বুধবার ৪ নভেম্বর ২০২৬ - ১৫:৫৫
বেলফোর ঘোষণা: কীভাবে একটি চিঠি ফিলিস্তিনের ভাগ্য বদলে দিয়েছিল?

মাত্র কয়েকটি পঙ্‌ক্তির একটি চিঠি ১০৯ বছর আগে একটি ভূখণ্ডের ভাগ্যকে এমন এক বিতর্কিত পথে ঠেলে দিয়েছিল, যার পরিণতি আজও অনিশ্চিত। এই ঘোষণা শুধু ফিলিস্তিনের ইতিহাসই নয়, বরং বিশ্বরাজনীতির সমীকরণও চিরতরে বদলে দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বেলফোর ঘোষণা জারির বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার এক প্রতিবেদনে এই ঔপনিবেশিক সিদ্ধান্তের ঐতিহাসিক পটভূমি এবং এর দীর্ঘস্থায়ী পরিণতি তুলে ধরেছে।

কুখ্যাত বেলফোর ঘোষণা জারির ১০৯ বছর পেরিয়ে গেছে। এই ঘোষণা আধুনিক ইতিহাসের দীর্ঘতম রাজনৈতিক ও মানবিক বিপর্যয়গুলোর একটির সূচনা করেছিল। ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেন মাত্র একটি চিঠির মাধ্যমে এমন একটি ভূখণ্ডের ভাগ্য পরিবর্তনের পথ তৈরি করে, যার অধিবাসীদের এই সিদ্ধান্ত গ্রহণে কোনো ভূমিকা ছিল না। পরবর্তী সময়ে বিশ্বশক্তিগুলোর সমর্থনে এই সিদ্ধান্তের পরিণতি দাঁড়ায় দখলদারত্ব, বাস্তুচ্যুতি এবং একটি জাতির অধিকারহীনতা।

১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর লর্ড রথসচাইল্ডের কাছে পাঠানো এক চিঠিতে ফিলিস্তিন ভূখণ্ডে ‘ইহুদি জাতির জন্য একটি জাতীয় আবাসভূমি’ প্রতিষ্ঠার প্রতি ব্রিটিশ সরকারের সমর্থন ঘোষণা করেন। ফিলিস্তিনের মূল অধিবাসীদের ইচ্ছা, রাজনৈতিক অধিকার ও জাতীয় অধিকারের বিষয়টি বিবেচনায় না নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই চিঠির একটি বিশেষ দিক ছিল, এতে ফিলিস্তিনিদের কেবল ‘অ-ইহুদি সম্প্রদায়’ হিসেবে উল্লেখ করা হয়েছিল এবং তাদের নাগরিক ও ধর্মীয় অধিকার সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। যেন বহু প্রজন্ম ধরে এই ভূখণ্ডে বসবাসকারী মানুষের নিজেদের রাজনৈতিক ও জাতীয় ভবিষ্যৎ নির্ধারণের কোনো অধিকারই ছিল না।

এই ঘোষণা কেবল একটি কূটনৈতিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ১৯২২ সালে জাতিপুঞ্জ ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের দলিলে বেলফোর ঘোষণার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে। এর ফলে ইহুদি অভিবাসন এবং বসতি স্থাপন সম্প্রসারণের জন্য বাস্তবায়নমূলক ভিত্তি তৈরি হয়। এভাবে একটি রাজনৈতিক সিদ্ধান্ত ফিলিস্তিনের জনসংখ্যাগত ও রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনের আনুষ্ঠানিক নীতিতে পরিণত হয়।

১৯৪৮ সালে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের অবসান ঘটলেও ফিলিস্তিনিরা স্বাধীনতা অর্জন করতে পারেনি। বরং যুদ্ধ এবং ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে প্রায় ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ও মাতৃভূমি থেকে বাস্তুচ্যুত হন। ফিলিস্তিনের ইতিহাসে এই বিপর্যয় ‘নাকবা’ নামে পরিচিত।

একই বছরের ১১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪ নম্বর প্রস্তাব গ্রহণ করে। এতে ফিলিস্তিনি শরণার্থীদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অধিকার এবং ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি স্বীকৃতি পায়। কিন্তু কয়েক দশক পেরিয়ে গেলেও লাখ লাখ ফিলিস্তিনি এখনো বাস্তুচ্যুতি ও নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত রয়েছেন।

১৯৬৭ সালে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দখলের মধ্য দিয়ে ফিলিস্তিন সংকটের আরেকটি অধ্যায়ের সূচনা হয়। পরবর্তী বছরগুলোতে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ধীরে ধীরে ফিলিস্তিনিদের জমি দখলের ফলে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়ে।

২০১৬ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২৩৩৪ নম্বর প্রস্তাব গ্রহণ করে। এতে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হয় এবং অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়।

তবে এসব আন্তর্জাতিক অবস্থান সত্ত্বেও বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ হয়নি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (OCHA) প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ৩৯৭টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলায় ফিলিস্তিনিরা শহীদ ও আহত হয়েছেন অথবা তাঁদের সম্পদের ক্ষতি হয়েছে। ২০০৬ সালে এ ধরনের ঘটনা নথিভুক্ত করা শুরু হওয়ার পর এটিই কোনো এক মাসে সর্বোচ্চ হামলার সংখ্যা।

আজ বেলফোর ঘোষণার ১০৯ বছর পরও গাজা এই চলমান অপরাধের অন্যতম স্পষ্ট দৃষ্টান্ত হয়ে রয়েছে। এমনকি ২০২৫ সালের অক্টোবর মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তিও এই অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনতে পারেনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২৬ সালের অক্টোবর মাসেই ১৪৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ৬৭৪ জন আহত হয়েছেন। এর ফলে ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ফিলিস্তিনি শহীদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৩ জনে।

ঐতিহাসিক সেই চিঠি প্রকাশের ১০৯ বছর পরও ফিলিস্তিন প্রশ্নটি একই মৌলিক প্রশ্নের মুখোমুখি: যেসব শক্তি এই বিপর্যয় সৃষ্টিতে ভূমিকা রেখেছিল এবং কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের অধিকারের কথা বলে আসছে, তারা এখনো কেন দখলদারত্ব, বাস্তুচ্যুতি ও হত্যাযজ্ঞের অবসান ঘটাতে পারেনি? কেন সেই ঐতিহাসিক সিদ্ধান্তের মূল্য আজও ফিলিস্তিনের সাধারণ মানুষকে দিতে হচ্ছে?

সূত্র: ফিলিস্তিনি মিডিয়া সেন্টার (আল-মারকাজ আল-ফিলিস্তিনি লিল-ই‘লাম)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha