শনিবার ২৭ জুন ২০২৬ - ১৬:৪৬
চাঁপাইনবাবগঞ্জে ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে আজ ২৬ জুন শহীদ সাটু হলে বেহেশতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন আলাইহিস সালামের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ইমরান হোসেন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ড. আবদুল্লাহ।

বক্তারা তাঁদের আলোচনায় কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট, ইমাম হোসাইন (আ.)-এর মহান আত্মত্যাগ এবং ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার যে শিক্ষা ইমাম হোসাইন (আ.) দিয়ে গেছেন, তা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য পাথেয় হয়ে থাকবে।

চাঁপাইনবাবগঞ্জে ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বক্তারা আরও বলেন, কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়; বরং এটি মানবতার মুক্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জুলুম-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের এক চিরন্তন প্রেরণার উৎস। বর্তমান বিশ্বে নৈতিক অবক্ষয়, অন্যায় ও বৈষম্যের প্রেক্ষাপটে ইমাম হোসাইন (আ.)-এর আদর্শ অনুসরণ সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুফাসসির আলহাজ মাওলানা মো. মুহসিন উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তৃতা, আলোচনা ও শোকগাথা পাঠের মাধ্যমে কারবালার বেদনাবিধুর স্মৃতি স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা ইমাম হোসাইন (আ.) ও কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জে ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha