সোমবার ৯ ফেব্রুয়ারী ২০২৬ - ১৭:১৪
আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার হুমকি শত্রুদের পরাজয়জনিত হতাশার বহিঃপ্রকাশ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (হাফিযাহুল্লাহ)-কে হত্যার হুমকি দেওয়ার ঘটনাকে আমি তীব্র নিন্দা ও ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। সম্প্রতি মার্কিন উন্মাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক ভাষায় এ হুমকি দিয়েছে, তা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় শালীনতা এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামি বিপ্লবের পর থেকে গত ৪৭ বছরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক ষড়যন্ত্র, অর্থনৈতিক অবরোধ, নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে এসেছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। আজ সেই ধারাবাহিক পরাজয়ের হতাশা থেকেই তারা সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকির মতো উন্মত্ত ও সন্ত্রাসী ভাষার আশ্রয় নিয়েছে।

সম্প্রতি ইরানে সংঘটিত দাঙ্গা ও অস্থিতিশীলতার পেছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর প্রকাশ্য হস্তক্ষেপ বিশ্ববাসীর কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকারের ধ্বজাধারী এই শক্তিগুলোই বিভিন্ন দেশে দাঙ্গা, বিশৃঙ্খলা ও সরকারবিরোধী তৎপরতায় অর্থায়ন, প্রশিক্ষণ ও কূটনৈতিক সহায়তা দিয়ে থাকে। ইরানেও তারা একই পুরোনো চক্রান্তের পুনরাবৃত্তি করেছে।

একই সঙ্গে কুখ্যাত এপস্টিন ফাইল ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা শাসকগোষ্ঠীর নৈতিক দেউলিয়াত্ব ও বর্বরতার নগ্ন দলিল। শিশু নির্যাতন, যৌন সহিংসতা ও মানব পাচারের সঙ্গে যুক্ত এই কলঙ্কজনক অধ্যায় প্রমাণ করে—যারা বিশ্বকে নীতিকথা শোনায়, তারাই বাস্তবে মানবতার সবচেয়ে বড় শত্রু। নিজেদের এই অপরাধ ও নৈতিক পতন আড়াল করতেই তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার, আগ্রাসন ও শত্রুতা জারি রেখেছে।

ইসলাম ও মুসলমানদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আদর্শিক শত্রুতা কোনো সাম্প্রতিক ঘটনা নয়। ইসলামি জাগরণ, প্রতিরোধের দর্শন এবং স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রনীতি তাদের জন্য চিরন্তন আতঙ্ক। আয়াতুল্লাহ খামেনেয়ী এই প্রতিরোধ, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক বলেই তাঁকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আমি স্পষ্টভাবে বলতে চাই—আয়াতুল্লাহ খামেনেয়ী কোনো একক ব্যক্তি নন; তিনি ইসলামি বিপ্লব, ইরানের জনগণ এবং বিশ্বব্যাপী মজলুম ও স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর। তাঁকে লক্ষ্য করে দেওয়া যেকোনো হুমকি আসলে গোটা ইসলামি উম্মাহর বিরুদ্ধে হুমকির শামিল।

ইতিহাস সাক্ষী—জালিম শক্তির হুমকি, অবরোধ ও সন্ত্রাস কখনো সত্যের পথ রুদ্ধ করতে পারেনি। বরং এসব অপচেষ্টা প্রতিরোধকে আরও দৃঢ়, ঐক্যবদ্ধ ও গতিশীল করেছে।

আমি বিশ্ব মুসলিম উম্মাহ, বিবেকবান মানবতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই— রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন এবং জালিম শক্তির প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচন করুন।

আল্লাহ তাআলা ইসলামি প্রজাতন্ত্র ইরান, এর নেতৃত্ব এবং সমগ্র মুসলিম উম্মাহকে শত্রুদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করুন—আমিন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha