শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ - ০৮:৩৭
প্রকৃত অসহায়ত্ব নিয়ে আল্লাহর আশ্রয় চাইলে তাঁর সাড়া পাবে

শুধু মুখে ‘আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রাজিম’ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি) উচ্চারণ করলেই মুক্তি মেলে না। বরং প্রকৃত অসহায় ও মুখাপেক্ষী বান্দাকে নিজের সমগ্র সত্তা ও আচরণ দিয়ে আল্লাহর আনুগত্য এবং সত্যের অভিভাবকত্বের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলেই সে আল্লাহর দরবার থেকে সাড়া পাবে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, দোয়া ও জিকির কেবল মুখের উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা মানুষকে প্রকৃত নিরাপত্তা দিতে পারে না। বরং সেগুলোকে অন্তরের গভীর বিশ্বাস ও উপলব্ধিতে ধারণ করতে হয়। আয়াতুল্লাহ আল-উজমা জাওয়াদি আমুলি একটি চমৎকার উদাহরণের মাধ্যমে প্রকৃত অসহায়ত্বের তাৎপর্য এবং আশ্রয় প্রার্থনার বাক্য উচ্চারণ ও বাস্তবে আশ্রয় গ্রহণের মধ্যকার পার্থক্য তুলে ধরেছেন।

আয়াতুল্লাহ আল-উজমা জাওয়াদি আমুলি বলেন, মানুষকে প্রকৃত অর্থেই অসহায় ও আল্লাহর মুখাপেক্ষী হতে হবে এবং অন্তরে সেই আকুতি ধারণ করতে হবে। তুমি যদি সত্যিকার অর্থে অসহায় হয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, তাহলে তাঁর পক্ষ থেকে সাড়া পাবে। আর যখন তোমার অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আকুলতা থাকবে, তখন তুমিও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,

 إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِی یُحْبِبْکُمُ اللَّهُ.

অর্থাৎ, ‘তোমরা যদি আল্লাহকে ভালোবাস, তবে আমার অনুসরণ করো; তাহলে আল্লাহও তোমাদের ভালোবাসবেন।’ (সুরা আলে ইমরান, আয়াত ৩১)

প্রকৃত অসহায় ও মুখাপেক্ষী বান্দার উচিত নিজেকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করা; শুধু আশ্রয় প্রার্থনার বাক্য উচ্চারণ করাই যথেষ্ট নয়। বিষয়টি এমন, বিপদের সতর্কসংকেত বাজানো হলো, অথচ কেউ নিরাপদ আশ্রয়কেন্দ্রে গেল না। একইভাবে, কেউ ‘আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রাজিম’ পাঠ করল, কিন্তু বাস্তবে আল্লাহর আশ্রয় গ্রহণ করল না। অথচ কেবল আশ্রয় প্রার্থনার বাক্য উচ্চারণ নয়, বরং সত্যিকার অর্থে আল্লাহর আশ্রয়ে প্রবেশ করাই জরুরি।

সূত্র: হাওজা ও রূহানিয়াত গ্রন্থ, পৃষ্ঠা ৯০।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha