বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ - ০৯:৩৩
বাছুরপূজার মতো গুরুতর পাপের পরও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না!

মানুষ পাপ করার পর সবচেয়ে বড় যে বিপদের মুখোমুখি হয়, তা অনেক সময় পাপ নিজে নয়; বরং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া। শয়তান প্রথমে মানুষকে পাপের পথে পরিচালিত করে। এরপর তার মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে, ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এভাবে সে মানুষকে তওবা ও ভুল সংশোধনের পথ থেকেও দূরে সরিয়ে রাখতে চায়। অথচ আল্লাহর রহমত সব সময় তাঁর বান্দাদের জন্য ফিরে আসার পথ উন্মুক্ত রেখেছে।

হাওজা নিউজ এজেন্সি’র তথ্যমতে, পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,

وَلَمَّا سُقِطَ فِی أَیْدِیهِمْ وَرَأَوْا أَنَّهُمْ قَدْ ضَلُّوا قَالُوا لَئِنْ لَمْ یَرْحَمْنَا رَبُّنَا وَیَغْفِرْ لَنَا لَنَکُونَنَّ مِنَ الْخَاسِرِینَ.

যখন তারা অনুতপ্ত হলো এবং বুঝতে পারল যে, তারা পথভ্রষ্ট হয়েছে, তখন বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন এবং আমাদের ক্ষমা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
(সুরা আল-আ'রাফ, আয়াত ১৪৯)

আয়াতের ব্যাখ্যা:
বনি ইসরাইল জাতি তাদের নবী হযরত মূসা (আ.)-এর কাছ থেকে অসংখ্য মুজিজা প্রত্যক্ষ করেছিল। এসব মুজিজার প্রতিটিই তাদের হেদায়েত ও একত্ববাদের পথে পরিচালিত করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এরপরও হযরত মূসা (আ.)-এর অনুপস্থিতিতে তারা বাছুরপূজায় লিপ্ত হয়!

হযরত মূসা (আ.) তুর পাহাড় থেকে ফিরে এসে তাদের এ কর্মকাণ্ড দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করলে তারা নিজেদের ভ্রান্তি ও ভুল বুঝতে পারে। তবে এ ঘটনায় বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো, এত বড় ও বিস্ময়কর পাপ করার পরও তারা নিজেদের প্রকৃত ক্ষতিগ্রস্ত মনে করেছে তখনই, যখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করেছে।

শয়তানের সবচেয়ে বিপজ্জনক প্ররোচনাগুলোর একটি হলো, মানুষ যখন কোনো পাপ করে, তখন সে তার মনে কুমন্ত্রণা দেয়—‘তোমার আর কিছুই করার নেই। তোমাকে আর ক্ষমা করা হবে না! তুমি যে পাপ করেছ, তাতে তোমার মুক্তির আর কোনো পথ অবশিষ্ট নেই!’

কতই না দুর্ভাগ্যজনক, যখন মানুষ শয়তানের এই প্ররোচনাকে সত্য বলে বিশ্বাস করে! ধীরে ধীরে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ে এবং একপর্যায়ে ফিরে আসার আর কোনো সুযোগ নেই—এমন ভ্রান্ত ধারণা নিয়ে পাপের পথে চলতে থাকে।

অথচ এটাই শয়তানের পাতা ফাঁদ। প্রথমে সে মানুষকে পাপের পথে টেনে নেয়, এরপর আল্লাহর রহমত থেকে নিরাশ করে তওবা ও ফিরে আসার পথও তার জন্য বন্ধ করে দিতে চায়!

আমাদের মনে রাখতে হবে, পাপ অবশ্যই বড় অপরাধ; কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া নিঃসন্দেহে আরও বড় ও ধ্বংসাত্মক ভুল।

এ কারণেই মহান আল্লাহ পবিত্র কোরআনে বারবার এ সত্য স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন,

قُلْ یَا عِبَادِیَ الَّذِینَ أَسْرَفُوا عَلَیٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ یَغْفِرُ الذُّنُوبَ جَمِیعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِیمُ.

বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।’
(সুরা আয-যুমার, আয়াত ৫৩)

অন্য এক আয়াতে মহান আল্লাহ বলেন,

وَ لا تَیْأَسُوا مِنْ رَوْحِ اللّهِ إِنَّهُ لا یَیْأَسُ مِنْ رَوْحِ اللّهِ إِلاَّ الْقَوْمُ الْکافِرُونَ.

তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।’
(সুরা ইউসুফ, আয়াত ৮৭)

সুতরাং মানুষ যতক্ষণ জীবিত থাকে, ততক্ষণ তার উচিত আল্লাহর রহমতের দরজা নিজের জন্য বন্ধ মনে না করা। পাপ থেকে পালাতে হবে, আল্লাহর কাছ থেকে নয়। কারণ মানুষের মুক্তির পথ হলো সেই আল্লাহর দিকেই ফিরে যাওয়া, যাঁর রহমত মানুষের পাপের চেয়েও অনেক বিস্তৃত।

ইসলামি সংস্কৃতিতে আল্লাহর রহমতের গুরুত্ব এতটাই ব্যাপক যে, এত বিস্তৃত রহমত থাকা সত্ত্বেও কেউ যদি পথভ্রষ্ট হয়ে ধ্বংসের দিকে চলে যায়, তবে তা সত্যিই বিস্ময়কর। এ প্রসঙ্গে একদিন হাসান বসরি ইমাম যায়নুল আবেদিন (আ.)-কে বলেছিলেন,

لَیْسَ اَلْعَجَبُ مِمَّنْ هَلَکَ کَیْفَ هَلَکَ وَ إِنَّمَا اَلْعَجَبُ مِمَّنْ نَجَا کَیْفَ نَجَا.

কেউ কীভাবে ধ্বংস হলো, তা বিস্ময়ের বিষয় নয়; বরং বিস্ময়ের বিষয় হলো, কেউ কীভাবে মুক্তি পেল!

এর জবাবে ইমাম (আ.) বলেন,

لَیْسَ اَلْعَجَبُ مِمَّنْ نَجَا کَیْفَ نَجَا وَ أَمَّا اَلْعَجَبُ مِمَّنْ هَلَکَ کَیْفَ هَلَکَ مَعَ سَعَةِ رَحْمَةِ اَللَّهِ.

কেউ কীভাবে মুক্তি পেল, তা বিস্ময়ের বিষয় নয়; বরং বিস্ময়ের বিষয় হলো, আল্লাহর এত ব্যাপক রহমত থাকা সত্ত্বেও কেউ কীভাবে ধ্বংস হলো!
(বিহারুল আনওয়ার, খণ্ড ৭৫, পৃষ্ঠা ১৫৩)

প্রস্তুতকারক: হাওজা নিউজ এজেন্সির শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha