শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ - ১৯:০২
শিষ্য গড়ে তোলা ও আহলে বাইতের মাযহাব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি: আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি

ইলমি ও দ্বীনি খেদমত, ফিকহ ও উসুলের শিক্ষা ও বিকাশ এবং বিশিষ্ট শিষ্য গড়ে তোলার মাধ্যমে হাওযা ইলমিয়াকে শক্তিশালী করা ও আহলে বাইতের (আ.) মাযহাব সংরক্ষণে আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানি অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন কোমের হাওযা ইলমিয়ার জামে মুদাররিসিনের প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ হাশেম হোসেইনি বুশেহরি।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, ১৯ নভেম্বর বৃহস্পতিবার পবিত্র মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজারের রওজায়ে ইমাম খোমেনি (রহ.)-তে আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির স্মরণে আয়োজিত শোকসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি বলেন, প্রকৃত আলেম হলেন তিনি, যাঁর জ্ঞান ও খেদমতের মাধ্যমে সমাজ উপকৃত হয় এবং যাঁর গড়ে তোলা শিষ্য, ইলমি রচনাবলি ও দ্বীনি অবদান তাঁর ইন্তেকালের পরও মানুষের জন্য পথনির্দেশনার উৎস হয়ে থাকে।

ইমাম রেজা (আ.)-এর একটি বর্ণনা উল্লেখ করে তিনি বলেন, একজন ফকিহের পরিচয় হলো, তাঁর মাধ্যমে মানুষ কল্যাণ ও বরকত লাভ করবে। একজন আলেমের দায়িত্ব কেবল শরিয়তের বিধান বর্ণনা করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের চিন্তাগত, বিশ্বাসগত ও নৈতিক দিকনির্দেশনা দেওয়াও তাঁর দায়িত্ব। কখনো কোনো আলেমের একটি ফতোয়া গোটা জাতিকে ঔপনিবেশিক আধিপত্য থেকে মুক্ত করার কারণ হতে পারে। যেমন মির্জা শিরাজি (রহ.) তাঁর ঐতিহাসিক ফতোয়ার মাধ্যমে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখেছিলেন।

প্রকৃত আলেমের বৈশিষ্ট্য তুলে ধরে আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি বলেন, তাকওয়া, বিনয়, একনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা, মানুষের কল্যাণকামিতা ও অনাড়ম্বর জীবনযাপন একজন আলেমের মৌলিক গুণাবলি। তিনি আরও বলেন, আলেমরা কেবল পাঠদান ও শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ থাকেন না; বরং তাঁরা সমাজের বিশ্বাসগত ও চিন্তাগত সীমান্তেরও রক্ষক। ইলমি, নৈতিক ও দ্বীনি প্রচেষ্টার মাধ্যমে তাঁরা বিপথগামী চিন্তাধারার মোকাবিলা করেন।

আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির ইলমি ব্যক্তিত্ব সম্পর্কে তিনি বলেন, মাত্র ২৭ বছর বয়সেই তিনি ইজতিহাদের উচ্চ মর্যাদা অর্জন করেছিলেন। নাজাফে আয়াতুল্লাহ সাইয়্যেদ আবদুল হাদি শিরাজি (রহ.), আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহসিন হাকিম (রহ.) এবং আয়াতুল্লাহ সাইয়্যেদ আবুল কাসেম খুই (রহ.)-এর মতো বরেণ্য আলেমদের কাছ থেকে ইলম অর্জন করেন। একই সময়ে তিনি পাঠদান ও শিষ্য গড়ে তোলার কার্যক্রমও অব্যাহত রাখেন।

শিষ্য গড়ে তোলা ও আহলে বাইতের মাযহাব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি: আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি

তিনি বলেন, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ব্যক্তিত্ব কেবল ফিকহ ও উসুলের ইলমি মর্যাদার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং পবিত্র কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক এবং আহলে বাইতের (আ.), বিশেষ করে আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) ও হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা ছিল তাঁর অন্যতম বৈশিষ্ট্য। ইসলামী বিপ্লবের সময় তাঁর বিপ্লবী অবস্থান, ইমাম খোমেনি (রহ.)-এর অবমাননার প্রতিবাদ এবং পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় রণাঙ্গনে মুজাহিদদের সঙ্গে সাক্ষাৎ তাঁর দ্বীনি দায়িত্ববোধ ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণকে ধর্মীয় নেতৃত্ব ও আধ্যাত্মিকতার প্রতি জনগণের গভীর অনুরাগের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

সবশেষে তিনি বলেন, আধুনিক ইলমি ও সামাজিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, শিক্ষা এবং বিশিষ্ট আলেম গড়ে তোলা বর্তমানে হাওযা ইলমিয়াগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মাধ্যমে নতুন প্রজন্মের চিন্তাগত ও দ্বীনি প্রশ্নগুলোর কার্যকর জবাব দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইলমি ও নৈতিক উত্তরাধিকার সংরক্ষণ এবং তাঁর পদাঙ্ক অনুসরণের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

শিষ্য গড়ে তোলা ও আহলে বাইতের মাযহাব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি: আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha