শুক্রবার ৫ জুন ২০২৬ - ১৫:২৭
গাদিরে খুম উপলক্ষে সৈয়দপুরে বর্ণাঢ্য ধর্মীয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পবিত্র গাদিরে খুম দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক ধর্মীয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে হযরত বাক্বিয়াতুল্লাহ্ (আ.ফা.) ক্যাডেট ইসলামি শিক্ষা কেন্দ্র এবং হযরত ফাতেমাতুয্ যাহরা (সা.আ.) ক্যাডেট ইসলামি শিক্ষা কেন্দ্র, সৈয়দপুর।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং আহলে বাইত (আ.)-এর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানদ্বয়ের কর্ণধর হুজ্জাতুল ইসলাম মো. মাহদী আল হাসান।

অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা হযরত আলী (আ.)-এর শানে নাত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এরপর গাদিরে খুমের ঐতিহাসিক ভাষণের ১ থেকে ১০ খণ্ড নিয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন হুজ্জাতুল ইসলাম মো. শরিফুল ইসলাম (বগুড়া), হুজ্জাতুল ইসলাম মো. মাজেদুর ইসলাম (বগুড়া), হুজ্জাতুল ইসলাম আলী আকবার (রাজশাহী), হুজ্জাতুল ইসলাম মুজ্জাফর (বগুড়া), হুজ্জাতুল ইসলাম সৈয়দ আফতাব হোসেন নাকাভী (ঢাকা) এবং হুজ্জাতুল ইসলাম মো. মঈন তালুকদার (ঢাকা)। বক্তারা গাদিরে খুমের তাৎপর্য, হযরত আলী (আ.)-এর নেতৃত্ব এবং মুসলিম উম্মাহর জন্য ইমামতের গুরুত্ব তুলে ধরেন।

গাদিরে খুম উপলক্ষে সৈয়দপুরে বর্ণাঢ্য ধর্মীয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এ সময় গাদিরে খুম বিষয়ক একটি প্রামাণ্য ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া মিনার স্কুল ও মাদ্রাসা ফাতেমার শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি নাটিকা পরিবেশিত হয়, যা দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েখি তাঁর বিশেষ বক্তব্যে ইমামত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ইমামতের আদর্শ ও বিশ্বাস মুসলিম সমাজকে ঐক্য, সাহস, ন্যায়পরায়ণতা এবং সত্যের পথে পরিচালিত করে। তিনি বর্তমান বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ইমামতের শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ইমামত বিশ্বাস মানুষের মধ্যে দায়িত্ববোধ, আত্মত্যাগ ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের শক্তি জোগায়। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “যে ব্যক্তি তার যুগের ইমামকে না চিনে মৃত্যুবরণ করলো, সে জাহেলিয়াতের মৃত্যু বরণ করলো।” তিনি ইমামে যামানা হযরত ইমাম মাহদি (আ.ফা.)-কে চেনা, তাঁর প্রতি আনুগত্য এবং তাঁর আদর্শ অনুসরণের গুরুত্ব সম্পর্কে উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর বক্তব্য উপস্থিত অতিথি, আলেম-উলামা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

গাদিরে খুম উপলক্ষে সৈয়দপুরে বর্ণাঢ্য ধর্মীয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানের এক পর্যায়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন শিক্ষা বিভাগীয় প্রধান মো. আবুজার ইসলাম, সাংস্কৃতিক বিভাগের প্রধান শেখ শরিফুল ইসলাম, শিক্ষক সৈয়দ মুক্তার রাজাভী, ফারজার ফেরদৌস (সহ-অধ্যক্ষ, হযরত ফাতেমাতুয্ যাহরা (সা.আ.) ক্যাডেট ইসলামি শিক্ষা কেন্দ্র) এবং সৈয়দা নাসরিন জাফরী (সাংস্কৃতিক বিভাগ)।

অনুষ্ঠানে তিনটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে এক হাজারেরও বেশি ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

সবশেষে উপস্থিত অতিথিদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল সাংস্কৃতিক বিভাগ। এর দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক বিভাগের প্রধান শেখ শরিফুল ইসলাম। আয়োজকরা জানান, আহলে বাইত (আ.)-এর আদর্শ, গাদিরে খুমের শিক্ষা এবং ইসলামের প্রকৃত মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।

গাদিরে খুম উপলক্ষে সৈয়দপুরে বর্ণাঢ্য ধর্মীয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha