শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ - ১৯:৫৪
সলুয়ায় আইয়ামে ফাতিমিয়া ২০২৬, শেষ দিনে মোমবাতি প্রজ্বলন ও জুলুসে ফাতিমিয়ার আয়োজন

হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর শাহাদাত দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের সলুয়ায় বারগাহে জাহরা কারবালা কমিটির উদ্যোগে ১১ থেকে ১৩ নভেম্বর তিন দিনব্যাপী ‘আইয়ামে ফাতিমিয়া ২০২৬’ পালিত হচ্ছে।

হাওজা নিউজ এজেন্সি: হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর শাহাদাত দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের সলুয়ায় বারগাহে জাহরা কারবালা কমিটির উদ্যোগে ১১, ১২ ও ১৩ নভেম্বর তিন দিনব্যাপী ‘আইয়ামে ফাতিমিয়া ২০২৬’ পালিত হচ্ছে।

তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন আলেম ও জাকিরে আহলে বাইত মজলিসে বক্তব্য রাখেন। এতে বিপুলসংখ্যক শোকাহত মুমিন ও মুমিনার অংশগ্রহণ দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ দিনে মজলিস, মোমবাতি প্রজ্বলন, জুলুসে ফাতিমিয়া এবং তাবুত-এ সৈয়্যিদা জাহরা (সা.আ.) বের করার বিশেষ কর্মসূচি রয়েছে।

বারগাহে জাহরা কারবালা কমিটির পক্ষ থেকে সৈয়দ জন মহম্মদ জায়দী জানান, তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন মজলিস পাঠ করেন জাকিরে আহলে বাইত মাওলানা আজগর আলী গাইন। ওই দিনের মজলিসে প্রায় ৫০০ জন শোকাহত মুমিন ও মুমিনা অংশগ্রহণ করেন।

দ্বিতীয় দিন মজলিস পাঠ করেন মাওলানা আলী নাক্বি। এভাবেই ধারাবাহিকভাবে তিন দিনব্যাপী আইয়ামে ফাতিমিয়ার কর্মসূচি পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, ১৩ নভেম্বর আয়োজনের শেষ দিনে ছেলেদের মজলিস অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন জাকিরে আহলে বাইত সৈয়দ শাহিদ ইমাম (কলকাতা হাইকোর্টের আইনজীবী)। এদিন প্রায় ৮০০ থেকে ১ হাজার জায়েরে জাহরার জন্য তাবাররুকের ব্যবস্থা করা হয়েছে।

সৈয়দ জন মহম্মদ জায়দী বলেন, শেষ দিনের কর্মসূচিতে প্রথমে ছেলেদের মজলিস অনুষ্ঠিত হবে। এরপর মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলুসে ফাতিমিয়া বের করা হবে। পরবর্তী সময়ে মেয়েদের মজলিস অনুষ্ঠিত হবে এবং তাবুত-এ সৈয়্যিদা জাহরা (সা.আ.) বের করা হবে। তিনি জানান, তিন দিনই অংশগ্রহণকারী শোকাহতদের জন্য তাবাররুকের সুব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বছরের আইয়ামে ফাতিমিয়ার আয়োজনে মুমিন ও মুমিনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। অংশগ্রহণের ব্যাপকতা দেখে তাঁদের কাছে মনে হচ্ছে, যেন মাহে মহররমের শোকানুষ্ঠানের চেয়েও বেশি মানুষ এতে শামিল হয়েছেন।

সৈয়দ জন মহম্মদ জায়দী বলেন, হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর শাহাদাতের ইতিহাস, তাঁর প্রতি সংঘটিত জুলুমের বিষয় এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি আরও জানান, হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর হত্যাকারীদের মুখোশ উন্মোচন এবং তাঁদের বিচারের দাবিতে বারগাহে জাহরা কারবালা কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদী জুলুস বের করা হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha