বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ - ১২:৩৫
নাইজেরিয়ার সুলেজায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ইমাম হুসাইন (আ.)-এর আরবাঈন পদযাত্রা

ইমাম হুসাইন (আ.)-এর আরবাঈন উপলক্ষে নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের সুলেজা শহরে শাইখ ইব্রাহিম জাকযাকির অনুসারী ও শিক্ষার্থীরা জাঁকজমকপূর্ণ আরবাঈন পদযাত্রার আয়োজন করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কারবালার ঘটনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) এবং তাঁর বিশ্বস্ত সঙ্গীদের মর্মান্তিক শাহাদাতের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পদযাত্রাটি ভোরের দিকে সুলেজা স্থানীয় সরকারের সচিবালয়ের নিকটবর্তী স্টেডিয়াম থেকে শুরু হয়। বিপুলসংখ্যক নারী-পুরুষ কালো পোশাক পরিধান করে সুশৃঙ্খল সারিতে শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করেন।

অংশগ্রহণকারীরা সুলেজার প্রধান সড়কগুলো অতিক্রম করে ‘রাফিন সানিই’ এলাকা, সেখান থেকে ‘ওল্ড কোয়াটা’ হয়ে ‘কোয়ানকোয়াশে’ শহরের দিকে অগ্রসর হন। পরে আবুজা অঞ্চলের জুবা শহরের নিকটবর্তী ‘মাদাল্লা’ বাজার চত্বরে এই আরবাঈন পদযাত্রার সমাপ্তি ঘটে।

অংশগ্রহণকারীরা কালো পোশাক পরিধান এবং আরবাঈন পদযাত্রার মাধ্যমে ইমাম হুসাইন (আ.) ও তাঁর বিশ্বস্ত সঙ্গীদের শাহাদাতের প্রতি গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা কারবালায় মহানবী (সা.)-এর পরিবারবর্গের ওপর সংঘটিত জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এই অনুষ্ঠানে নাইজেরিয়ার বিভিন্ন শহর ও অঞ্চল-যেমন মিনা, সুলেজা, কাদুনা, কন্টাগোরা, কানো, সকোতো, গুসাউ, কাতসিনা এবং লাগোস-থেকে আগত শাইখ ইব্রাহিম জাকযাকির অনুসারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং এই আধ্যাত্মিক কর্মসূচিতে শামিল হন।

বিপুল জনসমাগমের মধ্যেও অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সমাপ্ত হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় আহলে বাইত (আ.)-এর অনুসারীদের মধ্যে ইমাম হুসাইন (আ.)-এর আরবাঈন পদযাত্রা আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রকাশ এবং আশুরার আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্নবায়নের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha