মঙ্গলবার ২ জুন ২০২৬ - ১৯:০৭
পবিত্র কুরআনে মাহদাভিয়াত (তৃতীয় পর্ব)

পবিত্র কুরআনের কিছু আয়াত ইঙ্গিত করে যে, শেষপর্যায়ে নিপীড়িতরা (মুস্তায‘আফ) অত্যাচারীদের ওপর বিজয়ী হবে এবং শেষ পর্যন্ত পৃথিবী যোগ্য ও সৎ লোকদের হাতে ন্যস্ত হবে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে জানানো হয়েছে, “আদর্শ সমাজের দিকে” শিরোনামে মাহদাভিয়াত বিষয়ক এই ধারাবাহিক আলোচনা ইমাম মাহদী (আ.ফা.)-এর সঙ্গে সম্পর্কিত শিক্ষা ও জ্ঞান প্রচারের উদ্দেশ্যে উপস্থাপন করা হচ্ছে!

ইমাম মাহদী (আ.ফা.) এবং তাঁর বিশ্বজনীন বিপ্লব সম্পর্কিত কিছু আয়াত নিম্নরূপ:

দ্বিতীয় আয়াত

وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ

আমরা ইচ্ছা করেছি পৃথিবীর দুর্বল ও নিপীড়িতদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে নেতা বানাব এবং তাদেরকেই পৃথিবীর উত্তরাধিকারী করব। [সূরা কাসাস: ২৮, আয়াত ৫]

এই আয়াতটি আমিরুল মুমিনীন ইমাম আলী (আ.)-এর বর্ণনা এবং অন্যান্য ইমামদের বহু রেওয়ায়েত অনুযায়ী, মজলুমদের জালিমদের ওপর বিজয় এবং শেষ পরিণতিতে পৃথিবী যোগ্য ও সৎ মানুষের হাতে ন্যস্ত হওয়ার সুসংবাদ প্রদান করে।

এই আয়াত কোনো নির্দিষ্ট ঘটনা বা কেবল বনি ইসরাইলের সঙ্গে সম্পর্কিত নয়; বরং এটি একটি সার্বজনীন বিধান, যা সকল যুগ ও শতাব্দীর জন্য প্রযোজ্য। এটি সত্যের মিথ্যার ওপর এবং ঈমানের কুফরের ওপর বিজয়ের সুসংবাদ বহন করে।

এর পূর্ণাঙ্গ ও সর্বোচ্চ বাস্তবায়ন ঘটবে বিশ্বব্যাপী ন্যায় ও সত্যের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে—যা ইমাম মাহদী (আ.ফা.)-এর মাধ্যমে সংঘটিত হবে।

এই আয়াতটি সেইসব আয়াতের অন্তর্ভুক্ত, যা স্পষ্টভাবে এমন এক বিশ্বজনীন শাসনের আগমনের সুসংবাদ প্রদান করে। তাই আহলে বাইত (আ.)-এর ইমামগণও এর তাফসীরে এই মহান আবির্ভাবের প্রতি ইঙ্গিত করেছেন।

ইমাম আলী (আ.) নাহজুল বালাগায় বলেন—

لَتَعْطِفَنَّ الدُّنْيَا عَلَيْنَا بَعْدَ شِمَاسِهَا عَطْفَ الضَّرُوسِ عَلَى وَلَدِهَا وَتَلَا عَقِيبَ ذَلِكَ "وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ

দুনিয়া তার ঔদ্ধত্য ও অবাধ্যতার পর আমাদের দিকে এমনভাবে ফিরে আসবে, যেমন সন্তানহারা উট নিজের সন্তানের প্রতি ফিরে আসে…” [নাহজুল বালাগা, হিকমত ২০৯]

এরপর তিনি উপরোক্ত আয়াতটি তেলাওয়াত করেন।

আরেকটি হাদিসে ইমাম আলী (আ.) বলেন—

هُمْ آلُ مُحَمَّدٍ یَبْعَثُ اللَّهُ مَهْدِیَّهُمْ بَعْدَ جَهْدِهِمْ فَیُعِزُّهُمْ وَیُذِلُّ عَدُوَّهُمْ

তারা হলেন আলে মুহাম্মদ (সা.); আল্লাহ তাঁদের কঠিন কষ্ট ও সংগ্রামের পর তাঁদের মাহদিকে প্রেরণ করবেন। অতঃপর তিনি তাঁদের সম্মানিত করবেন এবং তাঁদের শত্রুদের অপমানিত করবেন। [শাইখ তূসী, আল-গায়বা, পৃ. ১৮৪]

এই আলোচনা অব্যাহত থাকবে…

গ্রন্থসূত্র: “দারসনামা-এ মাহদাভিয়াত”— খোদা-মুরাদ সোলাইমান (সামান্য সম্পাদিত)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha