হাওজা নিউজ এজেন্সি’র বরাত জানা যায়, আল-মাসিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসরুদ্দিন আমের এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ইয়েমেনে আগ্রাসন পরিচালনার কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে মার্কিন ও ইসরায়েলি বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন। ক্ষুধা ও দুর্ভোগের মাধ্যমে ইয়েমেনের জনগণের মনোবল ভেঙে দেওয়াই এই আগ্রাসনের অন্যতম উদ্দেশ্য। তবে এসব অপরাধ ইয়েমেনের জনগণকে দমাতে পারেনি; বরং তাদের ঐক্য ও প্রতিরোধ আরও সুদৃঢ় করেছে।
পরিকল্পিতভাবে মানুষের জীবিকার ওপর হামলা
নাসরুদ্দিন আমের বলেন, বাড়িঘর, পোলট্রি খামার ও ক্ষুদ্র প্রকল্পগুলোতে হামলা চালানো পরিকল্পিত আগ্রাসনের অংশ। এসব হামলার মাধ্যমে ইয়েমেনের নাগরিকদের জীবিকা নির্বাহের অবশিষ্ট উপায়গুলো ধ্বংস করা হচ্ছে। ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সঙ্গে সৌদি আরবের এই আচরণের স্পষ্ট মিল রয়েছে।
তিনি বলেন, সৌদি হামলায় সাধারণ মানুষের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, পোলট্রি ও পশুপালন খামার এবং পরিবারের আয়ের উৎস হিসেবে গড়ে ওঠা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অথচ এরই মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। তাঁর মতে, এসব প্রতিষ্ঠানে হামলার মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবিকা ও উপার্জনের উৎস ধ্বংস করার সৌদি পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠেছে।
ইসরায়েলের কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্য
নাসরুদ্দিন আমের ইয়েমেনে সৌদি আরবের কর্মকাণ্ডের সঙ্গে ফিলিস্তিনের ভূখণ্ড, বিশেষ করে গাজায় ইসরায়েলের চালানো হামলার তুলনা করেন। তিনি বলেন, দুই পক্ষের মানসিকতা, চরিত্র, নৈতিকতা ও আচরণের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। ইয়েমেনে আগ্রাসন পরিচালনাকারী অপারেশন কক্ষগুলোর উপদেষ্টারা মূলত মার্কিন ও ইসরায়েলি পক্ষের। তাঁরা ফিলিস্তিন ও গাজায় প্রয়োগ করা একই কৌশলে যুদ্ধ পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, এটি কোনো নতুন কৌশল নয়; বরং গত কয়েক বছরের আগ্রাসনে দেখা একই ঘটনার পুনরাবৃত্তি। অবরোধ প্রত্যাহারের পরিবর্তে ক্ষুধা ও দুর্ভোগের মধ্যে ইয়েমেনের জনগণকে আটকে রাখাই এর উদ্দেশ্য। অথচ জাতিসংঘ এই অবরোধকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের কারণ হিসেবে বর্ণনা করেছে।
দরিদ্র ও অসহায় মানুষকে লক্ষ্যবস্তু করা
নাসরুদ্দিন আমের বলেন, ইয়েমেনিদের অবরোধ থেকে মুক্তি দেওয়া এবং তাদের দুর্ভোগ কমানোর পরিবর্তে সৌদি আরব বেসামরিক নাগরিক, দরিদ্র ও অসহায় মানুষের বাড়িঘর, ক্ষুদ্র ব্যবসা, সীমিত বিনিয়োগ এবং জীবিকার অবশিষ্ট উৎসগুলোতে হামলা চালাচ্ছে। এসব লক্ষ্যবস্তুতে হামলা কোনো ভুলবশত ঘটনা নয়; বরং সম্পূর্ণ পরিকল্পিত পদক্ষেপ।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৫ সালে শুরু হওয়া আগ্রাসনের প্রথম দিকেই বানি হাওয়াতে গণহত্যা চালানো হয়েছিল। এরপরও ধারাবাহিকভাবে বিভিন্ন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাঁর মতে, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা সৌদি আগ্রাসনের একটি ধারাবাহিক কৌশল। এর উদ্দেশ্য ইয়েমেনের জনগণকে দুর্ভোগে ফেলে আত্মসমর্পণে বাধ্য করা। তবে এসব অপরাধ ইয়েমেনের জনগণকে পরাজিত করতে পারেনি এবং ভবিষ্যতেও তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না।
ইয়েমেনের সামরিক অভিযানের লক্ষ্য ও সৌদি আগ্রাসনের পার্থক্য
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সামরিক অভিযানের লক্ষ্যবস্তু সম্পর্কে নাসরুদ্দিন আমের বলেন, ইয়েমেনের অভিযানগুলো আগ্রাসনের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়। সৌদি আরবের সাধারণ মানুষের বাড়িঘর, পোলট্রি খামার কিংবা জীবিকার উৎসে হামলা চালানো হয় না।
তাঁর মতে, লক্ষ্যবস্তু নির্বাচন ও আচরণের ক্ষেত্রে এই পার্থক্য দুই পক্ষের অবস্থান স্পষ্ট করে। বিপরীতে সৌদি আরবের কর্মকাণ্ডের সঙ্গে ইসরায়েলের আগ্রাসী আচরণের সাদৃশ্য রয়েছে।
যৌথ অপারেশন কক্ষ ও মার্কিন-ইসরায়েলি সম্পৃক্ততা
ইয়েমেনে সৌদি আগ্রাসন পরিচালনা এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যবস্থাপনার মধ্যে সাদৃশ্য তুলে ধরে নাসরুদ্দিন আমের বলেন, যৌথ অপারেশন কক্ষ এই সমন্বয়ের অন্যতম প্রধান দৃষ্টান্ত।
তিনি মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের উল্লেখ করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্র তাদের বিশেষজ্ঞদের পাঠানোর কথা স্বীকার করেছে। একইভাবে ফিলিস্তিন ও ইয়েমেনে সংঘাত চলাকালে কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্রে মার্কিন ও ইসরায়েলি বিশেষজ্ঞদের উপস্থিতিও লক্ষ করা গেছে।
তিনি আরও বলেন, এই সম্পৃক্ততা শুধু বিমান হামলা ও সামরিক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গণমাধ্যমসহ সংঘাতের বিভিন্ন ক্ষেত্রেও বিস্তৃত। এসব পক্ষ একই কৌশলে বিভিন্ন জাতির ওপর চাপ সৃষ্টি এবং গণহত্যা ও আগ্রাসনের মাধ্যমে তাদের আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছে।
নাসরুদ্দিন আমেরের ভাষায়, একই হাতিয়ার বারবার ব্যবহার করে ভিন্ন ফলাফল আশা করা চরম বোকামি। কারণ, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েও ইয়েমেনের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যায়নি; বরং এতে তাদের ঐক্য ও সংহতি আরও বেড়েছে।
ইয়েমেনের জনগণের মধ্যে ঐক্য আরও সুদৃঢ়
নাসরুদ্দিন আমের বলেন, ইয়েমেনের জনগণ এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের ভেতরে ও বাইরে, এমনকি প্রবাসী ইয়েমেনিদের মধ্যেও এই ঐক্য ও সংহতি বেড়েছে। সৌদি আগ্রাসন মোকাবিলায় দেশটির জনগণের মধ্যে এমন সংহতি আগে কখনো দেখা যায়নি। এমনকি যারা একসময় সৌদি আরবের ওপর আস্থা রেখেছিলেন কিংবা দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন, তাঁদের মধ্যেও এই মনোভাবের পরিবর্তন ঘটেছে।
তিনি বলেন, সৌদি আরবের কাছ থেকে ইতিবাচক কিছু প্রত্যাশা করা অনেকেই এখন উপলব্ধি করছেন, ইয়েমেনের প্রধান সমস্যা এবং সবচেয়ে বড় শত্রু সৌদি আরব। ইয়েমেনের জনগণের অধিকার আদায়, সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট বিপর্যয়ের অবসান এবং দেশটির আধিপত্যবাদী নিয়ন্ত্রণ বন্ধ করার বিষয়টির সঙ্গে এই সংঘাতের অবসান জড়িত। কারণ, সৌদি আধিপত্য থেকে ইয়েমেনের জনগণ ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই পায়নি।
গণমাধ্যমে অপপ্রচার ও দায় এড়ানোর চেষ্টা
বেসামরিক স্থাপনায় হামলা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রচারণা সম্পর্কে নাসরুদ্দিন আমের বলেন, সৌদি আরব হামলা চালানোর পর দায় এড়াতে এবং এর দায় ইয়েমেনের জাতীয় পক্ষের ওপর চাপাতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালায়। এসব প্রচারণা সামরিক অভিযান থেকে বিচ্ছিন্ন কিছু নয়; বরং যুদ্ধ পরিচালনারই একটি অংশ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংঘটিত অপরাধের ইতিহাস আড়াল করতে এবং আগ্রাসনের জন্য অন্য পক্ষকে দায়ী করতে সৌদি আরব এসব অপপ্রচারের আশ্রয় নিয়েছে। তবে প্রযুক্তিগত, বাস্তব ও যৌক্তিক প্রমাণ হামলার প্রকৃত লক্ষ্যবস্তু এবং এর জন্য দায়ীদের পরিচয় প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে তিনি আগ্রাসনের বছরগুলোতে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের উদাহরণ দেন। এর মধ্যে রয়েছে ‘আল-সালাহ আল-কুবরা’ হত্যাকাণ্ড এবং ধাহিয়ানের শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা। তিনি বলেন, এসব ঘটনার পর প্রথমে সৌদি আরব নিজেদের দায় অস্বীকার করেছিল। পরে হামলার ভুল স্বীকার করতে বাধ্য হয়। সাম্প্রতিক অপরাধগুলোর দায় এড়ানোর ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করা হচ্ছে।
অপরাধের বিচার ও জবাব দেওয়ার অধিকার
নাসরুদ্দিন আমের বলেন, আগ্রাসনের সময় সংঘটিত অপরাধগুলোর তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সেগুলোর বিচারিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। একই সঙ্গে ইয়েমেনের জনগণ আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার থেকেও সরে আসবে না।
এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের এই আয়াত উদ্ধৃত করেন: ‘সুতরাং কেউ তোমাদের ওপর সীমালঙ্ঘন করলে তোমরাও তার ওপর অনুরূপ সীমালঙ্ঘন করো, যেমন সে তোমাদের ওপর সীমালঙ্ঘন করেছে।’ (সুরা আল-বাকারা, আয়াত ১৯৪)
তিনি অপপ্রচারের প্রচারণায় বিভিন্ন গণমাধ্যম ও পক্ষের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন। বিশেষভাবে কাতারের নাম উল্লেখ করে তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে দেশটির গণমাধ্যমও জড়িয়ে পড়েছে, যা এখন আর গোপন বিষয় নয়। তাঁর অভিযোগ, মার্কিন ও ইসরায়েলি পক্ষের পরিচালিত একটি অপারেশন কাঠামোর অংশ হিসেবেই তারা ভূমিকা পালন করছে।
গণমাধ্যমে অপপ্রচারও আগ্রাসনের অংশ
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে নাসরুদ্দিন আমের বলেন, সামরিক হামলার পাশাপাশি গণমাধ্যমে প্রচারণার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করা হচ্ছে। প্রথমে হামলার দায় অস্বীকার করা হয়, এরপর বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপরাধের দায় ভুক্তভোগীদের ওপর চাপানোর চেষ্টা করা হয়। তাঁর মতে, গাজায় যুদ্ধের সময় ইসরায়েলও একই কৌশল অনুসরণ করেছে।
তিনি বলেন, গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়ানো এবং অপরাধ আড়াল করার চেষ্টা ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের অবিচ্ছেদ্য অংশ।
আপনার কমেন্ট