হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহর আজ যেন অন্য রূপ পেয়েছিল। পবিত্র ইয়াওমে আশুরা উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করে বিশাল শরবত ও পানীয় জল বিতরণ কর্মসূচি। সংগঠনের সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে উপস্থিত হন। তাঁরা চলমান শোকযাত্রায় অংশগ্রহণকারী, পথচারী, বিক্রেতা এবং সাধারণ মানুষ-সবার হাতে তুলে দেন ঠান্ডা শরবত ও বিশুদ্ধ খাবার জল।
সংগঠনের মুখপাত্র জানান, কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ শুধু ইতিহাসের পাতায় নয়, আমাদের হৃদয়ে বেঁচে আছে। সেই ত্যাগের স্মৃতিকে সম্মান জানাতে এবং মানবসেবার আদর্শকে সামনে রেখেই আমরা প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছি।
প্রচণ্ড গরমের মধ্যেও এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে পৌঁছেছে অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয় এক বাসিন্দা বলেন, এত গরমে রাস্তায় হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ এই শরবত পেয়ে আমরা সত্যিই সতেজ বোধ করলাম। এমন মানবিক কাজ সত্যিই বিরল।
উল্লেখ্য, ইয়াওমে আশুরা উপলক্ষে শরবত ও জল বিতরণ ভারতের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিনের একটি ঐতিহ্য। এটি শুধু দান নয়, বরং কারবালার বার্তা-যে ক্ষুধা, তৃষ্ণা আর বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে হয়-সেই চেতনাকেই ফিরিয়ে আনে। হলদিয়ার এই কর্মসূচি শেষ পর্যন্ত সম্পন্ন হয় সুষ্ঠু ও নিয়মানুবর্তিতার সঙ্গে, স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টায়, আর সেই সাথে শহরে ছড়িয়ে পড়ে ত্যাগের মহিমা আর সেবার অমোঘ বাণী।
আপনার কমেন্ট