হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের সাতক্ষীরা জেলার পারুলিয়া গ্রামে ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, বাদ মাগরিব, হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদাত স্মরণে পবিত্র আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে এক শোক মজলিসের আয়োজন করা হয়।
উক্ত শোক মজলিসে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত বিশিষ্ট আলেম জনাব মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব এবং সত্যের পথে পত্রিকার সম্পাদক জনাব সেখ মুস্তাক আহমদ।

আলোচনায় বক্তাগণ বলেন, আইয়ামে ফাতেমিয়াকে কেবল একটি শোক মজলিস কিংবা নির্দিষ্ট কয়েক দিনের আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ রাখলে চলবে না। নবীকন্যা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর ওপর সংঘটিত ঐতিহাসিক জুলুম ও তাঁর শাহাদাতের ঘটনাকে বিশ্বের দরবারে ন্যায়বিচারের দাবি হিসেবে তুলে ধরতে হবে।
বক্তাগণ জোরালোভাবে দাবি জানান, এই ঘটনাকে আদালতের বিচারকের সামনে উত্থাপিত একটি ঐতিহাসিক মামলা বা বিচার-আবেদনের মতো করে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হোক। ইতিহাসের এই বেদনাদায়ক অধ্যায়ের সত্য অনুসন্ধান এবং ন্যায়বিচারের দাবি বিশ্ববাসীর সামনে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।
বক্তাগণ আরও বলেন, আমরা এতদিন কারবালার মর্মান্তিক ঘটনা, ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের ওপর সংঘটিত নির্মম জুলুমের কথা বলে এসেছি। কিন্তু প্রশ্ন হলো, মদিনাতেও তো নবীজির প্রিয় কন্যা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনে মর্মান্তিক নির্যাতন ও জুলুমের ঘটনা ঘটেছিল।

তাহলে সেই ইতিহাসকে একই গুরুত্বের সঙ্গে সামনে তুলে ধরা হয় না কেন? কেন নবীকন্যার মজলুমিয়াত নিয়ে যথেষ্ট আলোচনা হয় না? আজকের শোক মজলিস থেকে বক্তাগণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নই সমাজ ও ইতিহাসসচেতন মানুষের সামনে তুলে ধরেন।
তাঁদের বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, কারবালার শোকের পাশাপাশি মদিনার বেদনাবিধুর ইতিহাসকেও সমান গুরুত্বের সঙ্গে স্মরণ করতে হবে। নবীকন্যার প্রতি সংঘটিত জুলুমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ন্যায়বিচারের দাবি বিশ্ববাসীর সামনে তুলে ধরা সময়ের দাবি।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট আলেম হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত মওলানা আলী নওয়াজ খান সাহেব এবং পারুলিয়া মসজিদের জুমার খতিব সম্মানিত মওলানা মুস্তাক সাহেব।

পরিশেষে, হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর মজলুমিয়াতের ইতিহাস প্রচারের অঙ্গীকারের মধ্য দিয়ে শোক মজলিসের তাৎপর্যপূর্ণ আলোচনা সম্পন্ন হয়।
আসসালামু আলাইকা ইয়া ফাতিমাতুয যাহরা (সা.আ.)।
আপনার কমেন্ট