বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ - ১২:১৬
হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ পার হতে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

হাওজা নিউজ এজেন্সি: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলেও বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের ক্ষেত্রে ইরান সহযোগিতা করবে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে আঞ্চলিক উত্তেজনা দ্রুত কমানো এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতে সাম্প্রতিক আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তি (মক্কা প্যাক্ট) নিয়েও আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত বলেন, এই চুক্তি ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে ইরান তাতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। একই সঙ্গে মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়েও তেহরানের আপত্তি নেই বলে জানান তিনি।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি মক্কা প্যাক্টে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশও বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে; তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে ইরানের আশ্বাস এবং মক্কা প্যাক্ট নিয়ে তেহরানের নমনীয় অবস্থান—দুই ক্ষেত্রেই বাংলাদেশের সঙ্গে ইরানের কূটনৈতিক যোগাযোগের গুরুত্ব নতুন করে সামনে এসেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha