রবিবার ১৫ নভেম্বর ২০২৬ - ০১:০২
গাজায় মানবিক বিপর্যয়, তবু ‘মক্কা জোটের’ আলোচনায় নেই ফিলিস্তিন: তুর্কি বিশ্লেষকদের প্রশ্ন

গাজায় যখন বৃষ্টি, ঝড় ও শীতের মধ্যে আশ্রয়হীন মানুষের দুর্ভোগ বাড়ছে, তখন তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রস্তাবিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’ ফিলিস্তিনিদের জন্য কী ভূমিকা রাখবে—এ প্রশ্ন তুলেছেন তুরস্কের বিশ্লেষকরা। তাঁদের অভিযোগ, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার কথা বলা হলেও গাজার মানবিক সংকট মোকাবিলায় জোটটির কোনো সুস্পষ্ট উদ্যোগ নেই। তুর্কি বিশ্লেষক আহমেদ তাশগেতিরেন ও মেহমেত ওজাকতানসহ কয়েকজন লেখক জোটটির রাজনৈতিক অগ্রাধিকার ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

হাওজা নিউজ এজেন্সি: তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের পরও বিষয়টি আঙ্কারা ও ইস্তাম্বুলের রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় রয়েছে। বিশেষ করে গাজার চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তিন দেশের এই উদ্যোগের উদ্দেশ্য ও সম্ভাব্য ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

তুরস্কের বিশিষ্ট রক্ষণশীল বিশ্লেষক আহমেদ তাশগেতিরেন প্রশ্ন তুলেছেন, মক্কা জোটের আলোচ্যসূচিতে গাজার মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়টি কেন নেই? তাঁর মতে, জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা নিয়ে বক্তব্য দিলেও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

আরেক বিশ্লেষক মেহমেত ওজাকতানও প্রশ্ন তুলেছেন, ধর্মীয় মূল্যবোধের কথা বলা নেতারা নিজেদের জনগণকে কীভাবে আশ্বস্ত করবেন যে এই চুক্তির ফলে গাজার নিপীড়িত মানুষের অবস্থার উন্নতি হবে? তাঁর মতে, রাজনৈতিক নেতারা জনমতকে আশ্বস্ত করতে আশাব্যঞ্জক বক্তব্য দিতে পারেন, কিন্তু বাস্তব পদক্ষেপ ছাড়া এসব বক্তব্যের কোনো অর্থ নেই।

ওজাকতান একটি সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান সামরিক সহযোগিতা বাড়াল এবং মিসরসহ অন্য মুসলিম দেশগুলোও এই জোটে যুক্ত হলো—তাহলে তুরস্কের সামরিক শক্তি, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং সৌদি আরবের আর্থিক সম্পদ এক কাঠামোর আওতায় আসতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই সক্ষমতা কি গাজায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগে কাজে লাগানো হবে?

তিনি বলেন, মক্কা জোট হয় ফিলিস্তিনের পরিস্থিতি বদলে দেওয়ার বাস্তব উদ্যোগে পরিণত হবে, নয়তো তা কেবল অর্জনহীন একটি আকর্ষণীয় রাজনৈতিক বয়ান হয়ে থাকবে।

এদিকে লেখক ও ইসলামি বিশ্ববিষয়ক গবেষক তাহা কিলিনচও জোটটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, মুসলিম দেশগুলো যদি গাজার মানুষের মৃত্যু ঠেকাতে না-ও পারে, অন্তত বিপন্ন মানুষদের নিরাপদে সরিয়ে নিতে সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে কি আলোচনা করতে পারে না?

তুরস্কের রক্ষণশীল বিশ্লেষকদের মতে, মক্কা প্রতিরক্ষা চুক্তির কার্যকারিতা যাচাইয়ের মূল প্রশ্ন হওয়া উচিত—তিন দেশ কি সত্যিই নিজেদের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা সমন্বয় করতে পারবে? জোটটি কি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতির হাতিয়ার না হয়ে সদস্যদেশগুলোর স্বাধীন স্বার্থ রক্ষা করতে পারবে? একই সঙ্গে গাজা ও ফিলিস্তিনসহ অন্যান্য মানবিক সংকটে কি তারা বাস্তব ও পরিমাপযোগ্য উদ্যোগ নিতে পারবে?

তাদের মতে, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা প্রবেশ, পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি ঠেকানোর ক্ষেত্রেও জোটটির ভূমিকা থাকা প্রয়োজন।

প্রতিবেদনে এরপর আহমেদ তাশগেতিরেনের একটি বিস্তারিত নিবন্ধের অংশ তুলে ধরা হয়েছে। সেখানে তিনি মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশ নেওয়া তিন দেশের ফিলিস্তিন ও গাজা নীতির নৈতিক ও রাজনৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।

গাজার দুর্দশা ও ‘মক্কা জোটের’ অগ্রাধিকার
তাশগেতিরেন লিখেছেন, সম্প্রতি বৃষ্টি ও ঝড়ে ইস্তাম্বুলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। শহরের প্লাবিত এলাকা ও দুর্ভোগের চিত্র দেখে তাঁর মনে প্রশ্ন জেগেছে—গাজায় এমন বৃষ্টি ও ঝড় হলে সেখানকার মানুষের কী অবস্থা হবে? তুরস্কের লেখক ইউকসেল কানারের একটি কথাও তিনি স্মরণ করেছেন: ‘বৃষ্টি হলে প্রজাপতিরা কোথায় আশ্রয় নেয়?’

তাঁর ভাষ্য, তুরস্কের বিভিন্ন সরকারি দপ্তর ও পৌর কর্তৃপক্ষ বন্যা মোকাবিলায় ব্যস্ত থাকলেও প্রাণহানি ও ক্ষয়ক্ষতি পুরোপুরি ঠেকাতে পারেনি। অথচ ধ্বংসস্তূপে পরিণত গাজায় বাবা-মা ও শিশুরা শরতের বৃষ্টি ও শীতের মধ্যে কীভাবে দিন কাটাচ্ছে, তা সহজেই অনুমেয়।

তাশগেতিরেনের বর্ণনায়, গাজার সাম্প্রতিক ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ কাদাপানির মধ্যে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। অনেক তাঁবু ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়েছে। ফলে বাস্তুচ্যুত বহু মানুষের মাথা গোঁজার মতো আশ্রয়ও নেই।

তিনি বলেন, ইসরায়েল এখনো গাজায় অবস্থান করছে; সেখানকার মানুষের জীবনে স্বাভাবিকতা ফেরেনি। ইসরায়েলের সামরিক অভিযানে গাজার জীবনযাত্রা প্রায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট এরদোয়ান আবারও গাজাকে মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। কিন্তু বক্তব্যের পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। গাজা এখনো ধ্বংসস্তূপে পরিণত এক ভূখণ্ড, যেখানে মানুষের মর্যাদা পদদলিত হচ্ছে।

তাশগেতিরেনের প্রশ্ন, এত মানুষের প্রতিবাদ, বিক্ষোভ ও আন্তর্জাতিক উদ্যোগের পরও গাজার মানুষের জন্য কার্যকর কিছু করা গেল না কেন? বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে; ক্রীড়াঙ্গন, ভূমধ্যসাগর, মসজিদ এবং জাতিসংঘেও গাজার দুর্দশা আলোচনায় এসেছে। তবু সেখানকার মানুষের দুর্ভোগ থামেনি। তাঁর মতে, গাজার ট্র্যাজেডি মানবতার জন্য এক স্থায়ী কলঙ্ক হয়ে থাকবে।

তুর্কি ভাষার একটি প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, ‘বসরা ধ্বংস হওয়ার পর…’—এই প্রবাদটি কোনো বিপর্যয় ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার অসারতা বোঝাতে ব্যবহৃত হয়। তাঁর মতে, এখন প্রবাদটি বদলে ‘গাজা ধ্বংস হওয়ার পর’ বলা উচিত। কারণ, গাজার শেষ শিশুটিও জীবন হারানোর পর মানবতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার আর কোনো অর্থ থাকবে না।

তাশগেতিরেনের ভাষ্য, গাজায় নেতানিয়াহুর সামরিক অভিযান শুরুর পর মুসলিম বিশ্ব থেকে নানা আহ্বান ও প্রতিবাদ শোনা গেছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিনি প্রশ্ন তুলেছেন, ইসলামি সহযোগিতা সংস্থা, আরব লীগ, সৌদি আরব, মিসর, তুরস্কসহ অন্য দেশগুলো কোথায় ছিল? ইসরায়েল ও নেতানিয়াহুকে থামানোর কোনো উপায় কি তাদের হাতে ছিল না?

তাঁর মতে, গাজা নিয়ে অনেক আবেগঘন বক্তব্য দেওয়া হয়েছে, কিন্তু তাতে মানুষের দুর্ভোগ কমেনি। বাড়ি, মসজিদ ও হাসপাতাল ধ্বংস হয়েছে; নারী, শিশু ও তরুণদের মৃত্যু থামেনি। এসব ঘটনা সবার চোখের সামনেই ঘটেছে, অথচ গাজার নারী ও শিশুদের রক্ষা করা যায়নি।

মক্কা জোটে গাজার প্রসঙ্গ নেই কেন?
তাশগেতিরেন লিখেছেন, এত বিপর্যয় ও মানবিক ট্র্যাজেডির পর তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মক্কা জোট গঠন করেছে। এতে স্বাভাবিকভাবেই গাজার পরিস্থিতি নিয়ে প্রশ্ন সামনে এসেছে।

তিন দেশ ঘোষণা করেছে, তাদের কোনো একটির ওপর হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। কিন্তু এই জোট নিয়ে কয়েকটি প্রশ্ন উঠেছে: এখনই কেন এই উদ্যোগ? কাদের বিরুদ্ধে এই জোট? এর কার্যপরিধি কতটুকু? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—এ ধরনের জোটের ঘোষণায় গাজার নাম নেই কেন?

তাঁর মতে, গাজা মক্কা ও মদিনা থেকে খুব দূরে নয়; ইস্তাম্বুল ও ইসলামাবাদের সঙ্গেও এর ভৌগোলিক দূরত্ব খুব বেশি নয়। তাহলে মক্কা জোট গঠনের আলোচনায় কি এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে যে ইসরায়েলই এ অঞ্চলের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র? আলোচনার সময় কি কেউ বলেননি যে, গাজার মতো একটি মুসলিম ভূখণ্ড ধ্বংস হয়ে গেল, অথচ আমরা তাদের রক্ষা করতে পারলাম না?

তাশগেতিরেন স্বীকার করেন, তাঁর বক্তব্যকে কেউ কেউ অবাস্তব কল্পনা বলে সমালোচনা করতে পারেন। কিন্তু তাঁর প্রশ্ন, গাজা তো এখনো জ্বলছে, ধ্বংস হচ্ছে; সেখানকার মানুষ কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। মক্কার জিয়ারতকারীদের জন্য আল্লাহর সহায়তা কামনা করা হলেও গাজার শিশুদের পানির জন্য কান্নার কথা কি কেউ স্মরণ করবে না?

তিনি আরও প্রশ্ন করেন, মক্কা জোট যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির অংশ হয়ে থাকে, তাহলে ট্রাম্পের ভূমিকা ছাড়া গাজা কি এই জোটের আলোচনায় আসতে পারবে? কারণ, তাঁর অভিযোগ অনুযায়ী, ট্রাম্পের সমর্থন ও অনুমোদনেই নেতানিয়াহুর সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

তাশগেতিরেনের দাবি, বর্তমানে ‘শান্তি কমিটি’র নামে গাজার ভবিষ্যৎ ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর আশঙ্কা, ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে পর্যটনকেন্দ্রিক উপকূলীয় অঞ্চলে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি নিবন্ধের শেষাংশে গাজার ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে লিখেছেন, সেখানে প্রায় কোনো ভবনই অক্ষত নেই। চারদিকে ধ্বংসস্তূপ; নারী, শিশু ও তরুণদের অনেকে গুরুতর আহত, কারও হাত-পা বিচ্ছিন্ন। তাঁর মতে, গাজার মানুষের দুর্দশা হয়তো মুসলিম বিশ্বের চেয়ে পশ্চিমা বিশ্বের রাজপথেই বেশি পরিচিতি পেয়েছে। আর এটাই মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha