রবিবার ৮ নভেম্বর ২০২৬ - ১৪:৫৩
হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-মানব জাতির আদর্শ

হুগলী ইমাম বাড়িতে জুমার খুতবায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা হাবিবুল্লাহ খান হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর পবিত্র জীবন, অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য, আত্মত্যাগ এবং শাহাদাতের করুণ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর প্রিয় কন্যা ও আহলে বাইতের অন্যতম সদস্য হযরত ফাতিমা জাহরা (সা.আ.) ছিলেন ধৈর্য, জ্ঞান, ন্যায়পরায়ণতা ও সত্যনিষ্ঠার অনন্য আদর্শ। রাসূলুল্লাহ (সা.)-এর ওফাতের পর আহলে বাইতের ওপর সংঘটিত নানা ঘটনা এবং তাঁর শাহাদাতের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকা, সত্য ও ন্যায়ের পথে আত্মত্যাগ করা এবং নৈতিক আদর্শ অনুসরণ করাই হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর জীবন থেকে মানবজাতির জন্য অন্যতম প্রধান শিক্ষা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা হাবিবুল্লাহ খান (হাওজা ইলমিয়া আহলে বাইত (আ.) এর শিক্ষক) বলেন, আজকের এই পবিত্র জুমার দিনে আমরা এমন এক মহীয়সী নারীর জীবন ও শাহাদাত নিয়ে আলোচনা করব, যাঁর জীবনের প্রতিটি অধ্যায় সমগ্র মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা বহন করে-তিনি হলেন খাতুনে জান্নাত হজরত ফাতিমা জাহরা (সা.আ.), প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা।

তিনি বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আহযাবের ৩৩ নম্বর আয়াতে ইরশাদ করেন:

إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا

অর্থ: নিশ্চয়ই আল্লাহ তাআলা চান যে, হে আহলে বাইত! তিনি তোমাদের থেকে অপবিত্রতা দূর করুন এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করুন।

এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আহলে বাইতের পবিত্রতা ও মর্যাদা ঘোষণা করেছেন। হজরত ফাতিমা জাহরা (সা.আ.) সেই পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য। রাসূলুল্লাহ (সা.) তাঁকে ভালোবাসতেন এবং বলেছেন, ফাতিমা আমার অংশ, যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। তিনি ছিলেন ধৈর্য, ত্যাগ ও সংযমের মূর্ত প্রতীক।

মাওলানা বলেন, হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর জীবন থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, তা হলো:

প্রথমত: তিনি ছিলেন চরিত্র ও নৈতিকতার সর্বোচ্চ আদর্শ। তিনি ছিলেন একজন আদর্শ কন্যা, আদর্শ স্ত্রী ও আদর্শ মা। পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধ ও ভালোবাসা আমাদের জন্য শিক্ষণীয়।

দ্বিতীয়ত: তিনি ছিলেন জ্ঞান ও ইলমের প্রতি অনুরাগী। তাঁর জীবন আমাদের শেখায় যে, জ্ঞান অর্জন ও আল্লাহর পথে চলা প্রতিটি মুসলমানের কর্তব্য।

তৃতীয়ত: তিনি ছিলেন ন্যায়পরায়ণতা ও সততার প্রতীক। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি, বরং সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা হাবিবুল্লাহ খান বলেন, এখন আমি আপনাদের সামনে হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর শাহাদাতের করুণ ঘটনা সংক্ষেপে তুলে ধরব, যা ইসলামের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়।

রাসূলুল্লাহ (সা.)-এর ওফাতের পর মদিনায় যে রাজনৈতিক উত্থান-পতন সৃষ্টি হয়, তা আহলে বাইতের ওপর গভীর প্রভাব ফেলে। সাকিফা বনু সায়েদায় আবু বকরের কাছে কিছু লোকের বাইআত গ্রহণের পর, হজরত আলী (আ.) ও তাঁর সমর্থকরা বাইআত করতে অস্বীকার করেন। এ অবস্থায় আবু বকরের নির্দেশে উমর ইবনে খাত্তাব ও তাঁর সহযোগীরা হজরত আলী (আ.)-এর ঘরে যান এবং বাইআতের জন্য চাপ প্রয়োগ করেন।

তিনি অরোও বলনে, বিভিন্ন ঐতিহাসিক সূত্রে বর্ণিত আছে যে, এই ঘটনার সময় হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর ওপর শারীরিক নির্যাতন সংঘটিত হয়। তাঁর ঘরের দরজায় আগুন ধরানো হয় এবং তিনি গুরুতর আহত হন। এই আঘাতের ফলে তাঁর পাঁজরের হাড় ভেঙে যায় এবং গর্ভে থাকা সন্তান হজরত মুহসিন (আ.) গর্ভপাত হয়ে যান। আহলে সুন্নতের কিছু সূত্রেও এই হামলার কথা উল্লেখ আছে, যদিও বিস্তারিত বর্ণনায় পার্থক্য রয়েছে।

মাওলানা হাবিবুল্লাহ বলেন, এই ঘটনার পর হজরত ফাতিমা (সা.আ.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি শয্যাশায়ী অবস্থায় দিন কাটাতে থাকেন এবং পিতার বিয়োগব্যথা ও শারীরিক কষ্টে ভুগতে থাকেন। অবশেষে, রাসূলুল্লাহ (সা.)-এর ওফাতের ৭৫ দিন পর (মতান্তরে ৯৫ দিন পর), হিজরি ১১ সনের জামাদীউল উলা মাসের ১৩ তারিখ অথবা জামাদীউস সানিয়া মাসের ৩ তারিখে তিনি শাহাদাত বরণ করেন। ইমাম জাফর সাদিক (আ.) থেকে বর্ণিত আছে যে, তিনি পিতার ওফাতের ৭৫ দিন পর দুনিয়া ত্যাগ করেন।

তিনি বলেন, শাহাদাতের আগে তিনি ওসিয়ত করেন যে, তাঁকে রাতে দাফন করা হবে এবং যারা তাঁর ওপর জুলুম করেছে তারা যেন তাঁর জানাজায় অংশগ্রহণ না করে। এই ওসিয়ত অনুযায়ী তাঁকে রাতে দাফন করা হয় এবং তাঁর কবরের স্থান আজও গোপন রয়েছে। তিনি ছিলেন আহলে বাইতের প্রথম সদস্য যিনি রাসূলুল্লাহ (সা.)-এর ওফাতের পর তাঁর সাথে মিলিত হন।

তিনি আরোও বলেন, হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর শাহাদাত আমাদের জন্য এক গভীর শিক্ষা বহন করে। তিনি দেখিয়ে গেছেন যে, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হলে কষ্ট সহ্য করতে হয়। তিনি তাঁর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হক ও আদর্শের পক্ষে ছিলেন। তাঁর এই আত্মত্যাগ আমাদের শেখায় যে, অন্যায়ের সামনে নত হওয়া কখনোই মুমিনের বৈশিষ্ট্য নয়।

শেসে তিনি বলেন, আজ আমরা হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর জীবন ও শাহাদাত থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ে তুলব। তাঁর চরিত্র, ধৈর্য, ত্যাগ, ন্যায়পরায়ণতা ও সত্যের প্রতি অবিচলতা আমাদের জীবনে প্রতিফলিত হোক। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর জীবনাদর্শ আমাদের পথ দেখাবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha