হাওজা নিউজ এজেন্সি’র আন্তর্জাতিক বিভাগ ইসলামিক অ্যানালাইসিসের বরাত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে—পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংসের সময় ইসরায়েলি বাহিনী তুরস্কের প্রতিষ্ঠান হিড্রোমেক (Hidromek)-এর তৈরি ভারী নির্মাণযন্ত্র ব্যবহার করেছে।
প্রকাশিত ছবিগুলোতে হিড্রোমেকের লোগোযুক্ত যন্ত্রপাতিকে ইসরায়েলি সামরিক যানবাহনের পাশে দেখা যায়। এসব যন্ত্রপাতি পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের বাড়ি ও দোকানপাট ভাঙার কাজে ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে হিড্রোমেকের কাছে তাদের যন্ত্রপাতি কীভাবে এবং কোন পরিস্থিতিতে এসব অভিযানে ব্যবহৃত হয়েছে—সে বিষয়ে ব্যাখ্যার দাবি উঠেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আঙ্কারাভিত্তিক হিড্রোমেক কোম্পানি এই অঞ্চলে তাদের পণ্য সরবরাহ করত ইসরায়েলি প্রতিষ্ঠান আমকোল (Amcol)-এর মাধ্যমে। আমকোল ইসরায়েলে হিড্রোমেকের প্রতিনিধি হিসেবে কাজ করত।
তবে যন্ত্রপাতি সরবরাহকারী কোম্পানি সরাসরি এসব অভিযানের সঙ্গে জড়িত কি না—তা পৃথকভাবে নিশ্চিত করা হয়নি।
আপনার কমেন্ট