হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দখলদার ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর গাজা সম্পূর্ণ দখলের উদ্যোগের নিন্দা জানিয়ে হাওজা ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ আলীরেজা আরাফি একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতির একাংশে বলা হয়েছে, আমরা সব সরকার, জাতি, আলেম, চিন্তাবিদ, আইনি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন গাজা সম্পূর্ণ দখলের নিন্দা জানায় এবং একে অবৈধ ও বাতিল ঘোষণা করে।
বিবৃতির পূর্ণাঙ্গ পাঠ নিচে তুলে ধরা হলো:
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী-রাসুলদের নেতা হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর পবিত্র বংশধর ও মনোনীত সাহাবিদের ওপর।
হে ইসলামী উম্মাহ, বিশ্বের স্বাধীনচেতা জাতিসমূহ এবং সকল মুক্তমনা মানুষ!
আজ আমরা সমসাময়িক ইতিহাসের অন্যতম জঘন্য ও ঔদ্ধত্যপূর্ণ অপরাধের মুখোমুখি দাঁড়িয়ে আছি। দখলদার ও আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠী আধিপত্যবাদী শক্তিগুলোর প্রকাশ্য সমর্থন নিয়ে গাজা সম্পূর্ণ দখল, ফিলিস্তিনের প্রতিরোধী জনগণকে নির্মূল এবং তাদের ঐতিহাসিক ভূখণ্ড থেকে তাদের পরিচয় ও অস্তিত্ব সম্পূর্ণভাবে মুছে ফেলার পরিকল্পনা করছে। এটি কেবল ভূখণ্ডের ওপর প্রকাশ্য আগ্রাসন ও পরিকল্পিত গণহত্যাই নয়; বরং বিশ্বব্যাপী সব আইনি, মানবিক ও শরিয়তসম্মত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
ইসলামী ফিকাহর অকাট্য নীতিমালা অনুযায়ী, অধিকৃত ভূখণ্ড রক্ষা করা এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো বিশ্বের সব মুসলমান ও স্বাধীনচেতা মানুষের ওপর শরিয়তসম্মত, ঐশী ও ব্যক্তিগতভাবে অপরিহার্য দায়িত্ব। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন:
“তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং অসহায় পুরুষ, নারী ও শিশুদের মুক্তির জন্য যুদ্ধ করছ না?” (সুরা নিসা, আয়াত: ৭৫)
আন্তর্জাতিক জনআইনের দৃষ্টিকোণ থেকে ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর সাম্প্রতিক পদক্ষেপ জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে বলপ্রয়োগ নিষিদ্ধ করার নীতি, যুদ্ধকালীন বেসামরিক নাগরিকদের সুরক্ষাবিষয়ক চতুর্থ জেনেভা কনভেনশন এবং ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের একাধিক প্রস্তাবের পরিপন্থী। আন্তর্জাতিক অপরাধ আদালতের (রোম সংবিধি) বিধান অনুযায়ী, এসব অপরাধ সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার শামিল।
আমরা সব সরকার, জাতি, আলেম, চিন্তাবিদ, আইনি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন:
1. গাজা সম্পূর্ণ দখলের নিন্দা জানায় এবং একে অবৈধ ও বাতিল ঘোষণা করে।
2. আগ্রাসন বন্ধে সব ধরনের আইনি, রাজনৈতিক, অর্থনৈতিক এবং এমনকি বৈধ প্রতিরোধমূলক উপায় প্রয়োগ করে।
3. গাজার জনগণের জন্য জরুরি মানবিক, খাদ্য ও চিকিৎসাসামগ্রী পাঠানোর পথ কোনো শর্ত ছাড়াই খুলে দেয়।
4. ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নেতাদের যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ার আওতায় আনে।
প্রতিরোধের ফিকাহ এবং আহলে বাইত (আ.)-এর শিক্ষার ওপর ভিত্তি করে হাওজা ইলমিয়াগুলো বীর ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করছে। একই সঙ্গে জোর দিয়ে বলছে, ফিলিস্তিনের সম্পূর্ণ ভূখণ্ড, পবিত্র বায়তুল মুকাদ্দাস এবং ইসলামী ও খ্রিষ্টীয় সব পবিত্র স্থান মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।
জেনে রাখুন, প্রতিরোধী জাতিগুলোর অদম্য ইচ্ছাশক্তি এবং আল্লাহর অব্যর্থ প্রতিশ্রুতির সামনে দখলদাররা পরাজিত হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন:
“নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করছে, আর আমিও কৌশল অবলম্বন করছি। অতএব, কাফিরদের অবকাশ দিন; তাদের কিছু সময়ের জন্য অবকাশ দিন।” (সুরা তারিক, আয়াত: ১৫–১৭)
সকল সৎকর্মশীল বান্দার ওপর শান্তি বর্ষিত হোক।
আলীরেজা আরাফি
হাওজা ইলমিয়ার পরিচালক
আপনার কমেন্ট