হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর শাহাদাত উপলক্ষে ইমাম আমিরুল মুমিনিন (আ.) মাদরাসায় আয়োজিত এক শোকানুষ্ঠানে বক্তব্য দেন আয়াতুল্লাহ মাকারেম শিরাজি। এ সময় তিনি হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর জ্ঞানগত মর্যাদা, মুসলমানদের প্রতিরক্ষা সক্ষমতা এবং জনগণের অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর জ্ঞানগত মর্যাদা তুলে ধরে তিনি বলেন, তাঁর অসংখ্য ফজিলতের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তাঁর উচ্চ জ্ঞানগত অবস্থান। এ মর্যাদা উপলব্ধি করতে হলে তাঁর ঐতিহাসিক ফাদাকবিষয়ক ভাষণ (খুতবায়ে ফাদাকিয়া) অধ্যয়ন করা প্রয়োজন। ভাষণটিতে শব্দচয়ন, বাগ্মিতা ও বক্তব্যের বিন্যাস এতটাই সুসংহত যে, এর প্রতিটি অংশ অন্য অংশের পরিপূরক।

তিনি বলেন, হযরত ফাতেমা যাহরা (সা.আ.) তাঁর ভাষণের সূচনা করেছিলেন তাওহিদ ও মহান আল্লাহর মহত্ত্ব বর্ণনার মাধ্যমে। এরপর তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা, পবিত্র কোরআনের গুরুত্ব এবং ঐশী বিধানগুলোর অন্তর্নিহিত প্রজ্ঞা তুলে ধরেন। একই সঙ্গে ইসলামের জন্য মহানবী (সা.)-এর সংগ্রাম, মূর্তিপূজার অবসান এবং জালিমদের বিরুদ্ধে তাঁর প্রচেষ্টার কথাও স্মরণ করিয়ে দেন।
মহানবী (সা.)-এর জীবনের শেষ দিনগুলোতে কলম ও কাগজ চাওয়ার ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, মহানবী (সা.) উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় লিখিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু কয়েকজন ব্যক্তি তাতে বাধা দেন। সহিহ বুখারিতেও এ ঘটনাটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, এতসব প্রতিকূলতা ও দুঃখজনক ঘটনার পরও হযরত ফাতেমা যাহরা (সা.আ.) এত দৃঢ়তা, প্রাঞ্জলতা ও বাগ্মিতার সঙ্গে ভাষণ প্রদান করেছিলেন, যা তাঁর অসাধারণ জ্ঞানগত মর্যাদারই প্রমাণ।
বক্তব্যের দ্বিতীয় অংশে পবিত্র কোরআনের সুরা আনফালের ৬০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, এ আয়াতে মুসলমানদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। প্রথমত, শত্রুর মোকাবিলায় নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, এ প্রস্তুতি সব ক্ষেত্রেই নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মুসলমানদের শক্তি এমন হতে হবে, যাতে শত্রুরা তাদের ভয় করে।
তিনি বলেন, পবিত্র কোরআন মুসলমানদের প্রতিরক্ষা সক্ষমতা অর্জন এবং শত্রুর মোকাবিলায় কার্যকর শক্তি গড়ে তোলার নির্দেশ দিয়েছে। সুতরাং এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য গ্রহণযোগ্য নয়।
দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, একটি মর্যাদাপূর্ণ ইসলামী রাষ্ট্রে জনগণের সম্মান ও স্বস্তির সঙ্গে জীবনযাপনের সুযোগ থাকা উচিত। প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নতুন নতুন সংকটের মুখোমুখি হওয়া তাদের কাম্য নয়। জনগণকে যথাযথ পন্থায় সরকারের কাছে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে হবে। অন্যদিকে, অর্থনৈতিক পরিস্থিতি ও জনজীবনের ওপর কার্যকর নজরদারি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
রাতের সমাবেশগুলোতে জনগণের ধারাবাহিক অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, মানুষের এ উপস্থিতি এক-দুই রাতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কয়েক মাস ধরে তারা পূর্ণ উদ্দীপনা নিয়ে মাঠে উপস্থিত রয়েছেন। জনগণের এই সমর্থনই রাষ্ট্রব্যবস্থাকে শক্তিশালী করে।
সবশেষে তিনি সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রতি প্রকৃত কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের অর্থ হলো, অর্থনৈতিক সংকটের মধ্যে তাদের একা ছেড়ে না দেওয়া।

আপনার কমেন্ট