মঙ্গলবার ১২ মে ২০২৬ - ২৩:৫০
শিয়া সংস্কৃতিতে ‘প্রতীক্ষা বা ইন্তেজার’-এর মাহাত্ম্য — (দ্বিতীয় পর্ব)

ধর্মীয় শিক্ষা এবং আশাবাদী দৃষ্টিভঙ্গির এক গভীর বিশ্লেষণ। কীভাবে ধর্মীয় বাণী মানুষকে নিরাশাবাদের অন্ধকার থেকে বের করে এনে ভবিষ্যতের প্রতি আশাবাদী হতে শেখায়, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ধারাবাহিক এই আলোচনায় আমরা শিয়া সংস্কৃতিতে ইমাম মাহদি (আ.ফা.)-এর শুভাগমনের প্রতীক্ষা বা ‘ইন্তেজার’–এর গভীর তাৎপর্য তুলে ধরছি। এই পর্বের মূল বিষয় হলো—‘প্রতীক্ষা’ কেবল একটি ধারণাগত বিষয় নয়, বরং এটি শিয়া আধ্যাত্মিকতা ও কর্মধারার এক অবিচ্ছেদ্য অংশ, যা বহু মূল্যবান উপাধি ও উচ্চ মর্যাদায় অভিষিক্ত হয়েছে।

প্রতীক্ষার বিভিন্ন স্তর ও অর্থ
১. সাধারণ অর্থে প্রতীক্ষা (ইন্তেজার আল-ফারাজ)
এই অর্থে ‘প্রতীক্ষা’ বলতে বোঝায়—ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকা, উজ্জ্বলতর ভবিষ্যতের প্রত্যাশা করা এবং ন্যায় ও সত্যের বিজয় কামনা করা। এটি মানুষকে নিরাশাবাদ ও হতাশা থেকে মুক্ত রাখে এবং এক ইতিবাচক জীবনদর্শনে উদ্বুদ্ধ করে। ধর্মীয় শিক্ষা এই ধরনের আশাবাদকে বিশেষভাবে উৎসাহিত করে।

২. ইবাদত ও উপাসনা
ইসলামে সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে:

“আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।” (সূরা যারিয়াত ৫১: আয়াত ৫৬)

এই প্রেক্ষাপটে, ‘প্রতীক্ষা’কেও ইবাদতের এক বিশেষ রূপ হিসেবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
إنتظار الفرج عبادة —অর্থাৎ, ‘মুক্তি বা মুক্তপ্রতীক্ষা’ স্বয়ং ইবাদত। (আল-আমালী, শাইখ তূসী, পৃষ্ঠা ৪০৫)

এই হাদীস প্রমাণ করে যে, প্রতীক্ষা কেবল নিষ্ক্রিয় অপেক্ষা নয়, বরং এটি একটি সক্রিয় জীবনপ্রণালী ও আধ্যাত্মিক সাধনা।

৩. শ্রেষ্ঠতম ইবাদত
সকল ইবাদতের মধ্যে কোনটির মর্যাদা সর্বাধিক—এ বিষয়ে রাসূল (সা.) এক বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন:

 أفضل العبادة إنتظار الفرج

সর্বোত্তম ইবাদত হলো (আমল) আল্লাহর হুজ্জাতের জন্য গভীর আশা ও প্রতীক্ষা! (কামালুদ্দীন ও তামামুন নিআমাহ, খণ্ড ১, পৃষ্ঠা ২৮৭)
এটি ইঙ্গিত করে যে, ইমাম মাহদির (আ.ফা.) শুভাগমনের প্রতীক্ষা কেবল একটি ধর্মীয় দায়িত্বই নয়, বরং এটি আত্মিক উন্নয়ন ও পরিপূর্ণতার এক অনবদ্য পথ।

৪. শ্রেষ্ঠ আমল
প্রতীক্ষার মাহাত্ম্য বোঝাতে গিয়ে, এটি ‘উম্মতের শ্রেষ্ঠ কাজ’ হিসেবেও আখ্যায়িত হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

 أفضل أعمال أمتي إنتظار الفرج من الله عز وجل"

অর্থাৎ, ‘আমার উম্মতের সর্বোত্তম কাজ হলো আল্লাহর কাছ থেকে (আমূল) মুক্তির জন্য গভীর আশা ও প্রতীক্ষা করা’। (কামালুদ্দীন ও তামামুন নিআমাহ, খণ্ড ২, পৃষ্ঠা ৬৪৪)
এই উক্তি প্রতীক্ষার কর্মময় ও সক্রিয় প্রকৃতিকে তুলে ধরে, যা ব্যক্তিকে সমাজের প্রতি দায়িত্বশীল ও সক্রিয় করে তোলে।

৫. প্রতীক্ষাই এক ধরনের মুক্তি (ফারাজ)
মনোবিজ্ঞানের দৃষ্টিতে, আশা মানুষকে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার শক্তি জোগায় এবং জীবনে ইতিবাচক গতিশীলতা বজায় রাখে। এই দৃষ্টিকোণ থেকে, হাদীস সাহিত্যে প্রতীক্ষাকে ‘মুক্তি’ বা ‘ফারাজ’ হিসেবেও বর্ণনা করা হয়েছে। ইমাম সাজ্জাদ (আ.) বলেছেন:

 إنتظار الفرج من أعظم الفرج

— অর্থাৎ, ‘মুক্তির প্রতীক্ষাই (নিজে) অন্যতম বৃহত্তম মুক্তি’।
(কামালুদ্দীন ও তামামুন নিআমাহ, খণ্ড ১, পৃষ্ঠা ৩১৯)
এটি বোঝায় যে, কেবল ভবিষ্যতের মুক্তির আশাই বর্তমান জীবনে শান্তি ও স্থিতি এনে দিতে পারে।

৬. শ্রেষ্ঠ জিহাদ
ইসলামে ‘জিহাদ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা, যা কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মিক ও সামাজিক সংগ্রামেরও প্রতীক। এই ব্যাপক অর্থে, রাসূলুল্লাহ (সা.) ‘প্রতীক্ষা’কে ‘উম্মতের শ্রেষ্ঠ জিহাদ’ হিসেবে উল্লেখ করেছেন:

 أفضل جهاد أمتي إنتظار الفرج

অর্থাৎ, ‘আমার উম্মতের সর্বোত্তম জিহাদ হলো (আমূল) মুক্তির জন্য প্রতীক্ষা’। (তুহাফুল উকূল, পৃষ্ঠা ৩৭)

এটি ইঙ্গিত দেয় যে, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র হলো—আশা ও পরিবর্তনের জন্য অবিরাম সংগ্রাম চালিয়ে যাওয়া।

হতাশার কঠোর নিন্দা
আলোচ্য আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ইসলামে একটি গুরুতর পাপ। কুরআনে বলা হয়েছে: “নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল পথভ্রষ্টরাই নিরাশ হয়।” (সূরা ইউসুফ ১২: আয়াত ৮৭)
সুতরাং, প্রতীক্ষার শিক্ষা আমাদেরকে হতাশা পরিহার করে আশাবাদী হতে উদ্বুদ্ধ করে।

মূল উৎস: দারসনামে মাহদাভিয়াত— খোদা-মুরাদ সোলাইমানি (সামান্য সম্পাদিত ও অনূদিত)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha