হাওজা নিউজ এজেন্সি: শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.) বলেন, ইয়াকিন মানুষের চলার পথকে সুস্পষ্ট ও আলোকিত করে। এর অভাবে মানুষের লক্ষ্য অস্পষ্ট হয়ে যায় এবং তার অগ্রযাত্রা সন্দেহ ও দ্বিধায় আচ্ছন্ন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর একটি সংক্ষিপ্ত বাণীতে এসেছে— “অন্তরে নিক্ষিপ্ত সর্বোত্তম বিষয় হলো ইয়াকিন।”
অর্থাৎ, ইয়াকিনই মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত সর্বোত্তম দানগুলোর একটি।
যদি ইয়াকিন না থাকে এবং মানুষের অন্তরে সন্দেহ ও সংশয় প্রাধান্য পায়, তবে তার লক্ষ্যসমূহ অস্পষ্ট হয়ে যায়। আর লক্ষ্য স্পষ্ট না থাকলে মানুষের চলার পথও হয় অনিশ্চিত, বিচ্যুত ও অস্থির।
এই কারণেই কুরআনে বলা হয়েছে—
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ...
রাসূল তাঁর প্রতিপালকের পক্ষ থেকে তাঁর প্রতি যা নাজিল হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনরাও ঈমান এনেছে। তারা সবাই আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ এবং তাঁর রাসূলগণের প্রতি ঈমান রাখে; তারা বলে, আমরা তাঁর রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং আমরা শুনলাম ও মেনে নিলাম। হে আমাদের প্রতিপালক! আমরা আপনার ক্ষমা প্রার্থনা করি, এবং আপনারই দিকে প্রত্যাবর্তন। [সূরা আল-বাকারা, ২:২৮৫]
তিনি আরও উল্লেখ করেন যে, দোয়ার মধ্যেও আল্লাহর কাছে ইয়াকিন প্রার্থনা করা হয়—
اَللّهُمَّ اجْعَلْ غِنایَ فی نَفْسی وَالْیَقینَ فی قَلْبی وَالاِْخْلاصَ فی عَمَلی وَالنُّورَ فی بَصَری وَالْبَصیرَةَ فی دینی
হে আল্লাহ! আমার অন্তরে আত্মনির্ভরতা দান করুন, আমার হৃদয়ে ইয়াকিন স্থাপন করুন, আমার কাজে ইখলাস দিন, আমার দৃষ্টিতে আলো দিন এবং আমার দীনে অন্তর্দৃষ্টি দান করুন। (দোয়া-এ আরাফা)
তিনি ব্যাখ্যা করেন, ইয়াকিন এমন কিছু নয় যা একবার অর্জিত হলে স্থায়ীভাবে টিকে থাকে; বরং এটি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ প্রয়োজন। জীবনের নানা ঘটনা, প্রবৃত্তির আকর্ষণ—যেমন কামনা, ক্রোধ, লোভ ও নৈতিক দুর্বলতা—মানুষের অন্তরের ইয়াকিনকে দুর্বল করে দিতে পারে এবং ধীরে ধীরে সন্দেহ সৃষ্টি করতে পারে।
গুনাহের অন্যতম গভীর প্রভাব হলো এটি মানুষের অন্তরের ইয়াকিনকে ক্ষয় করে দেয়। তখন মানুষ নিজের ভুল কাজকে বৈধতা দিতে গিয়ে ধীরে ধীরে নিজের বিশ্বাসের ভিত্তিকেই দুর্বল করে ফেলে।
এই প্রসঙ্গে কুরআনে বলা হয়েছে—
ثُمَّ كَانَ عَاقِبَةَ الَّذِينَ أَسَاؤُوا السُّوأَى أَنْ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ وَكَانُوا بِهَا يَسْتَهْزِئُونَ
অতঃপর যারা মন্দ কাজ করেছে, তাদের পরিণতি হয়েছিল অত্যন্ত খারাপ; তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতে শুরু করেছিল এবং সেগুলো নিয়ে উপহাস করত। [সূরা আর-রূম, ৩০:১০]
অতএব, মানুষের অন্তরে আল্লাহ তাআলা যে সর্বশ্রেষ্ঠ দান প্রদান করেন তা হলো ইয়াকিন; এবং এটিকে সর্বদা সংরক্ষণ, শক্তিশালীকরণ ও পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্ট