শুক্রবার ৬ ফেব্রুয়ারী ২০২৬ - ১২:০৫
অতিরিক্ত দাবির বিরুদ্ধে আত্মরক্ষায় প্রস্তুত ইরান: মাস্কাটে আরাকচির স্পষ্ট বার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন পারমাণবিক আলোচনার প্রাক্কালে ইরান যেকোনো অতিরিক্ত দাবি বা চাপের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

হাওজা নিউজ এজেন্সি:  ওমানের রাজধানী মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে ইরানের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, ইরান সবসময় সংলাপ ও আলোচনার পথকে অগ্রাধিকার দিলেও যেকোনো অতিরিক্ত দাবি কিংবা দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে প্রস্তুত।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী এ সময় কূটনৈতিক প্রক্রিয়ায় ইরানের সদিচ্ছা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করেন। তিনি আঞ্চলিক দেশগুলোর উত্তেজনা বৃদ্ধি রোধে প্রতিশ্রুতির কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, সব পক্ষের সদিচ্ছা ও সময়োচিত পদক্ষেপ এই দফার আলোচনাকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি টেকসই ও স্থায়ী সমঝোতার পথে এগিয়ে নেবে।

বৈঠকে পারমাণবিক আলোচনার বিষয়বস্তু, উত্থাপিত দাবি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ও নিরাপত্তাগত বিবেচ্য বিষয়গুলো নিয়ে ইরানের অবস্থান ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

ইরানি কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার রাতে তেহরান থেকে মাস্কাটের উদ্দেশে রওনা হন। শুক্রবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা চলমান রয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha