হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী হিজবুল্লাহর মহাসচিব ও প্রতিরোধযোদ্ধাদের পাঠানো চিঠির জবাবে নিম্নোক্ত বার্তা প্রদান করেছেন:
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
یا أَیُّهَا الَّذِینَ آمَنُواْ قَاتِلُواْ الَّذِینَ یَلُونَکُم مِنَ الْکُفّارِ وَلْیَجِدُواْ فِیکُمْ غِلْظَة...
হে ঈমানদারগণ! তোমাদের নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ কর এবং তারা যেন তোমাদের মধ্যে দৃঢ়তা প্রত্যক্ষ করে।
জনাব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাইখ নাঈম কাসেম (আল্লাহ তাঁর মর্যাদা অক্ষুণ্ণ রাখুন), লেবাননের হিজবুল্লাহর সম্মানিত মহাসচিব, এবং হিজবুল্লাহর সকল কমান্ডার ও সাহসী, ধৈর্যশীল এবং অবিচল মুজাহিদদের প্রতি আমার সালাম, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
আপনাদের—আমার প্রিয় ভাই ও সন্তানসম, ঈমানদার ও সাহসী প্রতিরোধযোদ্ধাদের—চিঠি, যেখানে আল্লাহর বাণীকে সমুন্নত করা, মহান কুরআনের প্রতিশ্রুতির প্রতি অবিচল বিশ্বাস এবং ইমাম খোমেনী ও শহীদ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী (রহ.)’র মর্যাদাময় আদর্শের প্রতি অঙ্গীকারের প্রকাশ ঘটেছে, তা গভীর প্রশংসা ও সম্মানের দাবিদার।
আজ, যখন বিশ্বের জাতিগুলো যুক্তরাষ্ট্রের সরকার এবং অপরাধী জায়নবাদীদের জুলুম, ধ্বংসযজ্ঞ ও মানবতার বিরুদ্ধে অপরাধে অতিষ্ঠ, তখন জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনো পথ অবশিষ্ট নেই। এ পথে অবিচল থাকলে মহান আল্লাহর প্রতিশ্রুত বিজয় অবশ্যই তাঁর পথে সংগ্রামরত মুমিনদের নসিব হবে।
আজ লেবাননের হিজবুল্লাহ জায়নবাদী শাসন ও তার সমর্থকদের বর্বর আগ্রাসনের মুখে এক অটল শিলাখণ্ডের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তাদের এই অবিচল প্রতিরোধ বিশ্বব্যাপী স্বাধীনতাকামী জাতিগুলোর জন্য বৈশ্বিক ঔদ্ধত্য ও নিপীড়ন থেকে মুক্তির এক অনুপ্রেরণায় পরিণত হয়েছে। নিঃসন্দেহে এই মহান অর্জনের একটি উল্লেখযোগ্য অংশ লেবাননের জনগণ, বিশেষত দক্ষিণাঞ্চলের মানুষের ধৈর্য, আত্মত্যাগ, মর্যাদাবোধ ও অকুণ্ঠ সহযোগিতার ফল।
ইসলামী প্রজাতন্ত্র ইরানও শহীদ বিপ্লবী নেতা ইমাম সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)’র নীতির ধারাবাহিকতায় এই মজলুম ও দৃঢ়চেতা মুজাহিদ ও প্রতিরোধযোদ্ধাদের সমর্থনকে তার কৌশলগত নীতি হিসেবে নির্ধারণ করেছে। পাশাপাশি, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের সম্পূর্ণ ও নিঃশর্ত অবসানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরোপিত যুদ্ধের অবসানসংক্রান্ত যে কোনো সমঝোতার প্রথম শর্ত হিসেবে বিবেচনা করেছে।
মহান আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক সকল শহীদ, আহত যোদ্ধা, তাঁদের ধৈর্যশীল পরিবারবর্গ এবং আল্লাহর পথে হিজরতকারী সেইসব মুমিনদের ওপর, যারা অকল্পনীয় কষ্ট ও দুর্ভোগ ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন।
আল্লাহর শান্তি বর্ষিত হোক হিজবুল্লাহর শহীদদের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, প্রতিরোধ আন্দোলনের অগ্রদূত সকল কমান্ডার এবং তাঁদের শহীদ সহযোদ্ধাদের পবিত্র আত্মার ওপর। তাঁরাই ইসলামী প্রতিরোধের চারাগাছকে এমন এক সুদৃঢ় বৃক্ষে পরিণত করেছেন, যার শিকড় সুপ্রোথিত এবং যার শাখা আকাশচুম্বী। তাঁদের জিহাদ ও প্রতিরোধ লেবাননের জন্য সমগ্র ইসলামী বিশ্বের বুকে সম্মান, মর্যাদা ও গৌরব বয়ে এনেছে।
পরিশেষে, আমি আশা করি, আমাদের ইমামে যামানা (আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন) কল্যাণময় দোয়ার বরকতে মহান আল্লাহর অনুগ্রহ, রহমত ও বিশেষ সাহায্য সকল প্রতিরোধযোদ্ধা, শহীদ, আহত, হিজরতকারী এবং তাঁদের ধৈর্যশীল পরিবারবর্গের ওপর অব্যাহতভাবে বর্ষিত হবে।
وَنُرِیدُ أَن نَّمُنَّ عَلَی الَّذِینَ اسْتُضْعِفُوا فِی الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِینَ.
আর আমি ইচ্ছা করি পৃথিবীতে যারা দুর্বল ও নিপীড়িত হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদের নেতা বানাতে এবং তাদেরই উত্তরাধিকারী করতে।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সাইয়্যেদ মুজতবা হুসাইনি খামেনেয়ী
আপনার কমেন্ট