রবিবার ১৫ নভেম্বর ২০২৬ - ০৯:৩০
মানুষের মধ্যে লজ্জাশীলতা কীভাবে গড়ে ওঠে? এ মহৎ গুণ অর্জনে ৪টি কার্যকর পদক্ষেপ

নিজের মধ্যে লজ্জাশীলতার ঘাটতি অনুভব করা সবসময় নৈতিক দুর্বলতার লক্ষণ নয়; বরং অনেক ক্ষেত্রে এটি সুস্থ বিবেক ও ঈমানি চেতনার পরিচায়ক। এ মহৎ গুণ বিকশিত করতে অযথা আত্মদোষারোপ পরিহার করে চিন্তা ও আচরণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আত্মমর্যাদাবোধ জাগ্রত করা প্রয়োজন।

হাওজা নিউজ এজেন্সি: লজ্জাশীলতা ঈমানের অন্যতম মূল্যবান সম্পদ এবং মানুষের ব্যক্তিত্ব ও মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ গুণ। প্রত্যেক মুমিনের জন্য এ গুণ অর্জন ও বিকশিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কীভাবে নিজের মধ্যে লজ্জাশীলতা জাগ্রত করা যায় এবং কোন পদ্ধতিতে এ গুণকে আরও সুদৃঢ় করা সম্ভব?

ধর্মীয় সংশয় ও প্রশ্নের উত্তরদানকারী বিশেষজ্ঞ হুজ্জাতুল ইসলাম রেজা পারচেবাফ লজ্জাশীলতার মনস্তাত্ত্বিক ও নৈতিক দিক বিশ্লেষণ করে এ গুণ অর্জন ও সুদৃঢ় করার জন্য চারটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।

প্রশ্ন: কেউ যদি মনে করেন, তাঁর মধ্যে পর্যাপ্ত লজ্জাশীলতা নেই, তাহলে তাঁর করণীয় কী? এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী?

হুজ্জাতুল ইসলাম রেজা পারচেবাফের উত্তর: লজ্জাশীলতা নামক মহৎ গুণ নিজের মধ্যে রয়েছে কি না, কিংবা এর ঘাটতি আছে কি না—এ নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই আধ্যাত্মিক সচেতনতা ও সুস্থ নৈতিক বিবেকের অন্যতম লক্ষণ।

বিষয়টি যথাযথভাবে বোঝার জন্য চারটি দিক বিবেচনা করা প্রয়োজন। এগুলো হলো—প্রকৃত লজ্জাশীলতা ও অমূলক আত্মদোষারোপের পার্থক্য, হাদিসে বর্ণিত লজ্জাশীলতার বিভিন্ন ধরন, নৈতিক স্খলনের কারণ ও তা থেকে উত্তরণের উপায় এবং লজ্জাশীলতা অর্জন ও সুদৃঢ় করার বাস্তবসম্মত পদ্ধতি।

১. প্রকৃত লজ্জাশীলতা ও অমূলক আত্মদোষারোপের পার্থক্য বুঝুন
অনেক সময় মানুষ যেটিকে নিজের নির্লজ্জতা বা লজ্জাশীলতার অভাব বলে মনে করেন, বাস্তবে তা ভুল ধারণা কিংবা ধর্মীয় ও নৈতিক বিষয়ে অতিরিক্ত আত্মসমালোচনা ও অস্বাভাবিক উদ্বেগের ফল হতে পারে।

লজ্জাশীলতার উপস্থিতির লক্ষণ
যে ব্যক্তির মধ্যে লজ্জাশীলতার অনুভূতি সম্পূর্ণ হারিয়ে গেছে, সাধারণত তিনি এ বিষয়ে অনুশোচনা বা উদ্বেগ অনুভব করেন না। অন্যদিকে, নিজের নৈতিক ত্রুটিগুলো নিয়ে কারও মনে সংবেদনশীলতা থাকলে এবং নিজের সীমাবদ্ধতার কারণে অনুশোচনা জাগলে তা তাঁর মধ্যে নৈতিক সচেতনতা ও লজ্জাশীলতার উপস্থিতির ইতিবাচক লক্ষণ হতে পারে।

ইমাম সাদিক (আ.) বলেছেন:

لَا إِیمَانَ لِمَنْ لَا حَیَاءَ لَهُ

অর্থ: ‘যার লজ্জাশীলতা নেই, তার ঈমান নেই।’
সূত্র: আল-কাফি, খণ্ড ২, পৃষ্ঠা ১০৬।

লজ্জাশীলতা ও ঈমান পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই নিজের মধ্যে এ গুণ অর্জনের আন্তরিক আকাঙ্ক্ষা ঈমানি চেতনার ইতিবাচক বহিঃপ্রকাশ।

নিজেকে অযথা দোষারোপ করবেন না
কখনো কখনো মানুষ ধর্মীয় বিষয়ে অতিরিক্ত নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষায় নিজের প্রতি কঠোর হয়ে ওঠেন। ফলে স্বাভাবিক আচরণ, অতীতে অনিচ্ছাকৃতভাবে ঘটে যাওয়া ভুল কিংবা নিজের নিয়ন্ত্রণের বাইরে আসা চিন্তা ও কুমন্ত্রণাকেও নিজের নির্লজ্জতার প্রমাণ মনে করেন।

নিজেকে বারবার নির্লজ্জ বলে অভিযুক্ত করা আত্মসংশোধনের আগ্রহ নষ্ট করতে পারে এবং হতাশার দিকে ঠেলে দিতে পারে। তাই আত্মসমালোচনা ও অযথা আত্মদোষারোপের মধ্যে পার্থক্য বুঝতে হবে।

২. প্রকৃত লজ্জাশীলতা ও অযথা সংকোচের পার্থক্য বুঝুন
আহলে বাইত (আ.)-এর বর্ণিত হাদিসগুলোতে লজ্জাশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তাই প্রকৃত লজ্জাশীলতা এবং দুর্বলতাজনিত সংকোচকে এক করে দেখা উচিত নয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন:

 الْحَیَاءُ حَیَاءَانِ؛ حَیَاءُ عَقْلٍ وَ حَیَاءُ حُمْقٍ؛ فَحَیَاءُ الْعَقْلِ هُوَ الْعِلْمُ، وَ حَیَاءُ الْحُمْقِ هُوَ الْجَهْلُ

অর্থ: ‘লজ্জাশীলতা দুই প্রকার—বুদ্ধিবৃত্তিক লজ্জাশীলতা এবং নির্বুদ্ধিতাজনিত লজ্জাশীলতা। বুদ্ধিবৃত্তিক লজ্জাশীলতা হলো জ্ঞান, আর নির্বুদ্ধিতাজনিত লজ্জাশীলতা হলো অজ্ঞতা।’
সূত্র: আল-কাফি, খণ্ড ২, পৃষ্ঠা ১০৬।

এ দুই ধরনের লজ্জাশীলতার মধ্যে পার্থক্য হলো—
বুদ্ধিবৃত্তিক লজ্জাশীলতা (প্রশংসনীয় গুণ): এটি মানুষের ভেতরে এমন এক নৈতিক বাধা সৃষ্টি করে, যা তাকে অশ্লীলতা, পাপাচার, সতীত্ববিরোধী কাজ, অশোভন কথাবার্তা এবং অন্যের অধিকার ও ব্যক্তিগত পরিসর লঙ্ঘন থেকে বিরত রাখে। এ গুণ আল্লাহর প্রতি শ্রদ্ধা ও আত্মমর্যাদাবোধ থেকে সৃষ্টি হয়।

অজ্ঞতা ও দুর্বলতাজনিত লজ্জা (নিন্দনীয় বৈশিষ্ট্য): অযথা সংকোচ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারা, নিজের ন্যায্য অধিকার আদায়ে দ্বিধাগ্রস্ত হওয়া, জ্ঞানগত বা ধর্মীয় বিষয়ে প্রশ্ন করতে লজ্জা পাওয়া এবং অন্যায় কিংবা অনৈতিক প্রস্তাবে ‘না’ বলতে না পারা—এসব এর অন্তর্ভুক্ত।

এ ছাড়া দৃষ্টিভঙ্গির ভিত্তিতে লজ্জাশীলতা তিন প্রকার:
• আল্লাহর প্রতি লজ্জাশীলতা: সর্বদা এ অনুভূতি রাখা যে মানুষ আল্লাহর সামনে উপস্থিত এবং তিনি সবকিছু দেখছেন।

পবিত্র কোরআনে বলা হয়েছে:

أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ

অর্থ: ‘সে কি জানে না যে, আল্লাহ তাকে দেখেন?’ (সুরা আলাক, আয়াত: ১৪)

• মানুষের ও সমাজের প্রতি লজ্জাশীলতা: সামাজিক শিষ্টাচার, ভদ্রতা ও মর্যাদা বজায় রাখা এবং সমাজের শালীনতা ও মূল্যবোধের পরিপন্থী আচরণ থেকে বিরত থাকা।

• নিজের প্রতি লজ্জাশীলতা: নির্জনেও নিজের ব্যক্তিত্ব ও আত্মমর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নিজের সম্মান ক্ষুণ্ন হয়—এমন কাজ থেকে বিরত থাকা।

আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেছেন:

 أَحْسَنُ الْحَیَاءِ اسْتِحْیَاؤُکَ مِنْ نَفْسِکَ

অর্থ: ‘সর্বোত্তম লজ্জাশীলতা হলো নিজের কাছেই লজ্জাবোধ করা।’
সূত্র: গুরারুল হিকাম, পৃষ্ঠা ২৩৬।

৩. সতীত্ব ও লজ্জাশীলতাবিরোধী ভুল থেকে ফিরে আসুন
প্রবৃত্তির তাড়না কিংবা অসতর্কতার কারণে কেউ যদি সতীত্ব ও শালীনতাবিরোধী কোনো কাজে জড়িয়ে পড়েন, তাহলে সেটিকে নিজের লজ্জাশীলতার চূড়ান্ত অবসান বলে মনে করা উচিত নয়। বরং তওবা ও আত্মসংশোধনের মাধ্যমে নিজেকে সংশোধন করতে হবে।

তওবা ও আল্লাহর কাছে প্রত্যাবর্তন
তওবা হলো আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসা। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।

পবিত্র কোরআনে বলা হয়েছে:

 إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

অর্থ: ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা, আয়াত: ২২২)

অনুশোচনা তখনই কল্যাণকর, যখন তা মানুষকে তওবা ও আত্মসংশোধনের দিকে পরিচালিত করে। কিন্তু অনুশোচনা যদি নিজেকে অপমান করা কিংবা ‘আমি একজন নির্লজ্জ মানুষ’—এমন নেতিবাচক ধারণায় আবদ্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তা আত্মসংশোধনের পথে বাধা সৃষ্টি করে।

পবিত্র কোরআনে আরও বলা হয়েছে:

 إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ

অর্থ: ‘নিশ্চয়ই সৎকর্মগুলো অসৎকর্মকে দূর করে।’ (সুরা হুদ, আয়াত: ১১৪)

মানুষের সেবা করা, দান-সদকা, একাগ্রতার সঙ্গে নামাজ আদায় এবং বিভিন্ন কল্যাণকর কাজের মাধ্যমে পাপের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা যায়। এসব সৎকর্ম মানুষের অন্তরকে পরিশুদ্ধ করতে এবং লজ্জাশীলতার গুণ পুনরুজ্জীবিত করতে সহায়তা করে।

৪. লজ্জাশীলতা সুদৃঢ় করার বাস্তবসম্মত উপায়
প্রকৃত লজ্জাশীলতা আল্লাহর মহত্ত্ব সম্পর্কে গভীর উপলব্ধির ফল। প্রতিদিন কিছু সময় এ বিষয়ে চিন্তা করুন যে, আমরা প্রতিটি মুহূর্তে সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা আল্লাহর সামনে রয়েছি এবং তাঁর নিকটবর্তী ফেরেশতারাও আমাদের কর্মকাণ্ডের সাক্ষী। এ উপলব্ধি মানুষের মধ্যে লজ্জাশীলতার অনুভূতিকে গভীর ও সুদৃঢ় করে।

• দৃষ্টি ও চিন্তার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন: অশালীন দৃষ্টি, অশোভন রসিকতা এবং অনৈতিক সম্পর্ক মানুষের লজ্জাশীলতাকে দুর্বল করে দেয়। পবিত্র কোরআনে সতীত্ব রক্ষার নির্দেশ দেওয়ার আগেই দৃষ্টি সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আল্লাহ বলেন:

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ…

অর্থ: ‘মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে...।’ (সুরা নূর, আয়াত: ৩০)

• আত্মমর্যাদাবোধ জাগ্রত করুন: মানুষ যখন নিজের আত্মার মূল্য ও মর্যাদা ভুলে যায়, তখন অনেক সময় সে অশালীন কাজে জড়িয়ে পড়ে।

হযরত আলী (আ.) বলেছেন:

مَنْ كَرُمَتْ عَلَيْهِ نَفْسُهُ هَانَتْ عَلَيْهِ شَهْوَتُهُ

অর্থ: ‘যার কাছে নিজের আত্মমর্যাদা মহান, তার কাছে প্রবৃত্তির আকাঙ্ক্ষা তুচ্ছ হয়ে যায়।’[সূত্র: নাহজুল বালাগা, হিকমত ৪৪৯।]

নিজেকে একজন মর্যাদাবান ও আল্লাহর প্রতিনিধি হিসেবে সম্মানিত মানুষ মনে করুন। আত্মমর্যাদাবোধে সমৃদ্ধ ব্যক্তি স্বাভাবিকভাবেই নীচু ও অশোভন কাজ থেকে দূরে থাকতে সচেষ্ট হন।

• সৎ ও মার্জিত মানুষের সান্নিধ্য গ্রহণ করুন: মানুষের সঙ্গ তার চরিত্র ও আচরণে প্রভাব ফেলে। যারা অশালীন রসিকতা করে কিংবা সহজেই সামাজিক ও নৈতিক সীমারেখা লঙ্ঘন করে, তাদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা মানুষের শালীনতাবোধকে দুর্বল করে দিতে পারে।

অন্যদিকে, ধর্মপ্রাণ, মার্জিত ও চরিত্রবান মানুষের সাহচর্য আত্মসংযম, ব্যক্তিত্ব ও শালীনতাবোধ জোরদার করে।

• নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা পরিহার করুন: ‘আমি নির্লজ্জ’—এ ধরনের নেতিবাচক কথা নিজের মন ও ভাষা থেকে বাদ দিন। এর পরিবর্তে নিজের ভালো গুণগুলোর প্রতি মনোযোগ দিন এবং প্রতিদিন দৃষ্টি, কথা ও আচরণ সংযত রাখার জন্য ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করুন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha