বুধবার ৪ নভেম্বর ২০২৬ - ০৮:৪৯
ইরানের ইসলামী বিপ্লব বিশ্বের জাতিগুলোর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে

ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি দফতরের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোস্তফা রোস্তমি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্বের জাতিগুলোর মধ্যে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার চেতনা জাগ্রত করেছে। একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা করে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শিক্ষা দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩রা নভেম্বর) দেশটির মাশহাদ শহরে ইমাম রেজা (আ.)-এর মাজারসংলগ্ন আস্থানে কুদস রাজাভির গ্রন্থাগারের কুদস মিলনায়তনে আয়োজিত একাদশ ‘মুজাহিদানে গোরবাত’ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং প্রতিরোধ অঙ্গনের আন্তর্জাতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

জনাব রোস্তমি বলেন, ইরানের জনগণ দেশজুড়ে টানা ২৪০ রাতেরও বেশি সময় বিভিন্ন ময়দানে উপস্থিত থেকে ইসলাম রক্ষায় নিজেদের সংগ্রাম, নিষ্ঠা ও অঙ্গীকারের প্রমাণ দিয়েছেন।

সম্মেলনের একাদশ অধিবেশনে শহীদ ইমামের দৃষ্টিভঙ্গিতে আধিপত্যবাদবিরোধী অবস্থান নিয়ে আয়োজিত গবেষণাধর্মী বৈঠকগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি বিশেষায়িত বৈঠকে এ বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। গবেষক ও বিশেষজ্ঞরা মূল্যবান গবেষণাপত্র উপস্থাপন করেছেন, যা শিগগিরই প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, গবেষণাধর্মী আয়োজনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশের জনপর্যায়ে প্রতিরক্ষা ও সীমান্ত সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারীদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা বিভিন্ন শহর ও প্রদেশ থেকে প্রতিনিধিত্ব করে সম্মেলনে অংশ নেন এবং ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন।

তাঁদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন বৈঠক ও কর্মশালায় মাঠপর্যায়ে জনগণের ভূমিকা, অভিজ্ঞতা বিনিময় এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের পরিধি ও বৈচিত্র্য বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সামরিক শক্তির চেয়েও জাতিগুলোর পরাধীন মানসিকতা আধিপত্যবাদীদের শক্তির উৎস
আধিপত্যবাদবিরোধী অবস্থান সম্পর্কে শহীদ ইমামের চিন্তাধারা ব্যাখ্যা করে জনাব রোস্তমি বলেন, এ বিষয়ে তাঁর বক্তব্য মূলত পবিত্র কোরআন ও আল্লাহর বাণীরই প্রতিফলন। কোরআনের শিক্ষা অনুযায়ী, আধিপত্যবাদী শক্তিগুলোর ক্ষমতার প্রধান উৎস তাদের প্রকৃত সামরিক বা বস্তুগত শক্তি নয়; বরং জাতিগুলোর এমন মানসিকতা, যার কারণে তারা আধিপত্য মেনে নেয় এবং এসব শক্তির সামনে নিজেদের দুর্বল ও হীন মনে করে।

তিনি বলেন, জাতিগুলোর মনোবল ভেঙে দেওয়া এবং তাদের মধ্যে আত্মসমর্পণের মানসিকতা তৈরি করাই আধিপত্যবাদীদের শক্তিশালী হওয়ার অন্যতম প্রধান কারণ। এ কারণে ইসলামী বিপ্লব, ইমাম খোমেনি (রহ.)-এর আন্দোলন এবং মুসলিম উম্মাহর নেতৃত্ব ও পরিচালনায় গত ৩৭ বছর ধরে শহীদ ইমামের সংগ্রামী ও দূরদর্শী নেতৃত্বের অন্যতম লক্ষ্য ছিল ঔপনিবেশিক ও আধিপত্যবাদী মানসিকতা ভেঙে দেওয়া।

হুজ্জাতুল ইসলাম রোস্তমির ভাষায়, ইসলামী বিপ্লব জাতিগুলোর মধ্যে আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ এবং নিজেদের সক্ষমতার ওপর বিশ্বাস জাগিয়ে তুলেছে। একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা করে বৃহৎ শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আধিপত্যবাদীদের অন্যায় দাবি মেনে না নেওয়ার শিক্ষা দিয়েছে।

আল্লাহর ওপর ভরসা ও নির্ভরতার বিষয়ে কোরআনের শিক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, মহান আল্লাহ মুমিনদের তাঁর ওপর নির্ভর করে বাহ্যিক শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। এই বিশ্বাসই জাতিগুলোর আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার ভিত্তি এবং বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অন্যতম চালিকাশক্তি।

বিশ্বরাজনীতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত ঐশী শক্তির ওপর নির্ভরশীল হওয়ায় ইরান এমন এক শক্তির সমর্থন লাভ করেছে, যার সামনে বস্তুগত শক্তিগুলো তুচ্ছ। ঔপনিবেশিক মানসিকতা ভেঙে দেওয়া এবং জাতিগুলোর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা ইসলামী বিপ্লব ও শহীদ ইমামের অন্যতম বড় অবদান।

যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে প্রতিরোধের উদাহরণ ইরান
যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান ও সাম্প্রতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে জনাব রোস্তমি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র ও মিত্ররাও দেশটির অবস্থান ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। এমনকি কানাডাও ট্রাম্পের আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে ভুল হিসাব-নিকাশের মাধ্যমে পরিচালিত আধিপত্যবাদী ব্যবস্থাকে মোকাবিলার উদাহরণ হিসেবে ইরানের কথা উল্লেখ করছে।

ইসলামী বিপ্লবের ভবিষ্যৎ সম্পর্কে শহীদ ইমামের দেওয়া দিকনির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানি জনগণের ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আশা ও বিপ্লবের আদর্শ অটুট রেখে শহীদ ইমাম জাতির জন্য যে পথনির্দেশনা দিয়ে গেছেন, তা অনুসরণ করতে হবে।

ইসলামী বিপ্লবের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে শহীদ ইমামের বক্তব্য স্মরণ করে রোস্তমি বলেন, তিনি তরুণ ও শিক্ষার্থীদের সুসংবাদ দিয়েছিলেন যে, তারাই মহান বেলায়াতের সূর্যোদয়ের ক্ষেত্র প্রস্তুত করবে। তাঁরা এমন এক দিনের সাক্ষী হবেন, যে দিনের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর থেকে ১ হাজার ৪০০ বছরেরও বেশি সময় ধরে মুসলিম উম্মাহ অপেক্ষা করে আসছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha