হাওজা নিউজ এজেন্সি: আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে হাওজা নিউজ জানায়, রাব্বি দভ লান্দাউ হারেদি রাজনৈতিক দল ‘দেগেল হা-তোরাহ’-এর আধ্যাত্মিক নেতা। দলটি ইসরায়েলের লিথুয়ানীয় অ-হাসিদি হারেদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। হারেদি ইহুদিদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধিতা করে আসছে।
ধর্মীয় জায়নবাদী গোষ্ঠীগুলোর কঠোর সমালোচনা করে লান্দাউ বলেন, সরকার ‘দেশের সম্মান ও মর্যাদার’ নামে সৈন্যদের যুদ্ধে পাঠাচ্ছে, যেখানে তারা মানুষ হত্যা করছে।
তিনি বলেন— “সরকার দেশের সম্মান ও মর্যাদার নামে সৈন্যদের যুদ্ধক্ষেত্রে পাঠায়, আর তারা মানুষ হত্যা করে। এটাও কি বৈধ? এটি স্পষ্টতই হত্যা। তারা যা করছে, তা মানুষ হত্যাকে উৎসাহিত করারই নামান্তর।”
লান্দাউর এ বক্তব্যের নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ধর্মীয়, ধর্মনিরপেক্ষ ও হারেদি—সব সম্প্রদায়ের যেসব সদস্য সেনাবাহিনীতে কর্মরত, তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলছেন।
তিনি আরও বলেন— “ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা সমাজের সব শ্রেণির মানুষের সর্বোচ্চ সম্মান, কৃতজ্ঞতা ও পূর্ণ সমর্থন পাওয়ার যোগ্য। তোরাহভিত্তিক ধর্মীয় সমাজও এর ব্যতিক্রম নয়।”
এর প্রতিক্রিয়ায় দেগেল হা-তোরাহ আন্দোলন নেতানিয়াহুকে সতর্ক করে জানায়, তাদের আধ্যাত্মিক নেতাকে রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত থাকতে হবে।
দলটির এক বিবৃতিতে বলা হয়— “তোরাহর মহান আলেমদের বক্তব্য ইসরায়েলের জনগণের কাছে সবচেয়ে পবিত্র বিষয়গুলোর অন্তর্ভুক্ত। যারা তাঁদের চিন্তাধারা উপলব্ধি করতে অক্ষম, তাঁদের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া বা তাঁদের বিরুদ্ধে তড়িঘড়ি করে আক্রমণ চালানো তাদের উচিত নয়। তাঁদের ক্রোধের আগুন থেকে সতর্ক থাকুন।”
জেরুজালেম পোস্ট জানিয়েছে, চলতি মাসের শুরুতে রাব্বি লান্দাউ হারেদি ইয়েশিভা (ইহুদি ধর্মীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের) শিক্ষার্থীদের নির্দেশ দেন, তারা যেন কোনো অবস্থাতেই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা না করে এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের নোটিশ উপেক্ষা করে।
আপনার কমেন্ট