সোমবার ১১ মে ২০২৬ - ১৫:২৬
ইসলামের মধ্যে ফিরে আসি

দুনিয়ার মোহ ও অহংকারের ভিড়ে যখন মানুষ নিজের রবকে ভুলে দূরে সরে যায়, তখন এক মর্মস্পর্শী আহ্বান জানিয়েছেন কবি সেখ মঈনুল হক — ‘ইসলামের মধ্যে ফিরে আসি’। ক্লান্ত হৃদয় নিয়ে সিজদার মাটিতে নত হওয়া, আজানের ধ্বনিতে আত্মাকে জাগিয়ে তোলা, কোরআনের শিফা ও নূরের দিশা ফিরে পাওয়া—এমন আত্মশুদ্ধির ডাক শোনা যায় এই কবিতায়। এটি শুধু সাহিত্য নয়, বরং এক তওবার নামজা, ভুলের পথ ছেড়ে হেদায়েতের আলোয় নিজেকে সমর্পণের অনন্য বার্তা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

ভূমিকা

মানুষের মন-প্রাণ জুড়ে নানা টানাপড়েন। দুনিয়ার ব্যস্ততা, মোহ আর কখনও কখনও অবহেলায় আমরা অনেকেই আধ্যাত্মিক ঠিকানা হারিয়ে ফেলি। ঠিক সেই হারিয়ে যাওয়া আত্মার প্রত্যাবর্তনের এক মধুর আহ্বান নিয়ে রচিত সেখ মঈনুল হকের কবিতা “ইসলামের মধ্যে ফিরে আসি”।

এটি শুধু একটি কবিতা নয়, বরং নিজের বিবেকের কাছে এক নিবেদন, ক্লান্ত হৃদয়ের সিজদার মাটিতে লুটিয়ে পড়ার অনুরোধ। কবি এখানে নির্মোহ সুরে ফিরে আসার ডাক দিয়েছেন—আজানের মুক্তিধ্বনিতে, কোরআনের নূরের ছায়াতলে, আর সেইসব দোয়ায় যা দয়াময় আল্লাহর দরজায় কতটুকু আস্থা রেখে উত্থিত হয়।

আসুন, মন ও প্রাণ খুলে আবৃত্তি করি এই সুমধুর কবিতাটি—আবার নিজের রবের কাছে ফেরার এক অপূর্ব নস্টালজিয়া ও তওবার গল্প।

।। ইসলামের মধ্যে ফিরে আসি ।।

      সেখ মঈনুল হক 

চলো আবার ইসলামের মধ্যে ফিরে আসি,
ক্লান্ত হৃদয় নিয়ে সিজদার মাটিতে নত হই।
দুনিয়ার মোহ, অহংকার আর মিথ্যার ভিড়ে
আমরা কত দূরে সরে গেছি নিজের রব থেকে —
এখনও কি ফিরে আসার সময় হয়নি ?

চলো ফিরে আসি সেই আজানের সুরে,
যেখানে প্রতিটি ধ্বনি আত্মাকে জাগিয়ে তোলে।
যেখানে ফজরের আলো শুধু সকাল নয়,
বরং হেদায়েতের নতুন সূচনা।

চলো ফিরে আসি কোরআনের ছায়াতলে,
যেখানে প্রতিটি আয়াত আহত হৃদয়ের শিফা,
প্রতিটি শব্দ অন্ধকার ভেদ করা নূরের দিশা।
যেখানে মানুষ হারিয়ে গিয়ে
আবার নিজেকেই খুঁজে পায়।

চলো আবার হাত তুলি দোয়ার ভঙ্গিতে,
অশ্রুসিক্ত চোখে বলি —
“হে পরম দয়াময়,
আমাদের ক্ষমা করুন,
আমাদের হৃদয়কে ঈমানের আলোয় পূর্ণ করুন।”

কারণ আপনার দরজা কখনও বন্ধ হয় না,
মানুষ দূরে সরে যায় —
কিন্তু আপনার রহমত দূরে সরে না।

চলো ফিরে আসি নম্রতায়,
যেখানে মানুষ মানুষকে ঘৃণা নয়,
ভালোবাসা শেখায়।
যেখানে ইসলাম কেবল পরিচয় নয়,
বরং চরিত্র, সততা ও শান্তির প্রতিচ্ছবি।

এই পৃথিবী ক্ষণিকের এক মুসাফিরখানা,
এখানে ক্ষমতা, অহংকার, প্রশংসা —
সব একদিন ধুলোর মতো মিশে যাবে।
কবরের নীরব অন্ধকারে
শুধু ঈমানই হবে আমাদের সঙ্গী,
শুধু আমলই হবে আমাদের পরিচয়।

তাই চলো —
আবার ইসলামের মধ্যে ফিরে আসি।
নফসের দাসত্ব ভেঙে
রবের আনুগত্যে জীবন গড়ি।
ভুলের পথ ছেড়ে
হেদায়েতের আলোয় নিজেদের সমর্পণ করি।

আর প্রতিটি দোয়ায় নীরবে বলি —

“হে আল্লাহ,
আমাদের হৃদয়কে হেদায়েতের নূরে আলোকিত করুন,
আমাদের অন্তরকে তাকওয়ায় পূর্ণ করুন,
এবং মৃত্যু পর্যন্ত
আপনার দীনের উপর অবিচল রাখুন।”

সৃষ্টি — সোনার মদিনায়

আপনার কমেন্ট

You are replying to: .
captcha