শুক্রবার ১৩ মার্চ ২০২৬ - ২৩:৫০
‘প্রতিরোধই একমাত্র পথ’, ইসরাইলের হুমকিকে ‘মূল্যহীন’ বলে উড়িয়ে দিলেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান নাঈম কাশেম ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এক ভাষণে তিনি বলেছেন, ইসরাইলি আগ্রাসন রোধে সামরিক প্রতিরোধ ছাড়া কোনো বিকল্প পথ নেই। একই সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হত্যার হুমকিকে ‘মূল্যহীন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন তিনি।

হাওজা নিউজ এজেন্সি: হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, আগ্রাসন মোকাবিলায় সশস্ত্র প্রতিরোধই একমাত্র পথ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই পথ পরিহার করলে লেবানন ধ্বংসের মুখে পড়বে।

নাঈম কাশেম তার বক্তব্যে হিজবুল্লাহর শক্তির তিনটি ভিত্তি তুলে ধরেন: মহান আল্লাহর প্রতি অটুট বিশ্বাস, সত্যের পক্ষে অবস্থান এবং দীর্ঘদিনের অর্জিত সামরিক ও মানসিক প্রস্তুতি ও ইচ্ছাশক্তি।

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা উল্লেখ করে কাশেম বলেন, “আমি শুনেছি নেতানিয়াহু আমাকে হত্যার হুমকি দিচ্ছে। অথচ ইমাম আলী (আ.) বলেছেন: ‘মৃত্যুই যথেষ্ট এক অভিভাবক (প্রহরী)।’ যখন কারও নির্ধারিত শেষ সময় এসে যায়, তখন কেউই তা ঠেকাতে পারে না। তাই তোমার এই হুমকি মূল্যহীন।”

তিনি নেতানিয়াহুকে ‘অশান্তি ও অন্যায় সৃষ্টিকারী’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “যে পৃথিবীতে অশান্তি ও অন্যায় বাড়ায়, সে নিজের পতনের মঞ্চ নিজেই প্রস্তুত করে— আমাদের বাণী ও ইতিহাসে এমনটাই বলা হয়েছে। নেতানিয়াহু সেই অশান্তি সৃষ্টিকারীদেরই একজন।”

লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় হিজবুল্লাহর ভূমিকা তুলে ধরে কাশেম দাবি করেন, তাদের প্রতিরোধ যুদ্ধই ইসরাইলকে লেবাননের ভূখণ্ডে প্রবেশ করতে বাধা দিয়েছে। তিনি বলেন, “যদি প্রতিরোধ না থাকত, তাহলে আজ ইসরাইল কী করত? সে নবী শীত নামক শহরের ঘরগুলোতে একের পর এক ঢুকে পড়ত— ঘর ধরে ধরে মানুষ হত্যা করত এবং যাকে ইচ্ছা ধরে নিয়ে যেত। তাই আগ্রাসন বন্ধ করতে হবে, প্রতিরোধকে নয়।”

লেবাননের ভবিষ্যৎ ও সন্তানদের জীবনযাপন পদ্ধতি কারও কাছে ছেড়ে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “এটি আমাদের দেশ, এবং আমরা কাউকে এর ভবিষ্যৎ, এর সিদ্ধান্ত, কিংবা আমাদের সন্তানরা কীভাবে বাঁচবে—তা নিয়ন্ত্রণ করতে দেব না।”

ভবিষ্যৎ সংগ্রামের পথ নির্ধারণ করে কাশেম বলেন, এই প্রতিরোধ অব্যাহত থাকবে এবং যুদ্ধের ময়দানই হবে তাদের সম্মানের জায়গা। “এখন থেকে কথা বলবে যুদ্ধের ময়দান। আমরা তার জন্য প্রস্তুত। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের জনগণ আমাদের সঙ্গে আছে, আর আমাদের মাতৃভূমির ও সারা বিশ্বের স্বাধীন ও মর্যাদাবান মানুষ আমাদের সঙ্গে আছে। এই শক্তিই শেষ পর্যন্ত বিজয়ী হবে—আল্লাহর ইচ্ছায়।”

হিজবুল্লাহ প্রধানের এই বক্তৃতা ইসরাইলের সাথে চলমান উত্তেজনা ও লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যেই এলো, যা অঞ্চলটিতে সংঘাতের আরও বিস্তারের আশঙ্কা তৈরি করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha