রবিবার ২৬ এপ্রিল ২০২৬ - ১১:২৯
চাপ ও হুমকির মুখে ইরান আলোচনায় যাবে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ, হুমকি ও অবরোধের মধ্যে ইরান কোনো আলোচনায় অংশ নেবে না।

হাওজা নিউজ এজেন্সি: রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে টেলিফোনে কথা হয়। এ সময় তারা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠায় পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। কূটনৈতিক উদ্যোগে সক্রিয় ভূমিকার জন্য তিনি প্রধানমন্ত্রী শরিফ ও পাকিস্তানের সেনাপ্রধানকে ধন্যবাদ জানান।

সাম্প্রতিক যুদ্ধবিরতি পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, আলোচনা চলাকালীন এবং যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্রের অব্যাহত লঙ্ঘন ও চাপ প্রয়োগের আচরণ উদ্বেগজনক। তাঁর মতে, ওয়াশিংটনের কথিত সামুদ্রিক নিষেধাজ্ঞা যুদ্ধবিরতির সমঝোতার স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। এসব পদক্ষেপ ও হুমকিমূলক বক্তব্য কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।

জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের পক্ষ থেকে নতুন করে কোনো সংঘাত সৃষ্টি হলে তা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

তিনি আরও বলেন, পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী দেশসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক জোরদারে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, এসব দেশও বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই সম্মিলিতভাবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করবে।

অপরদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আঞ্চলিক বিভিন্ন দেশের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ সম্পর্কে ইরানি প্রেসিডেন্টকে অবহিত করেন এবং শত্রুতা অবসান ও শান্তি উদ্যোগ এগিয়ে নিতে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha