আ ) বারো মাসূম ইমামের তৃতীয় মাসূম ইমাম সাইয়িদুশ শুহাদা ( শহীদদের নেতা ) হযরত আবু আব্দিল্লাহ হুসাইন ইবনে আলীর ( আ ) শুভ জন্মদিন। শাবান মাসের এই আনন্দঘন শুভ দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও তাব্রীক ( অভিনন্দন ) ।
আমরা এখানে বরকতের জন্য ইমাম হুসাইনের (আ) গুটিকয়েক ফযীলত ( শ্রেষ্ঠত্ব ব্যাঞ্জক মহৎ গুণ ও বৈশিষ্ট্য ) উল্লেখ করছি :
১. এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)কে প্রশ্ন করল : " আপনি কি এ দুজনকে ( ইমাম হাসান ও ইমাম হুসাইন - আ - ) ভালোবাসেন ? " অত:পর তিনি ( সা ) বললেন : হ্যাঁ , যে ব্যক্তি তাদেরকে ( ইমাম হাসান ও ইমাম হুসাইন - আ - ) ভালোবাসে সে আমাকেই ভালোবাসে এবং যে ব্যক্তি তাদেরকে ( ইমাম হাসান ও ইমাম হুসাইন - আ - ) ঘৃণা করে সে আমাকেই ঘৃণা করে ।
نَعَمْ ، مَنْ أَحَبَّهُمَا فَقَدْ أَحَبَّنِيْ ، وَ مَنْ أَبْغَضَهُمَا فَقَدْ أَبْغَضَنِيْ
হাকিম বলেন : এ ( হাদীস) টা সহীহুল ইসনাদ হাদীস এবং তারা ( বুখারী ও মুসলিম ) তা ইখরাজ ( পূর্ণ সনদসহ উল্লেখ) করেন নি । আর যাহাবীও হাকিম নিশাপুরীর সাথে একমত পোষণ করে বলেছেন আত - তালখীস গ্রন্থে : (হাদীসটি) সহীহ । ( আল্ - মুস্তাদ্রাক , খ: ৩ , পৃ : ৩৮৬ )
২. আবদুল্লাহ থেকে :
মহানবী (সা) বলেছেন : হাসান ( আ ) ও হুসাইন ( আ ) বেহেশতবাসীদের যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের ( ইমাম হাসান ও ইমাম হুসাইন - আ -) চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ ।
اَلْحَسَنُ وَ الْحُسَیْنُ سَیِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ وَ أَبُوْهُمَا خَیْرٌ مِنْهَا
হাকিম নিশাপুরী বলেন : এই বাড়তি অংশ :(( তাদের পিতা তাদের চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ)) সহ এটি সহীহ হাদীস এবং বুখারী ও মুসলিম তা ইখরাজ করেন নি ।
যাহাবী আত - তালখীসে তার ( হাকিম নিশাপুরী ) সাথে একমত পোষণ করে বলেছেন :( এ হাদীসটি ) সহীহ । হাদীস নং ৪৮৪০ , আল - মুস্তাদ্রাক , খ : ৩ , পৃ : ৩৭৭ ।
৩. ইয়া'লা আল - আমিরী থেকে :
মহানবী (সা) বলেন : হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে ; মহান আল্লাহ তাকে ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসে ; হুসাইন ( মহানবীর - সা - ) একজন দৌহিত্র।
حُسَیْنٌ مِنِّيْ وَ أَنَا مِنْ حُسَیْنٍ ، أَحَبَّ اللّٰهُ مَنْ أَحَبَّ حُسَیْنَاً ، حُسَیْنٌ سِبْطٌ مِنَ الْأَسْبَاطِ .
( হাকিম নিশাপুরী বলেন : ) এটি সহীহুল ইসনাদ হাদীস এবং বুখারী ও মুসলিম তা ইখরাজ করেন নি । হাদীস নং ৪৮৮৩ : যাহাবী আত - তালখীস গ্রন্থে হাকিম নিশাপুরীর সাথে একমত পোষণ করে বলেছেন : ( এ হাদীসটি) সহীহ । দ্র : আল্ - মুস্তাদ্রাক , খ : ৩ , পৃ : ৩৮৭
আপনার কমেন্ট