রবিবার ১৮ অক্টোবর ২০২৬ - ১৪:০৯
শেখ জাকজাকির দৃষ্টিতে ইসলামী ব্যবস্থার বৈশিষ্ট্য

নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম জাকজাকি সমাজে দ্বীন প্রতিষ্ঠার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার অর্থ সমাজের সব মানুষকে মুসলমান হয়ে যেতে হবে-এমন নয়। বরং এর লক্ষ্য হলো আল্লাহর বিধানের শাসন প্রতিষ্ঠা করা এবং আল্লাহর নির্দেশনার পরিপন্থী আইন প্রণয়ন প্রতিরোধ করা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ১৭ অক্টোবর, শনিবার, নাইজেরিয়ার রাজধানী আবুজায় ‘যুবসমাজ ও ইসলামি আন্দোলনের ভবিষ্যৎ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে শেখ ইব্রাহিম জাকজাকি ইসলামি আন্দোলনের পথে যুবসমাজের দায়িত্ব এবং দ্বীন প্রতিষ্ঠার ধারণা ব্যাখ্যা করেন। শহীদ আহমদ জাকজাকি বাহিনী (JASAZ)-এর উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

মানবজীবনে তারুণ্যের গুরুত্ব তুলে ধরে তিনি এই সময়কে মূল্যবান কাজ ও ইবাদতে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, তারুণ্য কেবল মানুষের জীবনের কয়েকটি বছর নয়; বরং এটি সামর্থ্য ও প্রচেষ্টার সময়।

নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা দ্বীন প্রতিষ্ঠা অসম্ভব-এমন কিছু ধারণার সমালোচনা করেন। এসব ধারণার পক্ষে যুক্তি হিসেবে কখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও ক্ষমতার অভাব, আবার কখনো সমাজের সবাই মুসলমান না হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের ধারণা দ্বীন প্রতিষ্ঠার প্রকৃত অর্থ সম্পর্কে সঠিক উপলব্ধির পরিচায়ক নয়।

দ্বীন প্রতিষ্ঠা এবং সমাজের প্রত্যেক ব্যক্তির মুসলমান হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য তুলে ধরে শেখ জাকজাকি বলেন, আমাদের আন্দোলন শিয়া মতবাদে দীক্ষিত করার আন্দোলন নয়; বরং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার অর্থ হলো আল্লাহর বিধান অনুযায়ী আইন ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন প্রণয়ন প্রতিরোধ করা। ইসলামী ব্যবস্থা অবশ্যই আল্লাহর বিধানের ভিত্তিতে গড়ে উঠতে হবে এবং এসব বিধানের পরিপন্থী হওয়া চলবে না।

বিষয়টি ব্যাখ্যা করতে শেখ জাকজাকি শেখ উসমান বিন ফোদিওর অভিজ্ঞতা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের উদাহরণ তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, ইরানেও ইহুদিসহ অন্যান্য ধর্মের অনুসারীরা বসবাস করেন। এ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সমাজের সব মানুষের মুসলমান হওয়া শর্ত নয়।

বক্তব্যের অন্য একটি অংশে নাইজেরিয়ার ইসলামি আন্দোলনকে দমন করতে শত্রুদের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব প্রচেষ্টা সফল হবে না। বিজয় ইসলামি আন্দোলন ও সত্যের পথেরই হবে।

পরিশেষে শেখ জাকজাকি ন্যায় ও সত্যের সমর্থনে অবিচল থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণকে কেবল দর্শকের ভূমিকায় সীমাবদ্ধ না থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে এগিয়ে আসার আহ্বান জানান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha