মঙ্গলবার ১৬ জুন ২০২৬ - ২২:০০
কাবার দরজা

কাবার দরজা শুধু পবিত্র ঘরের প্রবেশপথ নয়; এটি মানব আত্মার প্রত্যাবর্তনের প্রতীক, তওবার আহ্বান এবং রবের করুণার এক চিরন্তন দ্বার। সেখ মঈনুল হকের এই হৃদয়স্পর্শী কবিতায় কাবার দরজাকে কেন্দ্র করে ফুটে উঠেছে মানুষের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা, ক্ষমা প্রার্থনার ব্যাকুলতা এবং স্রষ্টার সান্নিধ্যে ফিরে যাওয়ার গভীর অনুভূতি।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

।। কাবার দরজা ।।

কলমে - সেখ মঈনুল হক 

দূর আকাশের নক্ষত্র পেরিয়ে
হৃদয় এসে দাঁড়ায় এক দরজার সামনে,
সোনালি আলোয় লেখা থাকে
অসংখ্য অশ্রুর গোপন নাম।

কাবার দরজা —
শুধু ধাতু আর অলংকার নয়,
এ যেন যুগে যুগে মানুষের
ফিরে আসার এক পবিত্র আহ্বান।

কত নবী, কত ওলি,
কত তওবাকারীর কাঁপা হাত
এই দরজার দিকে উঠেছে নীরবে,
চোখে ছিল ক্ষমার আকুলতা।

কালো গিলাফের ভাঁজে ভাঁজে
জমে আছে প্রার্থনার ইতিহাস,
প্রতিটি নকশা যেন বলে যায় —
“ফিরে এসো, রবের কাছে ফিরে এসো।”

আমি দূরে দাঁড়িয়ে ভাবি,
দরজাটি কি শুধু কাবারই ?
নাকি আমার হৃদয়েরও এক দ্বার,
যেখানে করুণা নেমে আসে অবিরাম।

লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে গিয়েও
যে দরজার দিকে চোখ যায় বারবার,
সেখানে পৃথিবীর সব পরিচয় মুছে যায়,
থেকে যায় শুধু বান্দা আর তার প্রভু।

হে কাবার দরজা,
তোমার দিকে চেয়ে থাকা মানে
নিজের ভেতরের অন্ধকারকে চিনে নেওয়া,
আর আলোর পথে যাত্রা শুরু করা।

যেদিন রব ডাকবেন তাঁর ঘরে,
যেদিন কপালে জুটবে সেই সৌভাগ্য,
তোমার সামনে দাঁড়িয়ে বলব —
“হে আল্লাহ, আমি ফিরে এসেছি।”

প্রকাশ - ১৪ ই জুন ২০২৬
মক্কায়

আপনার কমেন্ট

You are replying to: .
captcha