হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় সংগ্রাম দিবস উপলক্ষে এক বার্তায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা এই দিনটিকে ‘সত্যের শিবিরের সঙ্গে মিথ্যার শিবিরের মুখোমুখি অবস্থানের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি অপরাধী আমেরিকার ব্যাপারে ইরানি জনগণের অবস্থান আগের যেকোনো সময়ের তুলনায় আরও স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেছেন।
আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ী বিভিন্ন সময়ে ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকার কয়েক দশকের প্রকাশ্য শত্রুতার ইতিহাস তুলে ধরে বলেন, ইরানি জনগণের জন্য বৃহৎ শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামের দিন এখন আর শুধু একটি নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্তই প্রতিরোধ ও সংগ্রামের সময়ে পরিণত হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, শত্রু প্রতিটি পর্যায়েই ইরানের জনগণের সাহসী ইচ্ছাশক্তি এবং বাস্তব পরিস্থিতির সুদৃঢ় প্রাচীরের মুখোমুখি হয়েছে। সর্বোচ্চ নেতা আরও বলেন, পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতার পর্যায়ে পৌঁছানোর একমাত্র উপায় হলো সর্বাত্মক উন্নয়নের পথে ‘আরও শক্তিশালী ইরান’ কৌশল অব্যাহত রাখা। একই সঙ্গে তিনি জনগণ ও কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর পুনরায় গুরুত্বারোপ করেন।
বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় সংগ্রাম দিবস উপলক্ষে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ীর বার্তাটি নিচে তুলে ধরা হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আজ বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় সংগ্রাম দিবস। এই দিনটি সত্যের শিবিরের সঙ্গে মিথ্যার শিবির এবং মজলুমের সঙ্গে জালিমের মুখোমুখি অবস্থানের ইতিহাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাকে একত্রিত করেছে।
বলা যায়, এ বছর ১৩ আবান (৪ নভেম্বর) ইরানি জনগণ অপরাধী আমেরিকার ব্যাপারে নিজেদের অবস্থান আগের যেকোনো বছরের তুলনায় আরও স্পষ্ট ও স্বচ্ছভাবে বুঝতে পেরেছে। তবে আমেরিকার ক্রমবর্ধমান শত্রুতার শিকড়, কারণ ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পর্যালোচনা করা এবং এর বিরুদ্ধে ইরানি জনগণের সুদৃঢ় অবস্থান সম্পর্কে উপলব্ধি অর্জন ভবিষ্যতের পথচলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকার অত্যাচারের সূচনা সাত দশকেরও বেশি আগে। যখন তারা ২৮ মর্দাদ (১৯ আগস্ট) অভ্যুত্থান সংঘটিত করে ইরানের জাতীয় সম্পদ, বিশেষ করে তেলসম্পদ লুণ্ঠন অব্যাহত রাখার ব্যবস্থা করেছিল। ইসলামী বিপ্লবের বিজয়ের আগ পর্যন্ত পরবর্তী কয়েক দশক ছিল এমন এক সময়, যখন আমেরিকার শাসকরা ইরানি জনগণের সম্পদ লুণ্ঠনের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল।
এ লক্ষ্যে তারা সাভাক (SAVAK) গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠা করে এবং সমাজের ওপর কঠোর নিরাপত্তাব্যবস্থা চাপিয়ে দেয়। এর মাধ্যমে তৎকালীন স্বৈরাচারী সরকারকে যেকোনো প্রতিবাদী আন্দোলন দমনের জন্য আরও বেশি সুযোগ করে দেয়। এমনকি ইসলামী বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের প্রাক্কালেও তারা নিজেদের পুতুল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নানা ধরনের ষড়যন্ত্র ও কৌশল অবলম্বন করেছিল।
ইরানি জনগণের মহান বিপ্লবের বিজয়ের পরও আমেরিকার শত্রুতামূলক কর্মকাণ্ডের দীর্ঘ তালিকা রয়েছে। এর মধ্যে রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, অভ্যুত্থানকারীদের এবং মুনাফিক গোষ্ঠীর প্রতি সমর্থন-যারা বৈজ্ঞানিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষকে নির্মমভাবে শহীদ করেছে।
এ ছাড়া প্রথম চাপিয়ে দেওয়া যুদ্ধে (ইরান-ইরাক যুদ্ধ) বাথ পার্টিকে সরাসরি ও সর্বাত্মক সমর্থন প্রদান, যাত্রীবাহী বিমানের নিরীহ যাত্রীদের হত্যা, দীর্ঘমেয়াদি ও ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, বিভিন্ন দাঙ্গা ও ষড়যন্ত্রের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা এবং এমনকি এসব কর্মকাণ্ডে অস্ত্র সরবরাহ করা-এসবই আমেরিকার শত্রুতার অংশ।
এ তালিকায় আরও রয়েছে ইরানের জাতীয় বীর ও ইসলামী উম্মাহর গর্ব জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা, বিভিন্ন দেশে ইরানি জনগণের সম্পদ ও অর্থ লুট করা এবং সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে অসংখ্য ইরানি নাগরিক, বিশিষ্ট ব্যক্তি, বিজ্ঞানী ও সামরিক কমান্ডারকে শহীদ করা। এই আগ্রাসনে নবজাতক শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে সর্বাগ্রে রয়েছেন ইসলামী বিপ্লবের মহান নেতা, যাঁর পবিত্র আত্মার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক।
এসব প্রতিটি পর্যায়েই আমেরিকার আধিপত্যবাদী শাসকগোষ্ঠী ও তাদের অনুগতরা ইরানের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করেছে। এমনকি তাদের সাম্প্রতিক জবরদস্তিমূলক পরিকল্পনাগুলোতে আন্তর্জাতিক রীতিনীতি ও প্রতারণামূলক কূটনৈতিক আচরণের মুখোশও খুলে ফেলেছে। তারা নির্লজ্জভাবে ইরানকে বিভক্ত করা, জনগণকে নতজানু করা, রাষ্ট্রব্যবস্থা ভেঙে ফেলা এবং ইরানের প্রাচীন ও স্বতন্ত্র সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা করছে।
কিন্তু প্রতিটি পর্যায়েই তারা ইরানের জনগণের দৃঢ় ইচ্ছাশক্তি এবং বাস্তব পরিস্থিতির শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি হয়েছে। তাদের ভুল হিসাব-নিকাশ ও আধিপত্যবাদী কল্পনার পরিণতি শেষ পর্যন্ত আমেরিকার জনগণ এবং তাদের পুতুল সরকারগুলোর ওপর বিপুল ব্যয়ের বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছে।
এখন মুসলিম ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকার দীর্ঘদিনের শত্রুতা এবং সব ইরানির বীরত্বপূর্ণ প্রতিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আর শুধু ১৩ আবান নয়; বরং প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্তই বৃহৎ শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামের সময়ে পরিণত হয়েছে।
বর্তমানে পারস্য উপসাগর, বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি যেমন আমেরিকার অপরাজেয়তার মিথকে মিথ্যা প্রমাণ করেছে, তেমনি নিজেদের জনগণের পরিবর্তে অন্য শক্তির ওপর নির্ভরশীল সরকারগুলোর দুর্বলতা ও অসহায়ত্ব এবং বৃহৎ শক্তিগুলোর নিজেদের পুতুল সরকারকে রক্ষা করার অক্ষমতা ও অবিশ্বস্ততাও প্রকাশ করে দিয়েছে।
হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আঞ্চলিক দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করা যদিও তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে আমেরিকার আগ্রাসন ও অপরাধের প্রতিক্রিয়া ছিল, তবে একই সঙ্গে এটি আঞ্চলিক পর্যায়ে আধিপত্যবাদের বিরুদ্ধে একটি প্রাথমিক জিহাদ হিসেবেও বিবেচিত। ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন পুনরাবৃত্তি হলে এর পরিধি আরও ব্যাপক হবে।
এই শক্তির প্রকাশের পাশাপাশি সত্যের শিবিরের বিভিন্ন অংশের ঐক্য এবং ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেন থেকে প্রতিরোধ ফ্রন্টের বুদ্ধিদীপ্ত ও শক্তিশালী বীরত্বপূর্ণ কর্মকাণ্ড বিশ্বব্যবস্থায় সত্যের পতাকার উত্থান এবং নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তুতির এক উজ্জ্বল ও আশাব্যঞ্জক সূচনা।
কারণ, যখনই সত্যের শিবির আল্লাহর ওপর ভরসা, অবিচলতা ও আত্মত্যাগের মনোভাব ধারণ করবে, তখন মিথ্যার শিবির যত শক্তিশালীই হোক না কেন, তার পক্ষে সত্যের সামনে টিকে থাকা সম্ভব হবে না। পশ্চাদপসরণ ও পরাজয়ই হবে তার অনিবার্য পরিণতি। নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হওয়ার জন্যই নির্ধারিত।
আলহামদুলিল্লাহ, ইরানি জনগণ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিশুদ্ধ ইসলামের শিক্ষা, ইসলামী বিপ্লবের আদর্শ এবং তাঁদের প্রজ্ঞাবান নেতৃবৃন্দ-ইমাম খোমেনি (রহ.) ও শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর (রহ.) শিক্ষাদর্শন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে এই পথের সত্যতা সম্পর্কে তাদের বিশ্বাস প্রতিদিন আরও গভীর হচ্ছে।
আজ আধিপত্যবাদীদের নিজেদের সৃষ্ট কেলেঙ্কারির কারণে সামরিক শক্তি এবং আন্তর্জাতিক পর্যায়ে নরম শক্তি-উভয় ক্ষেত্রেই আমেরিকার ক্রমশ ক্ষয়িষ্ণু ক্ষমতা ও আধিপত্যের এমন পতন ঘটেছে, যা থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। দেশটির পতনের প্রক্রিয়াও আরও দ্রুততর হয়েছে।
এখনো যদি কেউ কেউ আধিপত্যবাদী ব্যবস্থার আচরণ পরিবর্তন কিংবা দলীয় ও রাজনৈতিক ক্ষমতার পালাবদলের মাধ্যমে পরিস্থিতির উন্নতির সামান্য আশাও করে থাকেন, অথবা মনে করেন আমেরিকাকে কিছু ছাড় দিয়ে ইরানি জনগণের বিরুদ্ধে তার শত্রুতা বন্ধ করা সম্ভব, তাহলে তাঁরা মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন।
এ ধরনের ভ্রান্ত ধারণা আল্লাহর ওপর ভরসা, অবিচলতা ও সংগ্রামের মাধ্যমে মুসলিম ইরানি জনগণের অর্জিত বিশাল বিজয়ের প্রতি অকৃতজ্ঞতার শামিল।
বৃহৎ শয়তানের আকাঙ্ক্ষা হলো ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমর্পণ। আধিপত্যবাদী শত্রুর প্রতি সামান্যতম আত্মসমর্পণমূলক মনোভাবও শহীদদের রক্ত এবং জনগণের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বিশাল সম্পদকে ধ্বংস করে দেবে। একই সঙ্গে তা আধিপত্যবাদী শত্রুকে আরও বেশি দাবি আদায়, নতুন যুদ্ধ এবং পরবর্তী আগ্রাসনের জন্য সাহসী করে তুলবে।
পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতার পর্যায়ে পৌঁছানোর একমাত্র উপায় হলো সর্বাত্মক উন্নয়নের পথে ‘আরও শক্তিশালী ইরান’ কৌশল অব্যাহত রাখা। এ পথে সামাজিক ঐক্য, সংহতি ও জাতীয় একাত্মতা হলো সাফল্যের প্রধান উপাদান। জনগণ ও কর্মকর্তাদের ব্যক্তিগত এবং সামাজিক সব ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডে এই নীতি প্রতিফলিত হওয়া জরুরি।
এ ক্ষেত্রে কর্মকর্তাদের প্রতি জনগণের সমর্থন যেমন অপরিহার্য, তেমনি কর্মকর্তাদেরও জনগণের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জিহাদি চেতনা নিয়ে কাজ করা এবং জনগণের জীবনযাত্রা, স্বাচ্ছন্দ্য, বস্তুগত ও আধ্যাত্মিক উন্নয়ন, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।
প্রিয় ইরানের উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ নির্মাণের অগ্রণী শক্তি হলো আমাদের তরুণ সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থীরা। তাদের অব্যাহতভাবে হতাশা, নিরাশা ও ‘কিছুই সম্ভব নয়’-এমন অন্ধকার মানসিকতার আস্তানা দখল ও ধ্বংস করে ‘আশা ও আমরা পারব’-এই আলোকিত ভবিষ্যতের দ্বার উন্মোচনে সচেষ্ট থাকতে হবে।
এই দায়িত্ব পালনের জন্য তাদের অসাধারণ দক্ষতা অর্জন করতে হবে এবং জ্ঞান, তাকওয়া, পেশাগত দক্ষতা, নৈতিকতা, দৃঢ় সংকল্প ও অসাধারণ প্রচেষ্টার মতো বিভিন্ন অস্ত্রে নিজেদের সজ্জিত করতে হবে। পাশাপাশি মহান লক্ষ্য অর্জনের জন্য তাদের মধ্যে পারস্পরিক অঙ্গীকার ও ঐক্য থাকতে হবে।
আশা করি, মহান আল্লাহর অনুগ্রহ এবং আমাদের প্রভু ইমাম মাহদির (আ.) দোয়া ও বরকতে ইরানি জনগণ অতি শিগগিরই বিজয়, সৌভাগ্য এবং সর্বাত্মক উন্নতির স্বাদ লাভ করবে। একই সঙ্গে বৃহৎ শয়তানের আধিপত্যের পতন আরও দ্রুত ও ব্যাপকভাবে ত্বরান্বিত হবে।
নিশ্চয়ই তারা একে সুদূরপরাহত মনে করে, আর আমরা একে অতি নিকটবর্তী মনে করি।
সাইয়্যেদ মোজতবা হুসাইনি খামেনেয়ী
১৩ আবান ১৪০৫ হিজরি সৌর (৪ নভেম্বর ২০২৬)
আপনার কমেন্ট