হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকা এবং ইয়েমেনের পক্ষ থেকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চলতে থাকায় দেশটির অর্থনীতি সংকোচনের মুখে পড়েছে।
সৌদি আরবের সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ের তুলনায় তেল খাতের কার্যক্রম ২০ দশমিক ৪ শতাংশ কমে যাওয়ায় প্রকৃত জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
এই পরিসংখ্যান চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বার্ষিক ভিত্তিতে ৪ দশমিক ৭ শতাংশ অর্থনৈতিক সংকোচনের তুলনায় সামান্য উন্নতির ইঙ্গিত দিলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক। তবে প্রকাশিত তথ্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়কে অন্তর্ভুক্ত করেছে। ফলে ইয়েমেনের সঙ্গে সংঘাতের সাম্প্রতিক তীব্রতার কিছু প্রভাব এতে প্রতিফলিত হয়নি।
তেলের আয় কমায় আর্থিক সংকটে সৌদি আরব
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বার্কলেজ ব্যাংকের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক অর্থনীতিবিদ জেমস সোয়ানস্টন বলেছেন, তেল থেকে প্রাপ্ত রাজস্বের ওপর সীমিত নিয়ন্ত্রণক্ষমতা এবং সরকারি ব্যয় কমাতে রিয়াদের অনীহার কারণে সৌদি আরবের আর্থিক নীতিনির্ধারণের বিকল্পগুলো সংকুচিত হয়ে পড়েছে।
তাঁর মতে, এই পরিস্থিতি ভবিষ্যতে দেশটির নাগরিকদের ওপর নতুন কর আরোপের পথ তৈরি করতে পারে।
তিনি আরও জোর দিয়ে বলেন, উপসাগরীয় অঞ্চলের একটি দেশের জন্য সরকারি খাতের বিপুল বেতন-ভাতার ব্যয় থাকা অবস্থায় সরকারি ব্যয় কমানো রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না।
এই পশ্চিমা অর্থনীতিবিদের ভাষায়, সৌদি আরব যদি সরকারি ব্যয় কমাতে না পারে অথবা তেলের রাজস্বের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে ব্যর্থ হয়, তাহলে দেশটির আর্থিক নীতিনির্ধারণে তেলবহির্ভূত আয় ও করের ওপর নির্ভরতা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেই থেকে যাবে।
আপনার কমেন্ট