বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ - ২০:৪৬
মুসলিম নারীর আদর্শ থেকে জনগণের ন্যায্য দাবি তুলে ধরা—আলেম ও সাংস্কৃতিক কর্মীদের প্রতি আয়াতুল্লাহ আরাফির চার নির্দেশনা

ইরানের হাওজায়ে ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলীরেজা আরাফি ধর্মীয় আলেম, প্রচারক ও সাংস্কৃতিক কর্মীদের চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। জনগণের সঙ্গে ঘনিষ্ঠতা ও সহমর্মিতা বজায় রাখা, তরুণ প্রজন্মের প্রয়োজন অনুধাবন, পরিবার ও সমাজের বিদ্যমান সংকট সম্পর্কে সচেতন থাকা এবং জনগণের ন্যায্য দাবি তুলে ধরাকে তিনি ধর্মীয় প্রচারকদের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: দ্বিতীয় আইয়ামে ফাতিমিয়্যাহ উপলক্ষে ধর্মীয় প্রচারক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব নির্দেশনা দেন।

নিচে তাঁর বিবৃতির পূর্ণাঙ্গ অনুবাদ তুলে ধরা হলো—

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 اللّهمَّ انا نسألک بحق فاطِمةَ وَ أبیها وَ بَعلِها و بَنیها وَ السِّرِ المُستَودَعِ فیها ان تنصر الاسلام والمسلمین و تخذل الکفار والمعتدین.


হে আল্লাহ! ফাতিমা, তাঁর পিতা, স্বামী, সন্তান এবং তাঁর মধ্যে গচ্ছিত বিশেষ রহস্যের উসিলায় আপনার কাছে প্রার্থনা করছি—ইসলাম ও মুসলমানদের বিজয় দান করুন এবং কাফের ও সীমালঙ্ঘনকারীদের পরাজিত করুন।

হযরত সিদ্দিকায়ে তাহেরা ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদাত উপলক্ষে ইসলামী উম্মাহর প্রতি, বিশেষ করে ইরানের সচেতন ও প্রতিরোধী জনগণ, হাওজা ইলমিয়া, বিশিষ্ট আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব এবং ময়দানে সক্রিয় নিষ্ঠাবান ও সংগ্রামী প্রচারকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

দ্বিতীয় আইয়ামে ফাতিমিয়্যাহর প্রচার-অনুষ্ঠান উপলক্ষে কয়েকটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই—
১. মুসলিম নারীর আদর্শ তুলে ধরা: হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর আলোকোজ্জ্বল জীবনাদর্শের আলোকে ‘মুসলিম নারী’র প্রকৃত ও পবিত্র রূপ তুলে ধরা এবং আধুনিক যুগে নারীর জীবনযাপনে ‘তৃতীয় আদর্শ’ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রত্যেক সাংস্কৃতিক কর্মী ও সংগ্রামী ধর্মীয় প্রচারকের দায়িত্ব। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ফাতিমি ঐতিহ্যের উজ্জ্বল শিক্ষায় ফিরে যাওয়া প্রয়োজন। সমাজের নারী-পুরুষ, তরুণ-তরুণী—সবারই উচিত ফাতিমা (সা.আ.)-এর জ্ঞান ও আদর্শের এই উৎসধারা, ইসলামের জীবনগঠনমূলক শিক্ষা, মহানবী (সা.) এবং তাঁর পবিত্র আহলে বাইতের আদর্শ থেকে উপকৃত হওয়া।

২. জনগণের জাগরণ ও রাজপথে উপস্থিতি অব্যাহত রাখা: মহান নেতার (আল্লাহ তাঁর মর্যাদা সমুন্নত রাখুন) নির্দেশনা অনুসরণ করে প্রিয় জনগণের ক্রমবর্ধমান জাগরণ, ব্যাপকতা ও রাজপথে উপস্থিতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শহীদদের এবং শহীদ ইমামের রক্তের প্রতিশোধ গ্রহণের পাশাপাশি দেশের পুনর্গঠন, বিজ্ঞান, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতি এবং রাজনৈতিক ও সামরিক শক্তি সুদৃঢ় করার বিষয়েও মৌলিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। একই সঙ্গে আমাদের প্রিয় ও শক্তিশালী সশস্ত্র বাহিনী, গুরুত্বপূর্ণ প্রতিরোধ অক্ষ এবং সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিদের সমর্থন করতে হবে। এসবই ধর্মীয় প্রচারব্যবস্থা, ইসলামী বিপ্লবের আদর্শিক বয়ান, মহান ইমাম খোমেনি (রহ.) এবং শহীদ নেতার (রহ.) চিন্তাধারার মূল চেতনা। ধর্মীয় প্রচারক, সাংস্কৃতিক কর্মী, জিহাদি গণমাধ্যম এবং সাইবার জগতের সক্রিয় কর্মীদের এ সাংস্কৃতিক সংগ্রামে একটি সুসংহত কর্মধারা গড়ে তুলতে হবে।

৩. জনগণ ও তরুণ প্রজন্মের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা: সম্মানিত জনগণ ও প্রিয় তরুণদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা, তরুণ প্রজন্মের সমস্যা, প্রশ্ন, বেদনা ও প্রয়োজন যথাযথভাবে অনুধাবন করা এবং তাদের সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক যোগাযোগ প্রতিষ্ঠা করা জরুরি। একই সঙ্গে পরিবার ও সমাজের বর্তমান সংকট সম্পর্কে অবগত থাকতে হবে এবং নতুন প্রজন্মের শিক্ষা ও প্রতিপালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, প্রজ্ঞা ও উপলব্ধি অর্জন করতে হবে। সাংস্কৃতিক দিকনির্দেশনার প্রয়োজন রয়েছে—এমন ব্যক্তিদের পথ দেখানো, আল্লাহ ও ইসলামের নির্মল জ্ঞান আহরণে আগ্রহীদের প্রশ্নের উত্তর দেওয়া, জনগণের সঙ্গে সহমর্মিতা প্রকাশ, নিষ্ঠার সঙ্গে তাদের সেবা করা এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরাও আমাদের ও প্রিয় প্রচারকদের দায়িত্ব।

৪. অর্থনৈতিক ও সাংস্কৃতিক শাসনব্যবস্থার সংস্কার: ধর্মীয় প্রচারব্যবস্থা, সাংস্কৃতিক সংগ্রাম ও সচেতনতামূলক কার্যক্রমকে পূর্ণ কার্যকর করতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক শাসনব্যবস্থার সংস্কার ও উন্নয়ন জরুরি। এ ক্ষেত্রে সবার, বিশেষ করে সম্মানিত তিনটি রাষ্ট্রীয় বিভাগ এবং বিভিন্ন অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উচিত নিজেদের দৃষ্টিভঙ্গি ও কর্মসূচি সংশোধন করা, জনগণ ও তরুণদের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া, দেশের অগ্রগতি ত্বরান্বিত করা এবং শত্রুদের ষড়যন্ত্র ও পরিকল্পনার মোকাবিলায় আরও সাহসী ভূমিকা পালন করা। শত্রুর সামনে দুর্বলতা বা নিষ্ক্রিয়তা দেখানো যাবে না।

এ পথে আমাদের সামনে আল্লাহর এই নির্দেশকে সর্বদা স্মরণ রাখতে হবে—

 وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن کُنتُم مُّؤْمِنِینَ ” و نیز ” وَ مَا النَّصْرُ إِلّا مِنْ عِنْدِ اللهِ الْعَزیزِ الْحَکیمِ” و ” إِنّا مِنَ الْمُجْرِمِینَ مُنْتَقِمُونَ

‘তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিত হয়ো না। তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও।’ (সুরা আলে ইমরান, আয়াত ১৩৯)

আরও স্মরণ রাখতে হবে— ‘বিজয় তো কেবল পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে।’ এবং— ‘নিশ্চয়ই আমরা অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব।’

নবী-রাসুল, আল্লাহর ওলি ও মনোনীত প্রতিনিধিদের প্রতি, বিশেষ করে সর্বশেষ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি), হযরত ওয়ালি আসর (আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন), মরহুম ইমাম খোমেনি (রহ.), প্রিয় শহীদ ইমাম (রহ.), মহান নেতা (আল্লাহ তাঁকে হেফাজত করুন), সম্মানিত মারজায়ে তাকলিদ, সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ অক্ষের প্রতি দরুদ ও সালাম জানাই।

প্রতিরোধী ইরানি জনগণ, জাগ্রত ইসলামী উম্মাহ, উম্মাহর পথপ্রদর্শকগণ (রহ.) এবং সম্মানিত আলেম-ধর্মীয় ব্যক্তিত্বদের সুস্বাস্থ্য, মর্যাদা ও সাফল্য কামনা করছি। আশা করি, সংগ্রামী প্রচারক ও জাগ্রত উম্মাহর সব শোকানুষ্ঠান ও প্রচেষ্টা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সন্তুষ্টি লাভ করবে।

এ উপলক্ষে কোমের হাওজায়ে ইলমিয়ার উচ্চতর ও বহির্ভূত (দারসে খারিজ) পর্যায়ের পাঠদান এবং বিশেষায়িত কেন্দ্র ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পাঁচ দিনের জন্য স্থগিত ঘোষণা করছি। বুধবার ২০ আবান (১ জমাদিউস সানি) থেকে রোববার ২৪ আবান (৫ জমাদিউস সানি) পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। সম্মানিত মারজায়ে তাকলিদ, হাওজা ইলমিয়ার সর্বোচ্চ পরিষদ এবং সংশ্লিষ্ট হাওজা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সম্মানিত তালেবে ইলম ও আলেমরা জিহাদি ও গণমুখী প্রচারকাজে অংশ নিতে পারেন।

প্রথম আইয়ামে ফাতিমিয়্যাহর মতো এবারও প্রদেশগুলোর প্রচার-কার্যক্রম ও ছুটিসংক্রান্ত বিষয় এবং হাওজার প্রথম স্তরের পাঠদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ন্যস্ত করা হলো। তাঁরা সম্মানিত উপপ্রধানদের সঙ্গে সমন্বয় করে এ দায়িত্ব পালন করবেন।

والحمدلله رب ‌العالمین

সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।

আলীরেজা আরাফি
প্রধান, হাওজা ইলমিয়া ইরান

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha