হাওজা নিউজ এজেন্সি: লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবং ইরান–যুক্তরাষ্ট্রের সীমিত যুদ্ধবিরতির সময়কালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন যে হরমুজ প্রণালি পুনরায় নৌযাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হবে না।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কালিবফ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্ট এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন—যার প্রতিটিই ভুল। এসব মিথ্যা দিয়ে তারা যুদ্ধে সফল হতে পারেনি, আলোচনাতেও এর মাধ্যমে কোনো ফল আসবে না।”
তিনি আরও বলেন, “অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।”
কালিবফ জানান, প্রণালি দিয়ে নৌযাতায়াত নির্ধারিত পথ অনুসারে এবং শুধুমাত্র ইরানের অনুমতি নিয়েই পরিচালিত হবে। তার ভাষায়, “প্রণালি খোলা থাকবে কি বন্ধ থাকবে—এটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বাস্তব পরিস্থিতিই নির্ধারণ করবে।”
তিনি আরও মন্তব্য করেন, “গণমাধ্যমে তথ্যযুদ্ধ এবং জনমত প্রভাবিত করার চেষ্টা আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ইরানি জনগণ এসব কৌশলে প্রভাবিত হয় না।”
এ সময় তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈর সাম্প্রতিক আইআরআইবি সাক্ষাৎকারের কথাও উল্লেখ করেন, যেখানে আলোচনাসংশ্লিষ্ট তথ্য তুলে ধরা হয়েছে।
আপনার কমেন্ট