মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ - ১২:০৪
এসএনএসসি’র সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়: আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে মেজর জেনারেল মোহসেন রেজায়ীর নিয়োগের পরও পূর্বের মতোই কাউন্সিলটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

হাওজা নিউজ এজেন্সি: সোমবার মোহসেন রেজয়ীকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় আরাকচি বলেন, প্রতিরক্ষা, নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা হিসেবে জনাব রেজায়ীর নিয়োগ জটিল কৌশলগত বিষয় মোকাবিলায় তাঁর অভিজ্ঞতা ও সক্ষমতার ওপর আস্থার প্রতিফলন।

আরাকচি বলেন, “বর্তমান উচ্চঝুঁকিপূর্ণ পরিস্থিতি এবং দ্রুত পরিবর্তনশীল পরিবেশে এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হবে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের সামগ্রিক নীতিমালার কাঠামোর মধ্যে থেকে এবং অতীতের মতোই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাবে। এর মাধ্যমে জাতীয় স্বার্থ এগিয়ে নেওয়া, ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান ও কর্তৃত্ব জোরদার করা এবং দেশের টেকসই নিরাপত্তা নিশ্চিত ও সুসংহত করার চেষ্টা করা হবে।”

বার্তার শেষে আরাকচি রেজায়ীর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। একই সঙ্গে ইরানি জনগণের সেবা এবং দেশের জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর প্রচেষ্টারও সাফল্য কামনা করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha