হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গত কয়েক মাস ধরে আব্দুল আল-সাইয়েদ, ক্রিস পাপাস, জেমস টালারিকোসহ আরও কয়েকজন নেতা নির্বাচনী প্রচারণায় সর্বশক্তি নিয়োগ করেছিলেন। অবশেষে মঙ্গলবার তাঁদের অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে।
৪২ বছর বয়সী আব্দুল আল-সাইয়েদ রিপাবলিকান প্রার্থী এবং ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেট আসনে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, ৪৬ বছর বয়সী ক্রিস পাপাস নিজ রাজ্য নিউ হ্যাম্পশায়ারে সিনেট নির্বাচনে জয়লাভ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন।
৩৭ বছর বয়সী জেমস টালারিকো টেক্সাসে জয়লাভ করে রাজ্যটির সিনেট আসন ডেমোক্র্যাটদের দখলে ফিরিয়ে এনেছেন। ১৯৮৮ সালের পর তিনিই প্রথম ডেমোক্র্যাট, যিনি টেক্সাসের এই সিনেট আসনে বিজয়ী হয়েছেন।
তবে এই বিজয়ীদের সাফল্যের পেছনে তাঁদের জীবনসঙ্গীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচনী প্রচারণার পুরো সময় যাঁরা তাঁদের পাশে ছিলেন, বিজয়ের পর তাঁরাও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর ওয়াশিংটনের নতুন আলোচিত ক্ষমতাধর দম্পতিদের পরিচয় তুলে ধরা হলো।
আব্দুল আল-সাইয়েদ ও ডা. সারাহ জুকাকু
আব্দুল আল-সাইয়েদ ও তাঁর স্ত্রী ডা. সারাহ জুকাকু
৪২ বছর বয়সী আব্দুল আল-সাইয়েদ রিপাবলিকান প্রার্থী এবং ট্রাম্প-সমর্থিত মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেট নির্বাচনে জয়লাভ করেছেন।
তাঁর নির্বাচনী প্রচারণার পুরো সময় স্ত্রী মনোরোগ বিশেষজ্ঞ ডা. সারাহ জুকাকু তাঁর পাশে ছিলেন। বিজয় ঘোষণার সময়ও তিনি স্বামীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন।
তাঁদের পরিচয় হয়েছিল মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পত্রিকা দ্য মিশিগান ডেইলি-তে তাঁদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
ওই প্রতিবেদনে ডা. জুকাকু জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময়ই আব্দুল আল-সাইয়েদ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
তিনি সে সময় স্মৃতিচারণ করে বলেন, ‘আমি তখন বেশ তরুণী ছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমরা দুজনই বেড়ে উঠছি, এখন আমরা একসঙ্গে বেড়ে উঠতে পারি।
আব্দুল আল-সাইয়েদ ওই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ইসলামী বিশ্বাসের কারণে তিনি সব সময়ই অল্প বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে বিবাহপূর্ব কোনো ধরনের সম্পর্কের অনুমতি নেই। এমনকি স্পর্শ করারও সুযোগ নেই। এই পরিস্থিতিতে বিয়ে করাই ছিল যৌক্তিক সমাধান।
সিনেট নির্বাচনে বিজয়ী এই নেতা সে সময় আরও বলেছিলেন, আমি এমন একজন মেয়ের সঙ্গে পরিচিত হব এবং তাকেই বিয়ে করব-এটাই আমার পরিকল্পনা ছিল। এক দিক থেকে আমার মনে হয়, কারও সঙ্গে সম্পর্কের এটিই সবচেয়ে পবিত্র রূপ। এতে অপ্রয়োজনীয় সবকিছু বাদ পড়ে যায়।
তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।
আব্দুল আল-সাইয়েদ ও ডা. সারাহ জুকাকু তাঁদের দুই মেয়ে এমেলি ও সেরিনকে নিয়ে মিশিগান অঙ্গরাজ্যের অ্যান আরবার শহরে বসবাস করেন বলে তাঁর নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
আপনার কমেন্ট