বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ - ২১:৪৬
আহলে বাইত (আ.)-এর শিক্ষালয়: মানসিক স্বাস্থ্য ও অন্তরের প্রশান্তির একটি সমন্বিত পথ

ঈমানের বিকাশকে হুসাইনি পরিবারের মানসিক সুস্থতা ও আত্মিক প্রশান্তির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে ইরানের সুবিখ্যাত সন্তান প্রতিপালন ও পরিবার বিষয়ক বিশেষজ্ঞ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ আলিরেজা তারাশিয়ুন বলেছেন, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ইবাদত, জিকির এবং গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে মানুষ অন্তরের শান্তি ও মানসিক স্থিতি অর্জন করতে পারে।

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ আলীরেজা তারাশিয়ুন  “হুসাইনি পরিবার”-এর বৈশিষ্ট্য নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি—আত্মিক ও মানসিক সুস্থতা অর্জনের উপায়—ব্যাখ্যা করেছেন। এই আলোচনা আহলে বাইত (আ.)-এর অনুসারীদের জন্য একটি আদর্শ হুসাইনি পরিবার গঠনের পথনির্দেশনা হিসেবে উপস্থাপিত হয়েছে। তার বক্তব্যের সারসংক্ষেপ নিম্নরুপ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম
গত কয়েক রাতের আলোচনায় আমরা “হুসাইনি পরিবার”-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলেছি। সেখানে জোর দেওয়া হয়েছিল যে এমন একটি পরিবার গঠনের অন্যতম প্রধান শর্ত হলো সঠিক জীবনসঙ্গী নির্বাচন। একজন মানুষের উচিত এমন জীবনসঙ্গী নির্বাচন করা, যিনি মানসিক ও আত্মিকভাবে সুস্থ এবং ভারসাম্যপূর্ণ। একই সঙ্গে আমরা এই মানসিক সুস্থতা নির্ণয়ের কিছু মানদণ্ড ও লক্ষণও আলোচনা করেছি।

এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এই আত্মিক ও মানসিক সুস্থতা অর্জনের জন্য কী করা উচিত? এর বাস্তব উপায় কী?

ইসলামের শিক্ষাব্যবস্থায় এর উত্তর অত্যন্ত সুস্পষ্ট। আত্মিক ও মানসিক সুস্থতা অর্জনের অন্যতম মৌলিক উপায় হলো ঈমানকে শক্তিশালী ও বিকশিত করা।

যারা আল্লাহ, আখিরাত, ন্যায়বিচার এবং নবী-রাসূল ও আহলে বাইত (আ.)-এর শিক্ষার প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন, তারা জীবনের নানা ঝড়-ঝঞ্ঝা ও সংকটের মধ্যেও অধিক মানসিক স্থিতি ও প্রশান্তি লাভ করেন। প্রকৃতপক্ষে, ঈমানের বিকাশই মানসিক সুস্থতার প্রধান ভিত্তি এবং একটি সুস্থ পরিবারের মূল শক্তি।

আমাদের উচিত ঈমানি বিকাশ সাধন করা এবং এই সত্যকে অন্তরে ধারণ করা।

ভাই ও বোনেরা! মানুষের দৃষ্টিভঙ্গি যদি ঈমানভিত্তিক না হয়, তবে এই পৃথিবী তার কাছে কেবল দুঃখ-কষ্ট ও দুর্ভোগের স্থান বলে মনে হবে। তখন তার মন সর্বদা উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্থিরতায় আক্রান্ত থাকবে।

মানুষের ঈমান যদি বিকশিত না হয়, তবে পৃথিবীর সব সম্পদ তার হাতে এলেও তা তার জন্য প্রশান্তির পরিবর্তে দুঃখ ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

আত্মিক উন্নতি ও পারিবারিক প্রশান্তির জন্য কিছু বাস্তব উপায়
প্রথমত: আল্লাহ ও কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক
ইমাম জয়নুল আবিদীন (আ.) আমাদের শিক্ষা দিয়েছেন, যদি পৃথিবীর সবকিছু বিলীন হয়ে যায় এবং মানুষের কাছে কিছুই অবশিষ্ট না থাকে, তবুও যদি সে আল্লাহ ও কোরআনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, তবে সে প্রশান্তি লাভ করবে।

দ্বিতীয়ত: ইবাদত প্রতিষ্ঠা, বিশেষ করে নামাজ
আত্মিক ও মানসিক সুস্থতা অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো ইবাদত প্রতিষ্ঠা করা।

ইবাদত থেকে দূরে সরে যাবেন না; বরং এর সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন। বিশেষ করে নামাজ, যা মানুষের জন্য সংকট ও কঠিন সময়ে আশ্রয়স্থলস্বরূপ। যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন, তখন অজু করে দুই রাকাত নামাজ আদায় করুন। এরপর আপনি অনুভব করবেন, কীভাবে আল্লাহর অনুগ্রহ আপনার অন্তরে প্রশান্তি ও স্বস্তি এনে দেয়।

বর্ণনায় এসেছে, যে ব্যক্তি ধারাবাহিকভাবে পাঁচ দিন প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে, তার অন্তরে এক বিশেষ প্রশান্তি সৃষ্টি হয়। এই প্রশান্তি হৃদয়কে আলোকিত করে এবং মনকে স্থিরতা দান করে।

যদি এই শিক্ষাগুলোর সারমর্ম এক বাক্যে প্রকাশ করতে হয়, তবে বলা যায়—আল্লাহর ঘর এবং আহলে বাইত (আ.)-এর শিক্ষার আশ্রয়েই প্রকৃত শান্তি ও মুক্তির পথ নিহিত রয়েছে।

তাই নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদতের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এবং এগুলোকে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা উচিত।

তৃতীয়ত: জিকির
জিকির মানুষের আত্মিক ও মানসিক সুস্থতার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহর স্মরণ মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়, উদ্বেগ ও অস্থিরতা দূর করে এবং আত্মাকে শক্তি ও স্বস্তি দান করে। সত্যিই, জিকির মানুষের অন্তরকে শান্ত ও পরিশুদ্ধ করে।

চতুর্থত: গুনাহ ও হারাম কাজ থেকে বিরত থাকা
প্রিয়জনেরা, বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান—হারাম ও গুনাহের কাজ থেকে দূরে থাকুন।

গুনাহ মানুষের অন্তরের প্রশান্তি কেড়ে নেয় এবং তাকে রাগী, খিটখিটে ও অস্থির করে তোলে। পাপ মানুষের আত্মাকে অশান্ত ও অস্থির করে দেয়। তাই মানসিক শান্তি ও সুস্থতা অর্জনের জন্য গুনাহ থেকে বিরত থাকা অপরিহার্য।

পঞ্চমত: ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ
আমাদের উচিত অন্যদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা।

আহলে বাইত (আ.)-এর বাণীতে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে— যদি নিজের চেয়ে বয়োজ্যেষ্ঠ কাউকে দেখো, তবে মনে করো তিনি তোমার চেয়ে উত্তম; কারণ তিনি অধিক সময় ধরে আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছেন।

যদি নিজের চেয়ে কনিষ্ঠ কাউকে দেখো, তবে মনে করো তিনিও তোমার চেয়ে উত্তম; কারণ তিনি সম্ভবত কম পাপ করেছেন।

আর যদি সমবয়সী কাউকে দেখো, তবে বলো—আমি আমার নিজের গুনাহ সম্পর্কে জানি, কিন্তু তার গুনাহ সম্পর্কে জানি না; তাই তিনি হয়তো আমার চেয়ে উত্তম।

এই দৃষ্টিভঙ্গি মানুষকে হিংসা, কুধারণা এবং অযৌক্তিক তুলনা থেকে দূরে রাখে এবং অন্তরে প্রশান্তি সৃষ্টি করে।

ষষ্ঠত: নসিহত ও উপদেশ শোনা
মানুষের উচিত নিয়মিত নসিহত ও উপদেশ শোনা। শুধু বিশেষ সময়ে নয়, বরং সবসময় এমন আলোচনা থেকে উপকৃত হওয়া উচিত যা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে এবং আত্মশুদ্ধির পথ দেখায়।

কেউ চাইলে মরহুম শাইখ আহমদ কাফির আলোচনা শুনতে পারেন, আবার কেউ মরহুম মুহাম্মদ তাকী ফালসাফির বক্তব্য শুনতে পারেন। যে বক্তার বক্তব্য হৃদয়ে প্রভাব ফেলে এবং মানুষকে সৎপথে উদ্বুদ্ধ করে, তার আলোচনা শোনা যেতে পারে।

মূল বিষয় হলো—উপদেশ গ্রহণের মানসিকতা গড়ে তোলা। কারণ নসিহত হৃদয়কে পরিশুদ্ধ করে, আত্মাকে আলোকিত করে এবং মানুষের অন্তরে প্রশান্তি, পবিত্রতা ও স্বচ্ছতা সৃষ্টি করে।

এই আলোচনার মূল বার্তা হলো—ঈমানের বিকাশ, ইবাদত, জিকির, গুনাহ থেকে বিরত থাকা, ইতিবাচক চিন্তাধারা এবং নিয়মিত নসিহত গ্রহণ মানুষের আত্মিক ও মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ উপাদান। ইসলামী দৃষ্টিভঙ্গিতে প্রকৃত প্রশান্তি কেবল বাহ্যিক সম্পদ বা পার্থিব সাফল্যের মাধ্যমে অর্জিত হয় না; বরং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক এবং নৈতিক-আধ্যাত্মিক জীবনচর্চার মাধ্যমেই তা অর্জিত হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha