শনিবার ৪ জুলাই ২০২৬ - ০২:১২
ঐতিহাসিক উপস্থিতি: ইরানের শীর্ষ নেতার জানাযায় পশ্চিমবঙ্গের মাওলানা সিদ্দীকুল্লাহ

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে তেহরান পৌঁছেছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) শুরু হওয়া এই বিরল শোকানুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিদলে প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গেও দেখা গেছে তাঁকে, যেখানে প্রায় দুই কোটি মানুষের উপস্থিতির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে তেহরান পৌঁছেছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। গতকাল (৩ জুলাই) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন তিনি। 
বিমানে ওঠার আগে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ড. আব্দুল মাজিদ হাকিম এলাহির সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা চৌধুরী।

জানা গেছে, বিশিষ্ট ধর্মশাস্ত্রবিদ হিসেবে ইরানের শীর্ষ নেতৃত্বের বিশেষ আমন্ত্রণেই এই সফর করছেন তিনি। সফরকালে ইরানে সুন্নি সম্প্রদায়ের অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেবেন বলে জমিয়ত সূত্রে জানা গেছে। এর আগে গত ২৬ মার্চ দিল্লিতে ইরানি দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মাওলানা চৌধুরী।

ইরানের রাজধানী তেহরানে শুক্রবার (৩ জুলাই) থেকে শুরু হয়েছে এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। ইমাম খোমেনী গ্র্যান্ড মোসল্লায় খামেনেয়ী ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের জানাজা জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, এই জানাজায় ১ কোটি ২০ লাখ থেকে ২ কোটি মানুষ অংশ নিতে পারেন। সাত দিনব্যাপী এই আনুষ্ঠানিকতা ইরান ও ইরাকের বিভিন্ন শহরে চলবে এবং আগামী ৯ জুলাই খামেনেয়ীর নিজ শহর মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে।

মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ছাড়াও ভারতীয় প্রতিনিধিদলে রয়েছেন ভারতের সরকারি প্রতিনিধি হিসেবে বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। কংগ্রেস পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও সাংসদ পবন খেরা। এছাড়াও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও জানাজায় যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনেয়ী। এই হামলায় তাঁর মেয়ে, নাতনি ও জামাতাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারান। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় সাড়ে চার মাস মরদেহ সংরক্ষিত রাখার পর অবশেষে সম্পন্ন হচ্ছে এই শেষকৃত্য।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha