হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোম নগরীতে আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে আয়োজিত এক শোকানুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ হোসাইন মোমেনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি বুঝতে হলে তিনটি মৌলিক প্রশ্নের ওপর চিন্তা করা প্রয়োজন—কোনো ঘটনা কেন ঘটেছে, কীভাবে ঘটেছে এবং এর কী পরিণতি হয়েছে? মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুয়তপ্রাপ্তি, গাদিরের ঘটনা এবং কারবালার ঘটনাকেও একই দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে হবে।
তিনি আরও বলেন, গাদিরের ঘটনা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ আকিদাগত ঘটনা। এ ঘটনায় মহানবী (সা.) হযরত আমিরুল মুমিনিন আলী (আ.)-এর ইমামত ও বেলায়াত ঘোষণা করেছিলেন। তাঁর মতে, সাকিফার ঘটনা থেকেই বেলায়াত থেকে বিচ্যুতির সূচনা হয়। সেখানে এমন ধারণা সামনে আনা হয়েছিল যে, হেদায়েতের জন্য কোরআনই যথেষ্ট এবং ইমাম ও ওলির প্রয়োজন নেই। অথচ দ্বীনের সঠিক ব্যাখ্যা এবং এর বিধান বাস্তবায়নের জন্য ইমামের দিকনির্দেশনা অপরিহার্য।
হুজ্জাতুল ইসলাম মোমেনি বলেন, কারবালার ঘটনা সঠিকভাবে বুঝতে হলে মহানবী (সা.)-এর ওফাতের পর সংঘটিত ঘটনাবলি এবং বেলায়াত থেকে দূরে সরে যাওয়ার কারণগুলো পর্যালোচনা করতে হবে। গাদিরের ঘটনা, ফাতেমিয়া-সংক্রান্ত ঘটনাবলি এবং হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর মজলুমিয়াতকে ইতিহাসের এই ধারাবাহিকতার মধ্যেই বুঝতে হবে।
তিনি আহলে বাইতের (আ.) শোকাবহ ঘটনাবলি বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য ও প্রামাণ্য মাকতালগ্রন্থের সহায়তা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, এসব ঘটনা কেবল আবেগ জাগানোর বিষয় নয়; বরং এর মধ্যে আকিদাগত, শিক্ষণীয় ও সচেতনতামূলক নানা দিক রয়েছে।
বক্তব্যের শেষ পর্যায়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজ নিজ যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী দ্বীনের সুরক্ষা, আহলে বাইতের (আ.) শিক্ষা ও আদর্শের প্রচার এবং বেলায়াতের মজলুমিয়াত দূর করতে ভূমিকা রাখা। এ দায়িত্ব থেকে কেউই নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারেন না।
আপনার কমেন্ট