শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ - ০৮:০১
শিশুদের ধর্মীয় পোশাকের অভ্যাস গড়ে তুলতে ছয়টি কার্যকর কৌশল

শিশুদের ধর্মীয় শিক্ষা ও ইবাদতসংক্রান্ত আচরণ শেখানোর ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বিষয়গুলো বিবেচনায় রাখা এবং তাড়াহুড়া না করা জরুরি। বিশেষ করে ছোটবেলা থেকেই কোনো ঐচ্ছিক ধর্মীয় আমল পালনে অতিরিক্ত কঠোরতা আরোপ করলে পরবর্তী সময়ে সন্তানের মধ্যে বিরূপ মনোভাব ও অনীহা তৈরি হতে পারে।

হাওজা নিউজ এজেন্সি: শৈশব হলো খেলাধুলা, ছোটাছুটি, স্বাধীনভাবে চলাফেরা এবং সমবয়সীদের আচরণ পর্যবেক্ষণের সময়। পার্ক কিংবা ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতে শিশুরা স্বাভাবিকভাবেই খেলাধুলা ও আনন্দে মেতে থাকতে চায়। এ সময় হিজাব বা বোরকা যদি শিশুর স্বাভাবিক চলাফেরা ও খেলাধুলার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার মনে অজান্তেই এই ধর্মীয় মূল্যবোধের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

এ বিষয়ে শিশু প্রতিপালন ও শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞ উস্তাদ তারাশিউন ছোট মেয়েদের বোরকা পরার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ছয়টি কার্যকর পরামর্শ দিয়েছেন।

প্রশ্ন: আমার আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। দুই বছর বয়স থেকেই আমরা তাকে বাইরে যেখানেই যাই, বোরকা পরার অভ্যাস করিয়েছি। কিন্তু সম্প্রতি পার্ক কিংবা কোনো ইমামজাদার মাজারে গেলে সে বোরকা খুলে ফেলার জন্য জেদ করে। এ ক্ষেত্রে আমাদের করণীয় কী? তাকে কি বোরকা পরতে দেওয়া উচিত, নাকি এখনো এ বিষয়ে অভ্যস্ত করার সময় হয়নি?

উস্তাদ তারাশিউনের উত্তর: সাধারণত ছয় বা সাত বছর বয়স শিশুদের বোরকা পরার অভ্যাস গড়ে তোলার উপযুক্ত সময়। তবে এখানে সরাসরি ও আনুষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে না; বরং পরোক্ষভাবে শিশুর মধ্যে এ অভ্যাস ও আগ্রহ তৈরি করতে হবে।

অনেক সময় দেখা যায়, এ বয়সে—যখন শিশু ধীরে ধীরে বয়ঃসন্ধির কাছাকাছি পৌঁছায়—সে নিজে থেকেই বোরকা পরতে আগ্রহ দেখায় না। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে।

১. সমবয়সীদের প্রভাব বিবেচনায় রাখা: শিশু এমন পরিবেশে থাকতে পারে, যেখানে সে দেখতে পায়, বোরকা না পরা অন্য শিশুরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে খেলাধুলা করছে। বিশেষ করে পার্ক কিংবা মাজারের মতো স্থানে সমবয়সী অনেক মেয়েকে বোরকা ছাড়া চলাফেরা করতে দেখে সে নিজেও একইভাবে থাকতে চাইতে পারে। কারণ এ বয়সে শিশুরা তাদের সমবয়সীদের আচরণ ও জীবনযাপনের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়।

২. অতিরিক্ত কঠোরতা পরিহার করা: শিশুর বোরকা পরতে অনীহার পেছনে একটি কারণ হতে পারে অভিভাবকদের অতিরিক্ত কঠোরতা। ছোটবেলা থেকে বোরকা পরতে বাধ্য করা কিংবা এ বিষয়ে বেশি চাপ প্রয়োগ করলে শিশুর মধ্যে ধীরে ধীরে বিরক্তি তৈরি হতে পারে।

৩. বোরকা পরা শিশুদের সঙ্গে বন্ধুত্বের সুযোগ তৈরি করা: শিশুর মধ্যে বোরকা পরার আগ্রহ বাড়াতে এমন সমবয়সী শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ তৈরি করা যেতে পারে, যারা নিজেরাও বোরকা পরে।

এ জন্য পার্কে বেড়াতে গেলে বসার জায়গা নির্বাচনের সময় এমন পরিবারের পাশে বসার চেষ্টা করা উচিত, যাদের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আমাদের মতো।

উদাহরণস্বরূপ, বিনোদন বা জিয়ারতের জন্য এমন কোনো সময় বেছে নেওয়া যেতে পারে, যখন সেখানে ধর্মীয় পরিবেশ ও পর্দানশীল পরিবারের উপস্থিতি বেশি থাকে। যেমন—শুক্রবার রাত কিংবা বিশেষ জিয়ারতের দিন। এতে শিশুর সঙ্গে একই বয়সী বোরকা পরা অন্য শিশুদের পরিচয় ও বন্ধুত্ব গড়ে উঠতে পারে।

৪. বোরকার কারণে চলাফেরায় সীমাবদ্ধতা কমানো: শিশু যখন বোরকা পরে, তখন স্বাভাবিকভাবেই তার চলাফেরা ও খেলাধুলায় কিছুটা সীমাবদ্ধতা তৈরি হতে পারে। তাই এ সীমাবদ্ধতা যতটা সম্ভব কমিয়ে আনা প্রয়োজন।

উদাহরণস্বরূপ, শিশু পার্কে খেলতে চাইলে তার বোরকাটি এমনভাবে পরানোর ব্যবস্থা করতে হবে, যাতে তা খেলাধুলা ও স্বাভাবিক চলাফেরায় খুব বেশি বাধা সৃষ্টি না করে।

৫. বোরকা নোংরা হওয়ার বিষয়ে অতিরিক্ত সতর্কতা না দেওয়া: অনেক সময় অভিভাবকেরা শিশুদের বোরকা পরার পর বিভিন্ন বিষয়ে সতর্ক করেন। যেমন—‘বোরকা যেন ময়লা না হয়’, ‘বোরকায় যেন ধুলাবালি না লাগে’ ইত্যাদি।

এ ধরনের নির্দেশনা শিশুর মনে এমন ধারণা তৈরি করতে পারে যে বোরকা না পরলেই সে বেশি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে।

এমনকি বোরকা ময়লা হয়ে গেলেও অভিভাবকদের স্বাভাবিক আচরণ করা উচিত। প্রয়োজন হলে সেটি ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাবে। কিন্তু এমন কোনো আচরণ করা উচিত নয়, যা শিশুর মনে বোরকার প্রতি বিরক্তি বা অনীহা তৈরি করে।

৬. বোরকা পরার কারণে শিশুর ওপর অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে না দেওয়া:  অনেক সময় শিশুরা বোরকা পরলে অভিভাবকেরা তাদের কাছ থেকে অতিরিক্ত শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন।

যেমন—‘এখন তো বোরকা পরেছ, তাই দৌড়াদৌড়ি করবে না!’ কিংবা ‘বোরকা পরে এভাবে খেলাধুলা করা যাবে না!’

অর্থাৎ শিশুর স্বাভাবিক আচরণ ও চলাফেরার সঙ্গে বোরকা পরার বিষয়টিকে যুক্ত করে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়।

এ বয়সে শিশুদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা উচিত নয়। বরং তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠা, সমবয়সীদের সঙ্গে মেলামেশা এবং নিজেদের আগ্রহ বিকাশের সুযোগ দিতে হবে। এতে ধীরে ধীরে বোরকার প্রতি তাদের ভালো লাগা ও আগ্রহ তৈরি হতে পারে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha