রবিবার ২ আগস্ট ২০২৬ - ১২:৩০
আহলে বাইতের (আ.) আদর্শ: আদর্শ জীবন গঠনের অনন্য পথনির্দেশ

মাদাগাস্কারের মাজুঙ্গা শহরের হোসেইনিয়া ওয়ালি আসর (আ.)-এ পবিত্র সফর মাসে অনুষ্ঠিত এক ধর্মীয় সমাবেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জয়নুল আবেদীন মুসলিম উম্মাহকে আহলে বাইতের (আ.) আদর্শে জীবন গঠনের আহ্বান জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মাদাগাস্কারের মাজুঙ্গা শহরের ঐতিহাসিক ও পবিত্র হোসেইনিয়া ওয়ালি আসর (আ.)-এ পবিত্র সফর মাসের পুণ্যময় পরিবেশে এক বিরাট ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে মুমিন মুসলমানদের মাঝে ইসলামের বিশুদ্ধ শিক্ষা ও পথনির্দেশনা পৌঁছে দিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জয়নুল আবেদীন।

‘জীবন আহলে বাইত (আ.)-এর আদর্শে পরিচালিত হওয়া উচিত’-এই অমূল্য প্রতিপাদ্যকে কেন্দ্র করে মাওলানা জয়নুল আবেদীন তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর ভাষণে বলেন, আহলে বাইত (আ.) কেবল বংশগত মর্যাদার ধারকই নন, বরং মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত জীবন্ত আদর্শ ও উত্তম প্রতিমান। তাদের জীবনচর্যা, নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার ও ইবাদত-বন্দেগির পদ্ধতি এমন এক পূর্ণাঙ্গ দিশারি, যা অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজ-সব স্তরেই শান্তি ও সমৃদ্ধি আসে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের জটিলতা ও বিভ্রান্তির যুগে আহলে বাইতের (আ.) জীবনদর্শনই একমাত্র মুক্তির পথ। তাদের ভালোবাসা ও অনুসরণ ঈমানের প্রাণশক্তি বৃদ্ধি করে এবং পাপাচার থেকে বিরত রাখে। তিনি শ্রোতাদের উদ্দেশে আহ্বান জানান, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে-ব্যবহার, আচার-আচরণ, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে আমরা যেন আহলে বাইতের (আ.) পবিত্র পথকে বাস্তবায়িত করি।

মাওলানা জয়নুল আবেদীনের সাবলীল ও হৃদয়গ্রাহী বক্তব্যে উপস্থিত শ্রোতারা গভীরভাবে আবিষ্ট হন। শেষদিকে আজাদাররা আহলে বাইতের (আ.) আদর্শে জীবন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী দিনগুলোতে এই দিকনির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

হোসেইনিয়া ওয়ালি আসর (আ.)-এর এই আধ্যাত্মিক আয়োজন অত্যন্ত শান্তিপূর্ণ ও সফল পরিবেশে সম্পন্ন হয়। সংগঠকরা আগামী দিনে এমন আরও শিক্ষামূলক সেমিনার আয়োজনের পরিকল্পনা প্রকাশ করেছেন, যা স্থানীয় মুসলিম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha