শনিবার ৩১ জানুয়ারী ২০২৬ - ১৩:১৬
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা ও পাশ্চাত্য বিশ্বের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা ও পাশ্চাত্য বিশ্বের ঘৃণ্য চক্রান্ত, পশ্চিমা অপশক্তির সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার হুমকির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা-এর উদ্যোগে ৩১ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার সকাল ১১টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মসূচিতে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ছাড়াও ইসলামী শিক্ষা কেন্দ্র, জামিয়্যাতে মুহিব্বীনে আহলে বায়েত বাংলাদেশ এবং সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা, বাংলাদেশ-এর বিপুল সংখ্যক সাধারণ মানুষ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী বলেন, “আমরা হকের পক্ষে এবং বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছি। হকের পক্ষে যদি জীবন উৎসর্গ করতে হয়, তাহলে আমরা তা করতেও প্রস্তুত।”

তিনি আরও বলেন, “ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনী (রহ.) ঘোষণা করেছিলেন—এই বিপ্লব মাজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে অবস্থান নেবে। ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, বরং তা সমগ্র বিশ্বকেই ভয়াবহ হুমকির মুখে ঠেলে দিচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, “আমেরিকা পরিকল্পিতভাবে সঙ্কট সৃষ্টি ও নয়া-উপনিবেশবাদ কায়েমের মাধ্যমে বিশ্বব্যাপী শোষণ চালিয়ে যাচ্ছে। অথচ এমন বর্বরোচিত ঘটনার পরও জাতিসংঘসহ তথাকথিত বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে।”

প্রতিবাদসভায় অন্যান্য বক্তারা যুদ্ধ, অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের আহ্বান জানান এবং বিশ্বের জনগণের ইচ্ছা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সম্মিলিত ওলামায়ে কেরামের সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহীম ফায়জুল্লাহ, তালিমুল মিল্লাত রাহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নাজমুস সউদ, খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের সাবেক অধ্যাপক মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন সিদ্দিকী, হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী, হুজ্জাতুল ইসলাম ড. এম. এ. কাইউম, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha